২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ানের মন্ত্রে অস্ট্রেলিয়া বধ

মাত্র ২ দিন ৪১ মিনিটে ট্রেন্ট ব্রিজ টেস্ট জিতে যখন বাধনহারা উল্লাসে মেতেছেন কুক-বেল-ব্রডরা, সেই উৎসবে সামিল এক অস্ট্রেলিয়ানও। ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের নেপথ্য এই নায়ক ক’দিন আগে কোচের দায়িত্ব নেওয়া ট্রেভর বেলিস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 10:33 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে বেলিসই প্রথম অস্ট্রেলিয়ান কোচ। আর তার কোচিংয়েই চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে অ্যাশেজ ফিরিয়ে আনল ইংল্যান্ড। তবে নিজ দেশকে হারানোর ছক কেটেছেন বলে মনে কোনো টানাপোড়েন নেই পেশাদার বেলিসের।

গত অ্যাশেজে ৫-০ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। এবার অ্যাশেজের আগেও ফর্ম তেমন আশা জাগানিয়া ছিল না। অ্যাশেজের আগে দেশের মাটিতেই নিউ জিল্যান্ডের সঙ্গে সিরিজ জিততে পারেনি অ্যালিস্টার কুকের দল। এর আগে সিরিজ ড্র করেছে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। অ্যাশেজেও তাই ফেভারিট ছিল অস্ট্রেলিয়া। অথচ ক্রিকেট বিশ্বকে অবাক করে এক ম্যাচ আগেই অ্যাশেজ জিতে নিল ইংল্যান্ড। সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিব্রতকর সব স্বাদ উপহার দিয়ে। তৃতীয় টেস্ট ৩ দিনের আগেই জিতেছিল ইংল্যান্ড। সিরিজ জয় নিশ্চিত করা চতুর্থ জয়টি তো এল বলতে গেলে ২ দিনেই। ইংলিশদের এই অভাবনীয় পালাবদলের বড় একটা কৃতিত্ব অনেকে দিচ্ছেন বেলিসকে।

টানা ব্যর্থতার দায়ে আগের কোচ পিটার মুরসকে সরিয়ে দেওয়ার পর গত ২৬ মে ইংল্যান্ডের কোচ হিসেবে ঘোষণা করা হয় বেলিসের নাম। তবে দায়িত্ব নিতে নিতে পারও হয়ে যায় এক মাস। ২৫ জুন যখন নতুন দায়িত্ব নিয়ে লন্ডনে পা রাখলেন, অ্যাশেজ শুরু হতে তখন বাকি নেই ২ সপ্তাহও। এই সময়টুকুতেই জাদু দেখিয়েছেন বেলিস।

মূল কৃতিত্ব অবশ্যই ক্রিকেটারদের। এত দ্রুত একটা দলের খোলনলচে পাল্টে দিতে পারেন না কোনো কোচই। তবে খুনে মানসিকতা আর আক্রমণাত্মক ক্রিকেটের যে মন্ত্র দিয়ে অ্যাশেজ জয় করেছে ইংল্যান্ড, সেটি তো ইংলিশ ক্রিকেটারদের মনে গেঁথে দিয়েছেন এই বেলিসই!

দায়িত্ব নেওয়ার পরপরই বেলিস ঘোষণা করেছিলেন, তার কোচিংয়ে ইংল্যান্ড খেলবে আক্রমণাত্মক ক্রিকেট। বলেছিলেন, ‘আগুনের জবাব দেব আগুন দিয়েই।’ আক্রমণাত্মক ক্রিকেটের সঙ্গে ইংলিশ ক্রিকেটের সখ্য গত ২ দশকে দেখা যায়নি সেভাবে। কিন্তু বেলিসের ইংল্যান্ড সবাইকে চমকে দিয়েছে আগ্রাসী ও ভয়ডরহীন ক্রিকেট খেলে। ইংলিশ ক্রিকেটের অচেনা ধরনে ভড়কে গেছে এমনকি আক্রমণাত্মক ক্রিকেটের পুরোধা অস্ট্রেলিয়াও।

তবে নিজ দেশকে হারানোর ছক কেটেছেন বলে মনে বিন্দুমাত্র আক্ষেপ বা আবেগের লেশ মাত্র নেই বেলিসের। অ্যাশেজ জয়ের পর স্কাই স্পোর্টসকে বলেছেন, অস্ট্রেলিয়ানদের পেশাদার চরিত্রই ধারণ করেন তিনি।

“অনুভূতি মোটেও মিশ্র নয়। পেশাদার কোচদের আবেগ থাকলে চলে না। অবশ্যই আমি জানি অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে সবাই কতটা কষ্ট পাচ্ছে পরাজয়ে। অস্ট্রেলিয়ানরা হারতে ঘৃণা করে। কিন্তু সত্যি বলতে, ট্রেস্ট ব্রিজে যখন শেষ উইকেট পড়ল, ছেলেরা যখন ল্যাপ অব অনার দিচ্ছিল, আমার ঘাড়ের পেছনের চুল দাঁড়িয়ে যাচ্ছিল।”

অ্যাশেজের আগে নিবিড় অনুশীলন করতে ক’দিনের জন্য স্পেনে গিয়েছিল ইংল্যান্ড দল। সেখানে বসেই ইংলিশদের অস্ট্রেলিয়া বধের কৌশল বাতলে দিয়েছেন বেলিস।

“স্পেনে আমরা এক সঙ্গে বসেছিলাম, কথা বলেছি। অস্ট্রেলিয়ান ক্রিকেট ও ক্রিকেটারদের সম্পর্কে ধারণা দিয়েছি ছেলেদের, জানিয়েছি আমার ভাবনা।”

১৯৬২ সালে নিউ সাউথ ওয়েলসের গোলবার্নে জন্ম বেলিসের। খেলোয়াড়ি জীবনে ছিলেন ব্যাটসম্যান, ভালবাসতেন আক্রমণাত্মক ব্যাটিং করতে। ফিল্ডিংয়েও ছিলে দুর্দান্ত। ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন নিউ সাউথ ওয়েলসের হয়ে। রেকর্ড যদিও ততটা সমৃদ্ধ নয়; তবে দারুণ সমৃদ্ধ তার কোচিং ক্যারিয়ার।

২০০৪-০৫ মৌসুমে নিউ সাউথ ওয়েলসের কোচের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দলকে জিতিয়েছিলেন শেফিল্ড শিল্ড। পরের মৌসুমে জিতিয়েছিলেন ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট। ২০০৭ সালে দায়িত্ব নেন শ্রীলঙ্কার। তার কোচিংয়ে ২০০৯ ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে শ্রীলঙ্কা। টেস্ট র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরেও উঠেছিল দলটি।

২০১১-১২ মৌসুমে সিডনি সিক্সার্সের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই জেতান বিগ ব্যাশ ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। ২০১২ সালে দায়িত্ব নেন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের। শাহরুখ খানের দলকে বহু কাঙ্খিত আইপিএল শিরোপা এনে দেন বেলিস প্রথম মৌসুমেই। পরে ২০১৪ আইপিএলেও কেকেআর চ্যাম্পিয়ন হয় বেলিসের কোচিংয়ে।

এবার দায়িত্ব নিয়েই ইংল্যান্ডকে এনে দিলেন অ্যাশেজ। চিরশত্রু দেশের একজনের হাত ধরেই শুরু ইংলিশ ক্রিকেটের নবযাত্রার। এক অস্ট্রেলিয়ানের হাত ধরেই ইংলিশ ক্রিকেট এখন স্বপ্ন দেখছে আকাশ ছোঁয়ার!