২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: পাকিস্তানকে ২৭৪ রানে থামিয়ে স্বস্তিতে দিন শেষ বাংলাদেশের

মিরাজ-তাসকিনদের দারুণ বোলিংয়ে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2024, 10:06 AM

Updated : 26 Aug 2026, 10:22 AM

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৮৫.১ ওভারে ২৭৪

বাংলাদেশ ১ম ইনিংস: ২ ওভারে ১০/০

পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশের দাপুটে দিন

পাকিস্তান সফরে আরেকটি দারুণ দিন কাটাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন টস জিতে স্বাগতিকদের অলআউট করে নির্বিঘ্নে শেষভাগ পার করল তারা। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০ রান। এর আগে পাকিস্তানকে তারা অলআউট করে ২৭৪ রানে।

ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই আব্দুল্লাহ শাফিককে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তাসকিন আহমেদ। এক বছরের বেশি সময় পর ফেরা এই পেসার দিনের পরের অংশেও দুর্দান্ত বোলিং করে নেন আরও ২ উইকেট।

তবে বাকিদের ছাপিয়ে বোলিংয়ে বাংলাদেশের নায়ক মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারে দশম ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে বড় অবদান রাখেন তিনি। যার সৌজন্যে প্রায় ২৪ বছর পর পাকিস্তানের মাঠে ম্যাচের প্রথম ইনিংসে কোনো বিদেশি স্পিনার পায় ৫ উইকেট।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইম আইয়ুব। শান মাসুদ খেলেন ৫৭ রানের ইনিংস। শূন্য রানে জীবন পেয়ে ৫৪ রান করেন সালমান আলি আঘা। 

দিনের শেষভাগে ২ ওভারের জন্য ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দেন সাদমান ইসলাম। সাউদ শাকিলের ব্যর্থতায় সে দফায় বেঁচে যান বাংলাদেশের বাঁহাতি ওপেনার। পরে আর উইকেট পড়তে দেননি দুই ওপেনার।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪ 

বাংলাদেশ ১ম ইনিংস: ২ ওভারে ১০/০ (সাদমান ৬*, জাকির ০*; হামজা ১-০-৫-০, খুররাম ১-০-১-০)

প্রথম বলে বাঁচলেন সাদমান

দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে জীবন পেলেন সাদমান ইসলাম। মির হামজা অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে পঞ্চম স্লিপে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার। সোজা যাওয়া বল হাতে রাখতে পারেননি সাউদ শাকিল।

জাইলসের ২৪ বছর পর মিরাজ

ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ২৪ বছর পুরোনো কীর্তিতে নাম লেখালেন মেহেদী হাসান মিরাজ। সবশেষ ২০০০ সালে ফয়সালাবাদ টেস্টে পাকিস্তানের মাঠে টেস্টের প্রথম ইনিংসে বিদেশি স্পিনার হিসেবে ৫ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের অ্যাশলি জাইলস।

সব মিলিয়ে পাকিস্তানের মাঠে ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বিদেশি স্পিনার স্রেফ ৯ জন।

মিরাজের পঞ্চম, অলআউট পাকিস্তান

ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারার চেষ্টা করলেন আবরার আহমেদ। কিন্তু ব্যাটে লাগাতে পারলেন না। বল গ্লাভসে নিয়ে স্টাম্প ভাঙতে সময় নিলেন না লিটন কুমার দাস। ৫ উইকেট পেয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। অলআউট হয়ে গেল পাকিস্তান। 

৪৫ ম্যাচের ক্যারিয়ারে মিরাজের দশম ৫ উইকেট এটি। বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ রফিকের পর পাকিস্তানের মাঠে তিনিই প্রথম ৫ উইকেট পেলেন।

