২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ৫ নতুন মুখ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাঁচ নতুন মুখকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 05:26 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

দলে সুযোগ পাওয়া পাঁচ জনের মধ্যে সেহান জয়াসুরিয়া ও ধনঞ্জয়া ডি সিলভা ব্যাটসম্যান। দাসুন শানাকা অলরাউন্ডার; বিনুরা ফের্নান্দো ফাস্ট বোলার ও জেফ্রি ভ্যান্ডারসে লেগস্পিনার।  
 
বৃহস্পতিবার ঘোষণা করা ১৫ সদস্যের দলে নেই দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা না পাওয়া নুয়ান কুলাসেকারাকে টি-টোয়েন্টি সিরিজে রেখেছেন শ্রীলঙ্কার নির্বাচকরা। 
 
২০১২ সালে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চামারা কাপুগেদারাকেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। 
 
সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। প্রথম টি-টোয়েন্টি হবে ৩০ জুলাই কলম্বোতে। ১ অগাস্ট একই মাঠে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। 
 
এর আগে আগামী রোববার ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে দুই দল। এক ম্যাচ হাতে রেখে এরই মধ্যে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে তিন টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জেতে তারা।  
 
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কা দল: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুশল পেরেরা, কিথুরুয়ান ভিথানাগে, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, চামারা কাপুগেদারা, সেহান জয়াসুরিয়া, থিসারা পেরেরা, জেফ্রি ভ্যান্ডারসে, নুয়ান কুলাসেকারা, বিনুরা ফের্নান্দো, চতুরঙ্গ ডি সিলভা, মিলিন্ডা সিরিবর্ধনে।