প্রথম ইনিংস বড় করায় গুরুত্ব মাহমুদউল্লাহর
ভালো শুরুর পর ইমরুল কায়েস-মুমিনুল হকের বিদায়ে হঠাৎ করেই চাপে পড়েছিল বাংলাদেশ। তামিম ইকবালকে সঙ্গে নিয়ে সেখান থেকে দলকে টেনে তোলা মাহমুদউল্লাহ মনে করছেন, প্রথম ইনিংস তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ৭ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। ৫৫ রানেই ফিরে যান ইমরুল ও মুমিনুল। তাদের বিদায়ের পর তামিমের সঙ্গে জুটি বাধেন চোট কাটিয়ে ফেরা মাহমুদউল্লাহ।
৩১.৪ ওভারে ৮৯ রানের জুটি গড়ে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন তামিম-মাহমুদউল্লাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। সর্বোচ্চ ১৩১ রানের জুটির রেকর্ড হাবিবুল বাশার ও জাভেদ ওমরের; ২০০৩ সালে এমএ আজিজ স্টেডিয়ামে এই জুটি গড়েছিলেন তারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম-ইমরুলের ৪৬ রানের উদ্বোধনী জুটির প্রশংসা করেন মাহমুদউল্লাহ।
“আমরা সব সময় বিশ্বাস করি, আমাদের শুরুটা খুব গুরুত্বপূর্ণ; টেস্ট-ওয়ানডে বা টি-টোয়েন্টি যা-ই খেলি। তামিম-ইমরুল খুব ভাল শুরু করেছিল। ইমরুল-সৌরভ (মুমিনুল) হয়তো আজকে ঠিকমত ক্লিক করতে পারেনি।”
২২তম ওভারে ক্রিজে আসা মাহমুদউল্লাহ শুরুতে একটু নড়বড়ে ছিলেন, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দে ফিরেন তিনি। আর শুরু থেকেই সাবধানী ব্যাটিং করছিলেন তামিম, কোনো ঝুঁকিই নিচ্ছিলেন না তিনি।
মাহমুদউল্লাহ জানান, তারা নিজেদের স্বাভাবিক ব্যাটিংয়ের দিকেই মনোযোগী ছিলেন।
“আমি আর তামিম যখন ব্যাটিং করছিলাম, আমাদের পরিকল্পনা ছিল যতক্ষণ সম্ভব ব্যাটিং করার। তাহলে আমাদের সম্ভাবনাটা বেশি থাকবে। আমার মনে হয়, প্রথম ইনিংসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।”
অনিয়মিত স্পিনার ডিন এলগারের বলে তামিম বোল্ড হলে ভাঙে বিপজ্জনক হয়ে উঠা তৃতীয় উইকেট জুটি। বাঁহাতি স্পিনারের ফুলটস বল সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান তামিম। এই আউটে অবশ্য ব্যাটসম্যানকে দুষছেন না মাহমুদউল্লাহ।
“অনিয়মিত বোলারকে খেলার সময়ও স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করা উচিত। বেশি নেতিবাচক খেললে সেটা আরও সমস্যা হতে পারে।”