৮৫.১ ওভারে ২৭৪ রানে গুটিয়ে গেল পাকিস্তান। তাসকিন আহমেদ নেন ৩ উইকেট। সাকিব আল হাসান ও নাহিদ রানা ধরেন ১টি করে শিকার।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইম আইয়ুব। শান মাসুদ খেলেন ৫৭ রানের ইনিংস। শূন্য রানে জীবন পেয়ে ৫৪ রান করেন সালমান আলি আঘা।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৮৫.১ ওভারে ২৭৪ (শাফিক ০, সাইম ৫৮, মাসুদ ৫৭, বাবর ৩১, শাকিল ১৬, রিজওয়ান ২৯, সালমান ৫৪, খুররাম ১২, আলি ২, আবরার ৯, হামজা ০*; তাসকিন ১৭-২-৫৭-৩, হাসান ১৪-১-৬০-০, নাহিদ ১৫-১-৫৮-১, মিরাজ ২২.১-২-৬১-৫, সাকিব ১৭-৩-৩৪-১)

সালমানের ফিফটি

রানের খাতা খোলার আগেই পাওয়া জীবন দারুণভাবে কাজে লাগালেন সালমান আলি আঘা। অন্য ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে একপ্রান্ত আগলে রেখে করলেন ফিফটি। তাসকিন আহমেদের বলে পুল শটে মারা ছক্কায় মাইলফলক স্পর্শ করেন তিনি। 

১৪ ম্যাচে তার সপ্তম পঞ্চাশছোঁয়া ইনিংস এটি। 

অষ্টম উইকেট পড়ার পর বেড়েছে পাকিস্তানের রানের গতি। টানা তিন ওভারে একটি করে ছক্কা মেরেছে তারা।

মিরাজের চতুর্থ শিকার আলি

জীবন পেয়ে তেমন ফায়দা হলো না মোহাম্মদ আলির। পরের ওভারেই তাকে ড্রেসিং রুমে ফেরত পাঠালেন মেহেদী হাসান মিরাজ। অফ স্টাম্পের বল ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপে ধরা পড়েন ২ রান করা আলি। 

মিরাজের এটি চতুর্থ উইকেট। 

ক্রিজে নতুন ব্যাটসম্যান আবরার আহমেদ। শূন্য রানে জীবন পাওয়া সালমান আলি আঘা ৭০ বলে ৩৫ রানে অপরাজিত।

৮০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২৪৬ রান।

সহজ ক্যাচ ছাড়লেন মুমিনুল

বোলারদের দারুণ বোলিংয়ে যথাযথ সমর্থন দিতে পারছেন না বাংলাদেশের ফিল্ডাররা। ক্যাচ ছাড়ার মিছিলে এবার যোগ দিয়েছেন মুমিনুল হক। তার হাত থেকে পড়েছে চলতি ইনিংসের চতুর্থ ক্যাচ।

সাকিব আল হাসানের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি আলতো খোঁচায় লেগ স্লিপে ক্যাচ দেন মোহাম্মদ আলি। সহজতম সুযোগ হাতে রাখতে পারেননি মুমিনুল। তিনবারের চেষ্টায় ফেলে দেন তিনি। ২ রানে জীবন পান আলি।

সাকিবের দারুণ ক্যাচে খুররামের বিদায়

পরের ওভারেই খুররাম শাহজাদকে বিদায় করলেন মেহেদী হাসান মিরাজ। অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া ডেলিভারি উড়িয়ে মারেন খুররাম। শর্ট কভারে ডান দিকে হাত এগিয়ে চমৎকার ক্যাচ নেন সাকিব আল হাসান।

৪১ বলে ১২ রান করেন খুররাম। ক্রিজে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ আলি। ৬৩ বলে ২৮ রানে অপরাজিত শূন্য রানে জীবন পাওয়া সালমান আলি আঘা।

৭৭ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ২৩৯ রান।

খুররামকে জীবন দিলেন সাদমান

অল্পের জন্য বেঁচে গেলেন খুররাম শাহজাদ। মেহেদী হাসান মিরাজের মিডল স্টাম্প লাইনের ডেলিভারি খুররামের ব্যাটের বাইরে কানা ছুঁয়ে চলে যায় স্লিপে। কিছুটা নিচু বাম দিকে হাত বাড়িয়ে নাগাল পান সাদমান ইসলাম। কিন্তু হাতে রাখতে পারেননি তিনি। ৯ রানে জীবন পান খুররাম।

