২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিপিএলে আর বাণিজ্য নয়’

বিপিএল দিয়ে ব্যবসা করার ভাবনা থেকে সরে এসেছে বিসিবি। মূলত দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবেই প্রতিষ্ঠিত করা হবে এটিকে, জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 07:21 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার সকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার ব্যবসা প্রতিষ্ঠান একমিতে সভায় বসেছিল গভর্নিং কাউন্সিল। সভা শেষে বিপিএল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন টুর্নামেন্টটি নিয়ে বিসিবির লক্ষ্য।

“আগের দুটি বিপিএলে আমাদের মূল্য লক্ষ্য ছিল ব্যবসা, কত টাকা আয় করছি। এখন সেই ধারায় আমরা নেই। বিসিবির ক্যালেন্ডারে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট থাকতে হবে। আমরা বিপিএলকে সেটাই বিবেচনা করছি, বাণিজ্য না। অবশ্যই এটা আমাদের আয় বাড়ানোর একটা টুর্নামেন্ট, তবে বিসিবি এটাকে পুরোপুরি বাণিজ্যিকভাবে দেখছে না।”

নতুন ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকেও এই বার্তা দিয়ে দেওয়া হযেছে, জানালেন বিপিএল সদস্য সচিব।

“এবার ফ্র্যাঞ্চাইজি মালিকদের মাথায় রাখতে হবে, এখানে কোনো ব্যবসা হবে না। প্রিমিয়ার লিগে একটা চ্যাম্পিয়ন দল গড়তে যেমন খরচ হয়, তাদেরও তেমনই খরচ হবে। একটা ফ্র্যাঞ্চাইজির কোনোভাবেই ৭-৮ কোটি টাকার বেশি খরচ হবে না। এখান থেকে তারা কিছু পাবে, এই আশা করলে হবে না।”

দুই বারের তিক্ত অভিজ্ঞতা আর বাংলাদেশের বাস্তবতা অনুধাবন করেই এই সিদ্ধান্ত, জানালেন ইসমাইল হায়দার মল্লিক।

“ধরুণ, একটা ফ্র্যাঞ্চাইজি কাগজে-কলমে খরচ করল ২০ কোটি, সেভাবেই ক্রিকেটার নিল দলে, কিন্তু পরে টাকা দিল না, তাহলে তো লাভ নেই। আমাদের মাথায় ছিল বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট। বাংলাদেশের বাজার এবং প্রেক্ষাপট চিন্তা করে বাস্তবসম্মত টুর্নামেন্ট উপহার দেওয়াই ছিল আমাদের ভাবনা।”

বিপিএলের আগের ৭ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করে নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ আহবান করেছিল বিসিবি। গত সোমবার ছিল আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। মঙ্গলবারের সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, ১১ টি প্রতিষ্ঠান আবেদন করেছে ৭টি দলের মালিকানা কিনতে। যাচাই-বাছাই শেষে আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ চূড়ান্ত হতে পারে মালিকানা। বিপিএলের তৃতীয় আসর শুরুর সম্ভাব্য তারিখ ২২ কিংবা ২৫ নভেম্বর।

পুরনো খবর:

ক্রিকেটপ্রেম দেখে বেছে নেওয়া হবে বিপিএলের নতুন মালিক