ভারতের টেস্ট দলে ফিরলেন মিশ্র
ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন অমিত মিশ্র। শ্রীলঙ্কার বিপক্ষে আগামী অগাস্ট মাসের সিরিজের জন্য এই লেগস্পিনারকে দলে রেখেছে ভারতের নির্বাচকরা।
৩২ বছর বয়সী মিশ্র সবশেষ টেস্ট খেলেন ২০১১ সালে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা লেগস্পিনার কর্ন শর্মার পরিবর্তে দলে ঢোকেন তিনি।
কর্নর মতো ফাস্ট বোলার মোহাম্মদ সামিকেও শ্রীলঙ্কা সফরের জন্য বৃহস্পতিবার ঘোষণা করা ১৫ সদস্যের দলের বাইরে রাখে ভারতের নির্বাচকরা। দুজনই চোটে ভুগছেন।
২০১১ সালে ইংল্যান্ড সফরে দুটি টেস্ট খেলে ১০৬.৬৬ গড়ে ৩ উইকেট নেওয়ার পর দল থেকে বাদ পড়েন মিশ্র। তবে ২০১৪-১৫ মৌসুমে রঞ্জি ট্রফিতে হরিয়ানার হয়ে ৬ ম্যাচ খেলে ২০.৪০ গড়ে ১০টি উইকেট পান তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের তিন টেস্টের সিরিজ শুরু হবে গলে ১২ অগাস্ট।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), বরুন অ্যারন, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, রোহিত শর্মা, মুরালি বিজয়, উমেশ যাদব, লোকেশ রাহুল।