৭৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৩৫ রান। সালমান আলি আঘা ৫৮ বলে ২৬ ও খুররাম ৪০ বলে ১২ রানে অপরাজিত।

রিজওয়ানের প্রতিরোধ ভাঙলেন নাহিদ

আগের ওভারেই সাফল্য পেতে পারতেন নাহিদ রানা। অল্পের জন্য বেঁচে যান সালমান আলি আঘা। তবে নতুন ওভারে আর হতাশ হতে হয়নি তরুণ পেসারকে। দারুণ এক ডেলিভারিতে তিনি ফেরালেন মোহাম্মদ রিজওয়ান। 

অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথ থেকে বাড়তি বাউন্সে লাফিয়ে ওঠা ডেলিভারিতে হকচকিয়ে যান রিজওয়ান। দূর থেকে ব্যাট এগিয়ে দিয়ে প্রথম স্লিপে সহজ ক্যাচ দেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

২ চারে ৬৩ বলে ২৯ রান করেন রিজওয়ান। ক্রিজে নতুন ব্যাটসম্যান খুররাম শাহজাদ। ৩৬ বলে ১৩ রানে খেলছেন সালমান।

৬৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২১৫ রান।

রিভিউ শেষ বাংলাদেশের

চার ওভারের মধ্যে দুটি রিভিউ হারাল বাংলাদেশ। এ নিয়ে তাদের তিনটি রিভিউ-ই শেষ হয়ে গেল। 

নাহিদ রানার ইয়র্কার ধরনের ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টা করেন সালমান আলি আঘা। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে। আগেই বাম দিকে সরে যাওয়ায় ক্যাচ নিতে পারেননি লিটন কুমার দাস। 

সালমানের বুটে লেগেছে ভেবে জোরাল আবেদন করতে থাকেন নাহিদ। আম্পায়ার সাড়া না দিলে নাহিদের আত্মবিশ্বাস দেখেই রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, ব্যাটেই লেগেছে বল। তাই আরও একবার রিভিউ থেকে বেঁচে যান সালমান। 

৬৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২০৯ রান। সালমান ৩২ বলে ১৫ ও মোহাম্মদ রিজওয়ান ৫৭ বলে ২৯ রানে অপরাজিত।

বাংলাদেশের আরেকটি ব্যর্থ রিভিউ

সাকিব আল হাসানের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি রক্ষণাত্মক খেলার চেষ্টা করলেন সালমান আলি আঘা। তার ব্যাট-প্যাডের ফাঁক গলে বল চলে গেল লিটন কুমার দাসের গ্লাভসে। জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার।

বেশ কিছুক্ষণ আলোচনার পর একদম শেষ মুহূর্তে রিভিউ নিলেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, ব্যাট বা প্যাডের কোথাও লাগেনি বল। তাই বিপদ ঘটেনি সালমানের। বৃথা যায় বাংলাদেশের দ্বিতীয় রিভিউ।

৬০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৯৩ রান। সালমান ২২ বলে ৪ ও মোহাম্মদ রিজওয়ান ৪৯ বলে ২৪ রানে খেলছেন।

৪ উইকেটের সেশনে বাংলাদেশের দাপট

দ্বিতীয় সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। প্রথম সেশনের হতাশা ভুলে মধ্যাহ্ন বিরতির পর ৩০ ওভারে তারা নিল ৪ উইকেট। বিপরীতে পাকিস্তানের সংগ্রহ ৮৪ রান। 

৫৫ ওভারে স্বাগতিকদের স্কোর ৫ উইকেটে ১৮৩ রান। ক্রিজে এখন তাদের শেষ স্বীকৃত জুটি মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আঘা। 

স্লিপে মেহেদী হাসান মিরাজ ও শর্ট লেগে জাকির হাসান একটি করে ক্যাচ না ছাড়লে আরও একটু ভালো অবস্থানে থাকতে পারত বাংলাদেশ। 

মধ্যাহ্ন বিরতির পর শুরুতেই শান মাসুদকে এলবিডব্লিউ করেন মিরাজ। কিছুক্ষণ পর তাকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে স্টাম্পড হন সাইম আইয়ুব। দুই বাঁহাতি ব্যাটসম্যানই খেলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস।

