কুকের প্রত্যাশাতেও ছিল না এমন জয়
ট্রেন্ট ব্রিজে শুক্রবারের সকালে দুই অধিনায়কের কণ্ঠেই ছিল আবেগের ছোঁয়া। অবসরের ঘোষণা দেওয়া অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের চোখে ছিল জল। আর ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুকের আবেগ ঝরল দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর আনন্দে।
ইংলিশ অধিনায়ক কুকের প্রাপ্তিটা তো আরও বেশি। দেশের ক্রিকেট ইতিহাসের তৃতীয় অধিনায়ক হিসেবে ঘরের মাঠে দুটি অ্যাশেজ জয়ের কীর্তি গড়লেন তিনি।
কুক যে অসাধারণ এই কীর্তি গড়তে যাচ্ছেন, শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষেই তা নিশ্চিত হয়ে যায়। শনিবার সকালে প্রথম ঘণ্টা পার হওয়ার আগেই অস্ট্রেলিয়ার বাকি তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের বাকি কাজটুকুও সেরে ফেলে ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে অ্যাশেজের ট্রফি পুনরুদ্ধার করে স্বাগতিকরা।
দলের এমন দুর্দান্ত রূপ আর দারুণ পারফরম্যান্স কুকের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
“যে জায়গা থেকে গত ১৮ মাসে আমরা যা অর্জন করেছি, তাতে আমি আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদের নিয়ে ভীষণ গর্বিত। আমরা এমন কিছু করেছি, যা গ্রীষ্মের শুরুতে সম্ভব বলে আমি ভাবতে পারিনি।”
গত বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের অ্যাশেজ ৫-০ ব্যবধানে হেরে যাওয়ায় প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন কুক। অনেকে তার নেতৃত্ব কেড়ে নেওয়ার কথাও বলেন। ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে এমন দাপটের সঙ্গে অ্যাশেজ জিততে পারায় কুকের আনন্দের মাত্রাটা তাই বেশি।
এজবাস্টনে হওয়া তৃতীয় টেস্টেও দুর্দান্ত খেলেছিল কুকের দল। আড়াই দিনেই ম্যাচটি জিতে যায় স্বাগতিকরা।
