বাংলাদেশ সফরের আগে বিদেশে ব্যর্থতার কারণ খুঁজছে অস্ট্রেলিয়া
অ্যাশেজে দলের বিপর্যয়ের কারণ পর্যালোচনা করবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। শুধু ইংল্যান্ডে নয়, বাংলাদেশ সফরের আগে দেশের বাইরের সিরিজগুলোতে ধারাবাহিক ব্যর্থতার কারণ খুঁজে বের করতে চায় তারা।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শনিবার সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনই ইনিংস ব্যবধানে হেরে অ্যাশেজ খোয়ায় অস্ট্রেলিয়া।
দেশের মাটিতে খেলা সবশেষ পাঁচটি টেস্ট সিরিজের চারটিই জেতে অস্ট্রেলিয়া। কিন্তু গত দুই বছরে দেশের বাইরে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে গুঁড়িয়ে যায় তারা।
ট্রেন্ট ব্রিজ টেস্ট হারার পর মেলবোর্নে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সান্ডারল্যান্ড জানান, বিষয়টি খতিয়ে দেখবেন তারা।
“প্রত্যেক সিরিজের পরই আমরা বসব ও পর্যালোচনা করব।…দেশের বাইরে খেলাটা সহজ নয়। কিন্তু আমরা উন্নতি করতে পারি। আমরা বিশ্বের সেরা ক্রিকেট দল হতে চাই এবং এটা করতে বিদেশে আরও ভালো করতে হবে আমাদের।”
ট্রেন্ট ব্রিজ টেস্ট হেরে যাওয়ার পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। চলতি অ্যাশেজ সিরিজই তার ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ হবে।
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের শেষ টেস্টটি ওভালে ২০ অগাস্ট শুরু হবে। এই ম্যাচ শেষেই ব্যর্থতার বিশ্লেষণ করতে বসার কথা জানান সান্ডারল্যান্ড।