এরপর নাহিদ রানার বলে সাউদ শাকিলের ক্যাচ ছেড়ে দেন মিরাজ। তখন ১ রানে ছিলেন শাকিল। বেশিক্ষণ অবশ্য টিকতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। তাসকিনের বল কাট করার চেষ্টায় স্টাম্পে টেনে আনেন ১৬ রান করা শাকিল।

চা বিরতির অল্প কিছুক্ষণ আগে আঘাত করেন সাকিব। তার দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ হন ৭৭ বলে ৩১ রানের ইনিংস খেলা বাবর আজম। ওই ওভারেই সালমানের ক্যাচ ছেড়ে দেন জাকির।

শুরুতেই বেঁচে গেলেন সালমান

এক ওভারে দুই উইকেট পেতে পারতেন সাকিব আল হাসান। অল্পের জন্য বেঁচে গেলেন সালমান আলি আঘা। সাকিবের বল তার ব্যাট-প্যাড ছুঁয়ে যায় শর্ট লেগের দিকে। ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে নেন জাকির হাসান। কিন্তু ভারসাম্য রাখতে পারেননি তিনি। ফলে রানের খাতা খোলার আগেই জীবন পান সালমান। 

৫৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৭৯ রান। ১৪ রানে খেলছেন মোহাম্মদ রিজওয়ান।

বাবরকে ফেরালেন সাকিব

চা বিরতির অল্প সময় বাকি থাকতে বড় সাফল্য পেলেন সাকিব আল হাসান। চমৎকার ডেলিভারিতে বাবর আজমকে ফিরিয়ে দিলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।

মিডল-লেগ স্টাম্প লাইনে পিচ করে কিছুটা নিচু হয়ে সোজা ঢুকে যাওয়া ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যর্থ হন বাবর। বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে সাড়া দিতে সময় নেননি আম্পায়ার।

নিশ্চিত আউট বুঝতে পেরে রিভিউ নেননি ৭৭ বলে ৩১ রান করা বাবর।

কাঁধের চোটে মাঠ ছাড়লেন মুশফিক

হাসান মাহমুদের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করলেন মোহাম্মদ রিজওয়ান। মিড অফে ডাইভ দিয়েও নাগাল পেলেন না মুশফিকুর রহিম। উল্টো তিনি আঘাত পেলেন নিজের ডান কাঁধে। 

বল চলে যায় সীমানায়। তখনও কাঁধে হাত দিয়ে মাটিতে লুটিয়ে মুশফিক। দ্রুত ছুটে আসেন ফিজিও। প্রাথমিক শুশ্রূষার পরও তেমন ফায়দা হয়নি। বাম হাত দিয়ে ডান কাঁধ চেপে ধরে মাঠ ছেড়ে যান অভিজ্ঞ ব্যাটসম্যান।

৫৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৭৮ রান। রিজওয়ান ৩০ বলে ১৩, বাবর আজম ৭৬ বলে ৩১ রানে অপরাজিত।

তাসকিনের দ্বিতীয় শিকার শাকিল 

জীবন পেয়ে বেশি কিছু করতে পারলেন না সাউদ শাকিল। তাসকিন আহমেদের দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরলেন বাঁহাতি ব্যাটসম্যান। 

ব্যাক অফ লেংথ থেকে ভেতরে ঢোকা ডেলিভারি কাট করার চেষ্টায় স্টাম্পে টেনে আনেন শাকিল। ২ চারে ২৮ বলে তিনি করেন ১৬ রান। 

ক্রিজে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ৫০ বলে ২০ রানে অপরাজিত বাবর আজম। 

৪৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৫৫ রান।

শাকিলের ক্যাচ ছাড়লেন মিরাজ

পরপর দুই সেট ব্যাটসম্যানকে ফেরানো মেহেদী হাসান মিরাজের প্রশংসা চলছিল ধারাভাষ্য কক্ষে। ঠিক তখনই ফিল্ডিংয়ে হতাশ করলেন তিনি। স্লিপে ছেড়ে দিলেন সাউদ শাকিলের সহজ ক্যাচ।

