চান্দিমালের শতকেও স্বস্তিতে নেই শ্রীলঙ্কা
দিনেশ চান্দিমালের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ের পরও গল টেস্টে স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের চমৎকার বোলিংয়ে প্রথম টেস্টে খুব ভালো অবস্থানে রয়েছে ভারত।
জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। পঞ্চম ওভারে লোকেশ রাহুলের (৫) উইকেট হারায় অতিথিরা। প্রথম ইনিংসে শতক করা শিখর ধাওয়ান ১৩ ও নাইটওয়াচম্যান ইশান্ত শর্মা ৫ রানে ব্যাট করছেন।
এর আগে দ্বিতীয় ইনিংসে দলকে টেনে তোলার পথে চতুর্থ শতক পান শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান চান্দিমাল। তার আগের তিনটি টেস্ট শতকই ছিল বাংলাদেশের বিপক্ষে।
শুক্রবার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই উইকেটে পাঁচ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের প্রথম বলেই নাইটওয়াচম্যান ধাম্মিকা প্রসাদের উইকেট হারায় তারা।
অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে ৮৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নামা কুমার সাঙ্গাকারা।
অশ্বিনের একটি লাফিয়ে ওঠা বলে সাঙ্গাকারা অজিঙ্কা রাহানের ক্যাচে পরিণত হলে ভাঙে ২৪.৪ ওভার স্থায়ী জুটি।
গলে টেস্ট ক্যারিয়ার শুরু করা সাঙ্গাকারা এই মাঠে নিজের শেষ টেস্ট ইনিংসে ৪০ রান করেন। পরের ওভারে ম্যাথিউসকে (৩৯) ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের ওপর চাপ আরও বাড়ান লেগ স্পিনার অমিত মিশ্র।
৪৪ রান করা থিরিমান্নেকে রাহানের ক্যাচে পরিণত করে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙেন অশ্বিন। তবে জিহান মুবারকের সঙ্গে ৮২ রানের আরেকটি ভালো জুটিতে দলকে এগিয়ে নিতে থাকেন চান্দিমাল।
হরভজন সিংয়ের বলে রাহানেকে ক্যাচ দিয়ে ৪৯ রান করে ফেরেন বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান মুবারক।
১ রান করে ফিরে যান নয় নম্বর ব্যাটসম্যান রঙ্গনা হেরাথ। অমিতের বলে স্লিপে তার ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়েন রাহানে। ম্যাচে আটটি ক্যাচ ধরে ভাঙেন গ্রেগ চ্যাপেল-ম্যাথু হেইডেনদের এক ম্যাচে ৭ ক্যাচ তালুবন্দি করার রেকর্ড। ইনিংসে পাঁচটি ক্যাচ ধরে আরেকটি বিশ্ব রেকর্ড স্পর্শ করেন তিনি।
নবম উইকেটে থারিন্দু কৌশলের সঙ্গে ৪১ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার সংগ্রহ সাড়ে তিনশ’ পার করেন চান্দিমাল। দ্বিতীয় নতুন বলে থারিন্দুকে ঋদ্ধিমান সাহার ক্যাচে পরিণত করে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙেন ইশান্ত শর্মা।
এরপর বেশি দূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস। একাদশ ব্যাটসম্যান নুয়ান প্রদিপকে বোল্ড করে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস ৩৬৭ রানে গুটিয়ে দেন টেস্টে তৃতীয়বারের মতো ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখানো অশ্বিন। প্রথম ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেওয়া এই অফ স্পিনার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন ১১৪ রানে।
লেগ স্পিনার অমিত ৩ উইকেট নেন ৬১ রানে।
ক্যারিয়ার সেরা ১৬২ রানে অপরাজিত থাকেন চান্দিমাল। তার ১৬৯ বলের ইনিংসটি ১৯টি চার ও চারটি ছক্কা সমৃদ্ধ। এই ডানহাতি ব্যাটসম্যানের আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ১১৬ রান।
এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৮৩ ও ভারত ৩৭৫ রান করে।
