অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে বড় পরিবর্তন
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ব্যাপক রদবদল হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষণা করা ১৫ জনের দলে সাতজনই নতুন! এই নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে সবশেষ বিশ্বকাপ জেতা দলের সাতজনের।
অ্যাশেজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ জন্য বুধবার ১৫ জনের দল ঘোষণা করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।
অ্যাশটন অ্যাগার, জো বার্নস, নাথান কোল্টার-নাইল, জেমস প্যাটিনসন, মার্কাস স্টইনিস ও ম্যাথু ওয়েড-এই ছয় জনের সঙ্গে থাকা ক্যামেরন বয়েস শুধু টি-টোয়েন্টি খেলবেন। বাদ পড়েছেন জেভিয়ার ডোহার্টি, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হাডিন। বিশ্রাম দেওয়া হয়েছে জস হেইজেলউড ও মিচেল জনসনকে।
মাইকেল ক্লার্কও দলে নেই। অস্ট্রেলিয়াকে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ এনে দেওয়ার পরই পঞ্চাশ ওভারের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন তিনি। চলতি ইংল্যান্ড সফর শেষে টেস্ট ক্রিকেটের পাটও চুকানোর ঘোষণাও দিয়েছেন ক্লার্ক।
২৭ অগাস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হওয়া এই সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।
অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, জর্জ বেইলি, জো বার্নস, নাথান কোল্টার-নিলে, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন বয়েস (শুধুমাত্র টি-টোয়েন্টির জন্য)।