নাহিদ রানার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় শাকিলের ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় তৃতীয় স্লিপে। সহজ ক্যাচ হাতে রাখতে পারেননি মিরাজ। ১ রানে জীবন পান শাকিল।

ওভারের শেষ বলে অল্পের জন্য গালিতে ধরা পড়েননি শাকিল। জাকির হাসানের ঠিক সামনে পড়ায় বিপদ ঘটেনি বাঁহাতি ব্যাটসম্যানের। উল্টো বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন জাকির।

৩৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১২৭ রান। বাবর আজম ২০ বলে ৬ ও শাকিল ৬ বলে ৩ রানে অপরাজিত।

বাংলাদেশের ব্যর্থ রিভিউ

নাহিদ রানার লেগ স্টাম্পের বাইরের বল পুল করতে চাইলেন সাইম আইয়ুব। কিন্তু ব্যাটে লাগাতে পারলেন না। বল জমা পড়ল লিটন কুমার দাসের গ্লাভসে। জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার।

কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নিলেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা গেল, ব্যাট বা থাই প্যাডের কোথাও লাগেনি বল। তাই অপরিবর্তিত থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। বৃথা যায় বাংলাদেশের প্রথম রিভিউ। 

৩৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১২১ রান। সাইম ১০৯ বলে ৫৮ ও বাবর আজম ১৫ বলে ৩ রানে অপরাজিত।

সাইমের ফিফটি

নাহিদ রানার শর্ট ডেলিভারি মিড উইকেটের ওপর দিয়ে পুল করলেন সাইম আইয়ুব। বল চলে গেল সীমানায়। সাইম পৌঁছে গেলেন ব্যক্তিগত পঞ্চাশ রানে। সিরিজের দুই ম্যাচেই প্রথম ইনিংসে ফিফটি করলেন বাঁহাতি ওপেনার।

তিন ম্যাচে সাইমের দ্বিতীয় ফিফটি এটি। ৪ চারের সঙ্গে ২ ছক্কায় ৯৪ বলে মাইলফলক স্পর্শ করেন তিনি। 

২৯ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১১৫ রান।

মাসুদকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ

মধ্যাহ্ন বিরতির পর বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হলো না বাংলাদেশকে। দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে আঘাত করলেন মেহেদী হাসান মিরাজ। ড্রেসিং রুমে ফিরলেন শান মাসুদ।

মিরাজের মিডল স্টাম্পে পিচ করা ডেলিভারি ভুল লাইনে খেলেন মাসুদ। বল তার প্যাডে আঘাত করতেই জোরাল আবেদনে আঙুল তোলেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি পাকিস্তান অধিনায়কের।

২ চারে ৬৯ বলে ৫৭ রান করেন মাসুদ। তার বিদায়ে ভাঙে ১০৭ রানের দ্বিতীয় উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান বাবর আজম। ৯১ বলে ৪৮ রানে খেলছেন সাইম আইয়ুব। 

২৮ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১০৯ রান।

শুরুর সাফল্যের পর হতাশার সেশন

টস জিতে ফিল্ডিং নিয়ে প্রথম ওভারেই তাসকিন আহমেদের আঘাত। শুরুর দিকে হাসান মাহমুদের সঙ্গে মিলে আরও বেশ কিছু দারুণ ডেলিভারিতে ব্যাটসম্যানদের পরীক্ষা নিলেন তাসকিন। কিন্তু সাফল্য আর ধরা দিল না। অন্যরাও পারেননি উইকেট নিতে। 

শুরুতেই আব্দুল্লাহ শাফিকের উইকেট হারানোর পর চাপ সামাল দিয়েছেন সাইম আইয়ুব ও শান মাসুদ। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন নিজেদের করে নিয়েছে পাকিস্তান। 

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৯৯ রান। মাসুদ ৬২ বলে ৫৩ ও সাইম ৮৩ বলে ৪৩ রানে অপরাজিত। 

