আক্ষেপ বয়ে বেড়াবেন না সাঙ্গাকারা
বুধবার থেকে কুমার সাঙ্গাকারার শেষের শুরু; ভারতের বিপক্ষে সিরিজে দুটি টেস্ট খেলেই বিদায় জানাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সিরিজ শুরুর আগের দিন গলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লঙ্কান গ্রেট। দীর্ঘ সেই সংবাদ সম্মেলনের উল্লেখযোগ্য অংশ তুলে দেওয়া হলো এখানে।
পুরো সিরিজ না খেলে শুধু ২ টেস্ট খেলে বিদায় নেওয়ার কারণ?
কুমার সাঙ্গাকারা: আগের নির্বাচক কমিটির সঙ্গে আমার কথা ছিল এরকমই। আমি চেয়েছিলাম, গত বিশ্বকাপ শেষেই বিদায় নিতে। কিন্তু তারা চেয়েছিল, আমি যেন আরও কিছুদিন টেস্ট ক্রিকেট খেলে যাই। তখন আমি তাদের বলেছিলাম, আমার পক্ষে আর দুই ভাগে দুটি করে টেস্ট খেলাই সম্ভব (পাকিস্তানের বিপক্ষে ছিল দুটি, এখন ভারত সিরিজে দুটি)। আমার অন্য জায়গায় বাধ্যবাধকতা আছে (সারের হয়ে কাউন্টি ক্রিকেটে)। আমি তাদের বলেছিলাম, এটা সম্ভব হলে চালিয়ে যেতে পারি, নইলে কোনো সমস্যা নেই। বিশ্বকাপ শেষেই অবসর নেব। তারা রাজি হয়েছিলেন। এজন্যই দুই সিরিজে দুটি করে টেস্ট।
অর্জন আর প্রাপ্তিতে টইটম্বুর ক্যারিয়ার আপনার, তার পরও কোনো অপূর্ণতা-অপ্রাপ্তি?
সাঙ্গাকারা: একটা ওয়ানডে বিশ্বকাপ জিততে পারলে দারুণ হতো। দুবার ফাইনাল খেলেও পারিনি (২০০৭ ও ২০১১)। দেশের বাইরে আরও কিছু টেস্ট জিততে পারলে ভালো লাগত; বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে। ইংল্যান্ডকে তাদের মাটিতে হারানোর স্বপ্নটা অবশ্য পূরণ হয়েছে গত বছর। আমার ক্যারিয়ারের সেরা সিরিজ সেটি। ভারতের মটিতেও একটি টেস্ট সিরিজ জিতে যেতে পারলে ভালো লাগত। আরও অনেক কিছুই আছে, পেলে ভালো হতো। কিন্তু খেলাটাই এমন, সব পাওয়া সম্ভব হয় না। আক্ষেপ আছে, তবে তার মানে এই নয় যে বছরে পর বছর সেই আক্ষেপের কথা ভেবে মন তিক্ত হবে। দারুণ এক ক্যারিয়ার ছিল আমার। জয়-হার সব উপভোগ করেছি। ভালো সময়, খারাপ সময়; সবই ছিল দারুণ অভিজ্ঞতা।
লোকে আপনাকে কিভাবে মনে রাখবে বলে চাইবেন?
সাঙ্গাকারা: কিভাবে মনে রাখবে…আসলে একেকজন তো একেকভাবে মনে রাখে। খেলার সময় একরকম মনে হয়। অবসরের পর আবার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। আমি চাই, আমি যেমন ছিলাম, লোকে আমাকে সেভাবেই মনে রাখুক। যেভাবে আমি খেলেছি, ড্রেসিংরুমে সবার সঙ্গে মিশেছি, একসঙ্গে কাটানো সময়, জয়-হার সবকিছু দিয়ে মনে রাখুক।
আপনার কাছে ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত?
ব্যক্তিগতভাবে বললে, যত জয় পেয়েছি ক্যারিয়ারে, বিশেষ করে দেশের বাইরে, সব স্মরণীয়। অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানো (২০১০ সালে), গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল স্মরণীয়। সনাৎ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা, চামিন্দা ভাস, মারভান আতাপাত্তুর মতো ক্রিকেটাররা বিদায় নেওয়ার পর নতুন একটা দলের গড়ে ওঠার অংশ হতে পারা এবং লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গাদের মতো ক্রিকেটারদের গড়ে তুলতে পারা ছিল দারুণ। আরেকজন আছে, যার কথা খুব বেশি বলা হয় না, কিন্তু অসাধারণ ক্রিকেটার, রঙ্গনা হেরাথ। এই ক্রিকেটারদের গড়ে ওঠার অংশ হতে পারা বড় তৃপ্তির।
নিজের খেলা প্রিয় ইনিংস?
