কোহলি হতাশ, ম্যাথিউস নির্বাক
চারদিনে শেষ হওয়া গল টেস্টের বেশিরভাগ সময় শ্রীলঙ্কার ওপর ছড়ি ঘোরানোর পরও হেরে যাওয়ায় ভীষণ হতাশ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে হারতে হারতে জয় পাওয়ায় খুশিতে যেন নির্বাকই হয়ে গেছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
তৃতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত গল টেস্টের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতেই। শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ১৮৩ রানে অল আউট করে দেয় সফরকারীরা। এর জবাবে ভারত অল আউট হয় ৩৭৫ রানে।
১৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা তৃতীয় দিনের প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়ে ফেলে। কিন্তু দিনেশ চান্দিমালের অপরাজিত ১৬২ রানের সুবাদে শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে ৩৬৭ রান তোলে স্বাগতিকরা।
জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটসম্যানরা। ১১২ রানে অল আউট হয়ে ৬৩ রানে হারে তারা।
ম্যাচ শেষে ভারতের কোহলি কোনো রাখঢাক না রেখেই এই হারের দায় ব্যাটসম্যানদের দিলেন।
“এটা আমাদের ভয়হীন ক্রিকেট খেলতে না পারা এবং মাঠে গিয়ে ইতিবাচক না হওয়ার ফল। আজ ব্যাটিংই আমাদের ডুবিয়েছে। কোনো অজুহাত নেই।”
দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর জয় তো বটেই, ড্র করার বিষয়টিই মনে হয় চিন্তা করতে পারেনি শ্রীলঙ্কা। সেই টেস্টই জিতে যাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশের ভাষা হারিয়ে ফেলতেই পারেন ম্যাথিউস।
“কী অসাধারণ ঘুরে দাঁড়ানো এটা! আমি তো বাক্যহীন হয়ে গেছি।”
১৬৯ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলা চান্দিমালকেই ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছে। তবে ম্যাথিউস শ্রীলঙ্কার জয়ের কৃতিত্ব চান্দিমালের সঙ্গে ৪৮ রানে ৭ উইকেট নেওয়া হেরাথকেও দিলেন।
“চান্দিমাল অসাধারণ ছিল এবং সে একা আমাদের লড়াই করার মতো স্কোর এনে দিয়েছে। …রঙ্গনা অবশ্যই একজন মানসম্পন্ন বোলার এবং তার এভাবে ভালো বল করায় আমরা বিস্মিত হইনি।”