নতুন বলে শুরুর দিকে মুভমেন্ট বেশ ভালোভাবেই কাজে লাগান তাসকিন ও হাসান। বেশ কিছু ডেলিভারি সাইম ও মাসুদের ব্যাটের কানা ঘেঁষে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। কিন্তু উইকেট বাঁচিয়ে রাখতে সক্ষম হন দুই বাঁহাতি ব্যাটসম্যান।

কঠিন ওই সময়টুকু পাড়ি দিয়ে সাবলীলভাবেই রান তুলেছেন সাইম ও মাসুদ। বিশেষ করে পাকিস্তান অধিনায়ক নিয়মিত এক-দুই রান নিয়ে ব্যস্ত রেখেছেন বাংলাদেশের বোলার-ফিল্ডারদের। ৫৩ রানের মধ্যে তার বাউন্ডারি মাত্র দুটি। ৩ চারের সঙ্গে ২টি ছক্কা মেরেছেন সাইম।

হাসান, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ এখন পর্যন্ত ওভারপ্রতি খরচ করেছেন সাড়ে ৪ রানের বেশি।

মাসুদের ফিফটি

প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হওয়া শান মাসুদ এবার দারুণভাবে ঘুরে দাঁড়ালেন। প্রথম ওভারে আব্দুল্লাহ শাফিকের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে পাল্টা আক্রমণে মাত্র ৫৪ বলে পঞ্চাশ করলেন পাকিস্তান অধিনায়ক। 

৩৫ ম্যাচে তার দশম ফিফটি এটি। মাইলফলক ছুঁতে মাত্র দুটি চার মেরেছেন মাসুদ। অর্থাৎ উইকেটের মাঝে দৌড়ে নিয়েছেন সিংহভাগ রান। যা বাংলাদেশের বোলারদের ওপর চার আরও বাড়িয়েছে।

আরেক অপরাজিত ব্যাটসম্যান সাইম আইয়ুবও পঞ্চাশের সম্ভাবনা জাগিয়েছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটি পৌঁছে গেছে শতরানের কাছে।

২৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৯৪ রান। মাসুদ ৫০ ও আইয়ুব ৪১ রানে খেলছেন।

সাইম-মাসুদের জুটির পঞ্চাশ

শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে দলকে এগিয়ে নিচ্ছেন সাইম আইয়ুব ও শান মাসুদ। এরই মধ্যে পঞ্চাশছোঁয়া জুটি গড়েছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। 

জুটি ভাঙার আশায় ১২তম ওভারে প্রথম মেহেদী হাসান মিরাজকে আক্রমণে আনেন নাজমুল হোসেন শান্ত। অফ স্পিনারের প্রথম ওভারে মেলেনি সাফল্য। পরের ওভারে জুটির ও দলের পঞ্চাশ পূর্ণ করেন সাইম ও মাসুদ।

১৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৫২ রান। সাইম ৪৮ বলে ২২ ও মাসুদ ২৪ বলে ২৯ রানে অপরাজিত।

সাইম-মাসুদের প্রতিরোধ

প্রথম ওভারে আব্দুল্লাহ শাফিকের বিদায়ের পর চাপ সামাল দেওয়ার অভিযানে নেমেছেন সাইম আইয়ুব ও শান মাসুদ। প্রথম ঘণ্টায় আর কোনো উইকেট পড়তে দেননি দুই বাঁহাতি ব্যাটসম্যান।

শুরুতেই তাসকিন আহমেদের আঘাতের পর অন্য প্রান্তে হাসান মাহমুদও বেশ কিছু দারুণ ডেলিভারিতে কঠিন পরীক্ষা নেন সাইম, মাসুদের। তবে সাফল্য আদায় করতে পারেননি তরুণ পেসার। 

উল্টো দশম ওভারে হাসানের বলে একটি করে বাউন্ডারি মারেন সাইম ও মাসুদ। ওই ওভার থেকে পাকিস্তান নেয় ১৩ রান। পরের ওভারে সাইমের বিপক্ষে নাহিদ রানাও হজম করেন একটি বাউন্ডারি।