সাঙ্গাকারা: নিজের সব ইনিংসই আমার প্রিয়; সবগুলো সেঞ্চুরি। লোকে প্রায়ই আমাকে আমার পরিসংখ্যান নিয়ে জিজ্ঞেস করে। আমি সবসময় বলি, কেবল টেস্ট সেঞ্চুরির সংখ্যাটাই আমি মনে রাখি। যত ফরম্যাটই খেলি, দিনশেষে টেস্টের সামর্থ্য দিয়েই ছাপ রাখতে হয়।
এই মুহূর্তে মনে পড়ছে, প্রথমবার যখন দক্ষিণ আফ্রিকা গেলাম (২০০১ সালে), শেষ টেস্টে ৯৮ করেছিলাম। দ্বিতীয় ইনিংসে ওপেন করতে হয়েছিল, আমি শেষ পর্যন্ত ব্যাট করেছিলাম। সেই প্রথম আমার মনে হয়েছিল যে টেস্ট খেলার সামর্থ্য তাহলে আমার আছে! ওটা ছিল স্পেশাল। প্রথম টেস্ট শতকও ছিল খুবই স্পেশাল; ভারতের বিপক্ষে শেষ ব্যাটসম্যান মুরালিধরনকে নিয়ে সেঞ্চুরিটি ছুঁয়েছিলাম। লর্ডসে সেঞ্চুরি, হোবার্টে সেঞ্চুরিও ছিল দারুণ।
বিদায়ী সিরিজ খেলছেন, ব্যাপারটি কি এখনও হজম করতে পেরেছেন?
সাঙ্গাকারা: পাকিস্তানের বিপক্ষে আমাদের দল যখন ওয়ানডে, টি-টোয়েন্টি খেলছিল, আমি তখন ইংল্যান্ডে। নিজেকে ‘সাবেক’ বলেই মনে হচ্ছিল! মনে হচ্ছিল, আমি দলের অংশ, আবার অংশ নই! অনেক সময়ই হতাশা পেয়ে বসতে পারে, তবে মানিয়ে নিতেই হবে। তবে এখন তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পরও অনেক জায়গায় ক্রিকেট খেলা যায়, এটা দারুণ ব্যাপার।
ক্যারিয়ারের শুরুর তুলনায় পরে আপনার ব্যাটিং অনেক দৃষ্টিনন্দনও হয়েছে…
লোকে সবসময়ই বলে, বাঁহাতি ব্যাটসম্যানদের দেখতে এমনিতেই ভালো লাগে। আমি লারাকে ব্যাট করতে দেখেছি। থিরিমান্নে-থারাঙ্গাকে দেখি। আর নিজেকে দেখি। কোনোভাবেই আমি স্টাইলিশ নই! বেশিরভাগ সময়ই আমার ব্যাটিং দেখতে ভালো লাগে না। তবে যে পরিমাণ রান করেছি, যতটা কার্যকরী হয়েছি, তাতে আমি খুশি। সবাই চায় শচীন টেন্ডুলকারের মতো ব্যাক ফুট পুশ খেলতে। লারা যত শট খেলেছে, সব খেলতে চেয়েছি আমি। কিন্তু পারা যায় না। আমি নিজের সীমবদ্ধতা জেনে সেভাবেই খেলেছি।
লোকে আপনাকে মানুষ হিসেবেও খুব ভালো মনে করে…
সাঙ্গাকারা: লোকে ক্রিকেটারদের নিয়ে অনেক সময়ই নিজেদের মতো ভেবে নেয়। মাঠে দেখেই একটা ধারণা করে বসে থাকে। মাঠের বাইরে, পরিবার-বন্ধুদের সঙ্গে আমরা কেমন, এসব দেখার সুযোগ তো তাদের হয় না। আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, পরিবার, আমার বন্ধুরা, যাদের সঙ্গে ২৬ বছর ধরে সম্পর্ক, তারা জানে ও বোঝে আমি কেমন। জানি না ক্রিকেট ছাড়ার পর কি করব। আর বছর দুয়েক হয়ত টুকটাক খেলব ক্রিকেট, এরপর কিছু একটা খুজেঁ নিতে হবে!
তরুণ প্রজম্মের ব্যাটসম্যানদের মধ্যে কার ব্যাটিং ভালো লাগে?
সাঙ্গাকারা: শ্রীলঙ্কা দলে, অ্যাঞ্জেলো ম্যাথিউস দীর্ঘদিনের মধ্যে আমার সেরা তরুণ ব্যাটসম্যান। এখনই দুর্দান্ত সে, আরও ভালো হবে। খিরিমান্নে খুব ভালো টেস্ট ক্রিকেটার হতে পারে। কুশল পেরেরা, টেস্টে কেমন করে দেখাটা কৌতূহলোদ্দীপক হবে। বিধ্বংসী ও ম্যাচ উইনার ব্যাটসম্যান হতে পারে সে।
দেশের বাইরে ভারতের বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের ব্যাটিং দেখতে আমার ভালো লাগে। দক্ষিণ আফ্রিকায় আছে এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা। এখন অস্ট্রেলিয়ার আছে স্টিভেন স্মিথ; আরও অনেক অনেক দিন এভাবে ব্যাট করে যাবে সে। ইংল্যান্ডে জো রুট। দারুণ সব তরুণ ক্রিকেটার আছে। এখন যেসব রেকর্ডের কথা আমরা বলি, ওরা নিকট ভবিষ্যতে সেসব ভেঙে দেবে।
