২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিপিং ছেড়ে দেওয়া ছিল সেরা ঘটনা: সাঙ্গাকারা

মাত্র দুটি টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন সাঙ্গাকারা। বিদায় বেলায় লঙ্কান গ্রেট তার ক্যারিয়ারের দিকে ফিরে তাকিয়ে জানিয়েছেন, কিপিং ছেড়ে দেওয়া ছিল এর মধ্যে সেরা ঘটনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 08:53 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের। গত ২৭ জুন সাঙ্গাকারা ঘোষণা দিয়ে রেখেছেন, এই সিরিজের দ্বিতীয় টেস্ট শেষেই বিদায় জানাবেন ক্রিকেটকে।

বিদায়ের আবহের মধ্যেই মঙ্গলবার গলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাঙ্গাকারা। নানা প্রসঙ্গে তিনি ফিরে গেলেন তার গৌরবময় ক্যারিয়ারের নানা অলিগলিতে। জানালেন, কিপিং থেকে মুক্ত হয়েছিলেন বলেই নামের পাশে এখন এত এত রান ও সেঞ্চুরি।

“আমাকে যখন কিপিং ছাড়তে বলা হয়েছিল, আমার একটুও ভালো লাগেনি। কিন্তু নির্বাচক কমিটি আমাকে এসে বললো, ‘আমরা চাই তোমার ব্যাটিং আরও ভালো হোক, তুমি আরও বেশি রান করো। এজন্যই তোমাকে কিপিং ছাড়তে বলছি। এতে তোমার ও দলের ভালো হবে।’ তখন আমার মনে হয়েছিল, ‘এটা মোটেও ঠিক না, আমি দুটোই একসঙ্গে করতে পারি।’ এখন পেছন ফিরে তাকিয়ে যখন দেখি, ওটা ছিল আমার ক্যারিয়ারের সেরা ঘটনা।”

উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবেই ২০০০ সালে টেস্ট অভিষেক সাঙ্গাকারার। দ্বৈত ভূমিকায় খারাপও করছিলেন না। কিন্তু নির্বাচকেরা ব্যাট হাতে আরও উজ্জ্বল সম্ভাবনার ছবি দেখেছিলেন সাঙ্গাকারার মাঝে। ২০০৬ সালে অশান্ত ডি মেলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তাই সাঙ্গাকারাকে কিপিং ছাড়তে বাধ্য করেছিল। ব্যাটিং অর্ডারেও নিয়মিতভাবে তাকে ৩ নম্বরে তুলে এনেছিল তারা।

সেই পালাবদল সাঙ্গাকারার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ২০০৬ সালের ইংল্যান্ড সফরের পর কিপিং ছাড়ার ওই সিদ্ধান্ত। ততদিনে ৬০ টেস্ট খেলা হয়ে গেছে সাঙ্গাকারার, করেছেন ৯ সেঞ্চুরি, ব্যাটিং গড় ছিল ৪৬.৯০। আর কিপার ব্যাটসম্যান হিসেবে খেলা ৪৭ টেস্টে ব্যাটিং গড় ছিল ৪১.২৪; আর কিপিং গ্লাভস না পরে খেলা ১৩ টেস্টে গড় ছিল ৬৮.১৫। নির্বাচকেরা নিজেদের করণীয় বুঝে ফেলেছিলেন।

৪৭ ছুঁইছুঁই গড়ও যথেষ্ট ভালো। কিন্ত নির্বাচকেরা তার মাঝে দেখেছিলেন গ্রেট হয়ে ওঠার ছবি। অনেকটা জোর করেই তাই কেড়ে নিয়েছিলেন সাঙ্গাকারার কিপিং গ্লাভস। পাকাপাকিভাবে কিপিং ছাড়ার পর প্রথম টেস্টেই সাঙ্গাকারা খেললেন ২৮৭ রানের ইনিংস, মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ৬২৪ রানের বিশ্ব রেকর্ড জুটি। ব্যস, আর পেছন ফিরে তাকাতে হয়নি।

পরে আর একটি মাত্র টেস্টেই কিপিং করেছিলেন সাঙ্গাকারা। নিয়মিত কিপারের চোটে ২০০৮ সালে কিপিং করেছিলেন ওয়েস্ট ইন্ডিজে। কিপার হিসেবে ৪৮ টেস্টে তার ব্যাটিং গড় ৪০.৪৮, কিপিং ভার না থাকা ৮৪ টেস্টে সেঞ্চুরি ৩১টি, ব্যাটিং গড় ৬৮.০৫!

সাঙ্গাকারা তাই নির্বাচকেরা চাপিয়ে দেওয়া ওই সিদ্ধান্তের মর্মটা বুঝতে পারছেন খুব ভালোভাবে।

“এটা দুর্দান্ত ছিল যে তারা আমাকে সিদ্ধান্ত নিতে না দিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ আমি যত রান করেছি, যত সেঞ্চুরি করেছি, সেটার পেছনে বড় প্রভাব ছিল কিপিং ছাড়ার সেই সিদ্ধান্তের।”