২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেরাথের ঘূর্ণিতে ভারতকে হারাল শ্রীলঙ্কা

রঙ্গনা হেরাথের দুর্দান্ত বোলিংয়ে গল টেস্টে ভারতকে হারিয়েছে স্বাগতিকরা। ১৭৫ রানের ছোট্ট পুঁজি নিয়েও দাপুটে বোলিংয়ে দলকে ৬৩ রানের জয় এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার হেরাথ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 02:51 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

শনিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিনে ১ উইকেটে ২৩ রান নিয়ে খেলা শুরু করে ভারত। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আর ১৫৩ রান। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১২ রানেই অলআউট হয়ে যায় অতিথিরা।

হেরাথ আর থারিন্দু কৌশলের চমৎকার বোলিং আর স্বাগতিকদের অসাধারণ ফিল্ডিংয়ে ছোট লক্ষ্যই অসম্ভবে পরিণত হয়। দুইশ’ রানের কম তাড়া করতে গিয়েও ম্যাচ হেরেছে ভারত এর আগে মাত্র একবারই। ১৯৯৭ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে বার্বাডোজে শেষ ইনিংসে লক্ষ্য ছিল ১২০। অ্যামব্রোস-বিশপ-রোজদের তোপে টেন্ডুলকার-আজহার-সৌরভ-দ্রাবিড়দের ভারত গুটিয়ে গিয়েছিল ৮১ রানেই।

শ্রীলঙ্কার এই জয়ে অক্ষত রইল গলের একটি গৌরবও। এই মাঠে চতুর্থ ইনিংসে একশর বেশি রান তাড়া করে কখনোই জিততে পারেনি কোনো দল! আগের ১২ বারের মধ্যে ৯ বারই হেরেছিল রান তাড়া করা দল। বাকি তিনবার হয়েছিল ড্র।

শনিবার দিনের শুরুতে নাইটওয়াচম্যান ইশান্ত শর্মাকে হারায় ভারত। দ্রুত বিদায় নেন দুই ব্যাটসম্যান রোহিত শর্মা (৪) ও অধিনায়ক বিরাট কোহলি (৩)।

হেরাথের বলে বোল্ড হন রোহিত। থারিন্দুর বলে কৌশল সিলভার ক্যাচে পরিণত হন প্রথম ইনিংসে শতক করা কোহলি। ৪৫ রানে চার উইকেট হারানো ভারত তাকিয়ে ছিল উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও মিডলঅর্ডার ব্যাটসম্যান অজিঙ্কা রাহানের দিকে।

প্রথম ইনিংসে শতক করা ধাওয়ান দ্বিতীয় ইনিংসে ফেরেন থিতু হয়ে। থারিন্দুকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ২৮ রান। শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার দ্রুত বিদায় ভারতের বিপদ আরও বাড়ায়।

রাহানেকে সঙ্গ দেওয়ার সামর্থ্য ছিল দুই অফ স্পিনার হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিনের। টেস্টে দুটি করে শতক রয়েছে তাদের। কিন্তু দলকে হতাশ করে দ্রুত বিদায় নেন দুজনই।

হেরাথ-থারিন্দুর ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে দিনের প্রথম সেশনে ৫৫ রান যোগ করতেই ৬ উইকেট হারায় ভারত। এই এক সেশনেই জয়টাকে কেবল সময়ের ব্যাপারে পরিণত করে ফেলে শ্রীলঙ্কা।

হরভজনকে ফিরিয়ে ক্যারিয়ারে ২২তম বারের মতো পাঁচ উইকেট নেন হেরাথ। প্রথম ইনিংসে ৩৩ ওভার বল করে কোনো উইকেট না পাওয়া এই বাঁহাতি স্পিনারই দ্বিতীয় ইনিংসে দলের সেরা বোলার। চতুর্থ দিন ১৮ ওভারের টানা স্পেলে ৩৫ রান দিয়ে নেন ৬ উইকেট।

দ্বিতীয় সেশনে ভারতের শেষ ভরসা রাহানেকে (৩৬) ফিরিয়ে দলকে জয়ের পথে আরেক ধাপ এগিয়ে নেন হেরাথ। সব মিলিয়ে ৪৮ রানে ৭ উইকেট টেস্টে এক ইনিংসে তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং।

এই কীর্তি গড়ার পথে ভারতের বিষেন সিং বেদিকে (২৬৬) পেছনে ফেলেন হেরাথ (২৭০)। বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্টে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড (২৯৭) ও নিউ জিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরির (৩৬২)।

ভারতকে অল-আউট করায় অবদান কম নয় থারিন্দুর। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া এই অফ স্পিনার দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে নেন ৩ উইকেট। অমিত মিশ্রকে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনিই।

প্রথম ইনিংসে ১৮৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৩৭৫ রান করে বড় লিড নেয় ভারত। ম্যাচ সেরা দিনেশ চান্দিমালের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রান করে লড়াইয়ের পুঁজি গড়ে স্বাগতিকরা, যা শেষ পর্যন্ত যথেষ্ট বলেই প্রমাণিত হয়।

গল টেস্ট জেতার পর সাঙ্গাকারাকে কাধে তুলে নেন তার তরুণ সতীর্থরা। আগামী বৃহস্পতিবার কলম্বোয় দ্বিতীয় টেস্টে শেষবারের মতো মাঠে নামবেন শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার।