২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ ওয়ানডে জিতে সিরিজ পাকিস্তানের

আহমেদ শেহজাদের শতক ছুঁইছুঁই ইনিংসের পর ব্যাট হাতে মোহাম্মদ হাফিজের দৃঢ়তায় সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 07:18 PM

Updated : 12 Oct 2022, 04:04 PM

৭ উইকেটের এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ওয়ানডের সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে আজহার আলির দল।

২০০৬ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার মাঠে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। সেবার তিন ওয়ানডের সিরিজে স্বাগতিকদের স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার জয়ের জন্য পাকিস্তানকে ২৫৭ রানের লক্ষ্য দেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ৪০.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অতিথিরা।

জয়ের লক্ষে নামা পাকিস্তান উদ্বোধনী জুটিতেই শক্ত ভিত পায়। লাসিথ মালিঙ্গার বলে আজহার (৩৩) সেনানায়েকেকে ক্যাচ দিলে ভাঙে অতিথিদের ৭৫ রানের উদ্বোধনী জুটি।

তবে হাফিজকে সঙ্গে নিয়ে শেহজাদ দ্বিতীয় উইকেটে ১১৫ রান তুলে পাকিস্তানকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন। শতক থেকে মাত্র পাঁচ রান দূরে থেকে শেহজাদ আউট হলে থামে এ জুটি। সুরঙ্গা লাকমলের বলে কৌশল পেরেরাকে ক্যাচ দেওয়ার আগে ১২টি চার ও এক ছক্কায় ৯৫ রান করেন পাকিস্তানের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

দলীয় ২১৩ রানে হাফিজ বিদায় নিলেও বিপদে পড়েনি পাকিস্তান। ৮টি চার ও একটি ছক্কায় ৭০ রানের মূল্যবান ইনিংস উপহার দিয়ে হাফিজ আউট হওয়ার পর বাকি কাজটুকু সরফরাজ আহমেদ (১৭) ও শোয়েব মালিক (২৯) অপরাজিত থেকে শেষ করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৬ রান তোলে স্বাগতিক শ্রীলঙ্কা।

ইনিংসের দ্বিতীয় বলেই পেরেরার উইকেট হারায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেটে তিলকারত্নে দিলশান ও লাহিরু থিরিমান্নের ১০৮ রানের জুটিতে বড় ইনিংস গড়ার পথে এগিয়ে যায় তারা।

ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম অর্ধশতক করে আউট হন দিলশান। আর ১০ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক পাননি থিরিমান্নে। ১২৬ বলে ৯০ রানের ইনিংসটি ৫টি চারে সাজান তিনি।

মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত আর বড় স্কোর গড়তে পারেনি শ্রীলঙ্কা।

১০ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান। আরেক পেসার আনোয়ার আলি ২ উইকেট পেতে খরচ করেন ৪১ রান। আর একটি করে উইকেট নেন রাহাত আলি, ইয়াসির শাহ ও ইমাদ ওয়াসিম।

আগামী রোববার হাম্বানটোটায় সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।