১১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৪৩ রান। সাইম ৪০ বলে ২০ ও মাসুদ ২০ বলে ২৩ রানে অপরাজিত।

প্রথম ওভারেই তাসকিনের আঘাত

এক বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরে প্রথম ওভারেই সাফল্য পেলেন তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে দারুণ ডেলিভারিতে তিনি ফেরত পাঠালেন আব্দুল্লাহ শাফিককে।

তাসকিনের অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি শাফিকের ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত করে স্টাম্পে। রানের খাতা খুলতে পারেননি পাকিস্তানি ওপেনার। প্রথম ওভার উইকেট মেডেন করেন তাসকিন।

ক্রিজে নতুন ব্যাটসম্যান শান মাসুদ। আরেক ওপেনার সাইম আইয়ুবের সঙ্গে জুটি বাধবেন তিনি।

৯৮ ওভারের দিন

প্রথম দিনের পুরোটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় ৩০ মিনিট বাড়ানো হয়েছে দ্বিতীয় দিনের সময়। সব কিছু ঠিক থাকলে ৯৮ ওভার খেলা হবে শনিবার। প্রয়োজনে আরও ৩০ মিনিট বাড়ানো যাবে দিনের খেলা।

পূর্ব নির্ধারিত সূচিতে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরুর কথা থাকলেও, খেলা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রথম সেশন চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর ৪০ মিনিটের মধ্যাহ্ন বিরতি। 

১টা ৪০ মিনিটে শুরু হওয়া দ্বিতীয় সেশনের খেলা হবে ৩টা ৫৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের চা বিরতির পর শেষ সেশন ধরা হয়েছে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত। তবে ৯৮ ওভার পূর্ণ করার জন্য সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত চলতে পারে খেলা।

পাকিস্তান একাদশে জোড়া পরিবর্তন

ম্যাচের দুই দিন আগে ঘোষিত ১২ জনের দলে শাহিন শাহ আফ্রিদি না থাকায় পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন ছিল অনিবার্য। এর সঙ্গে আরেক ফাস্ট বোলার নাসিম শাহকেও বাদ দিয়েছে তারা।

দুজনের পরিবর্তে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার আবরার আহমেদ ও বাঁহাতি পেসার মির হামজা।

পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল, আবরার আহমেদ, আবদুল্লাহ শাফিক, বাবর আজম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলি আঘা।

শরিফুলের জায়গায় তাসকিন

কুঁচকিতে অস্বস্তি বোধ করায় একাদশ থেকে ছিটকে গেলেন শরিফুল ইসলাম। তার জায়গায় সুযোগ পেলেন আরেক পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশের একাদশে পরিবর্তন এই একটিই।

প্রথম টেস্টের মতোই তিন পেসারের সঙ্গে দুই স্পিন অলরাউন্ডার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আরও একবার কয়েনভাগ্য পাশে পেলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক। 

প্রথম ম্যাচের সাফল্য পেছনে রেখে এই ম্যাচে মন দেওয়ার কথা বলেছেন শান্ত। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেছেন, টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন।

বৃষ্টির বাগড়া পেরিয়ে খেলা শুরুর আশা

টানা বৃষ্টিতে প্রথম দিনে টসই করা সম্ভব হয়নি। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় দিন তাই ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে খেলা শুরুর সময়। বাংলাদেশ সময় ১০টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা। বরাবরের মতোই ত্রিশ মিনিট আগে হবে টস।

আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে ইতিবাচক বার্তা। শুক্রবার সারা দিন বৃষ্টি ঝরলেও শনিবারের পূর্বাভাসে রোদ ঝলমলে আকাশে কথা হয়েছে। শুধু তাই নয়, তীব্র গরমের সঙ্গেও হয়তো লড়াই করতে হবে দুই দলের ক্রিকেটারদের।

ম্যাচের দৈর্ঘ্য এক দিন কমে যাওয়ায় আরও উজ্জ্বল হয়েছে বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা। জিতলে তো বটেই, এই ম্যাচে পরাজয় এড়ালেই প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে ম্যাচ জিতলেও, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো দলের সঙ্গে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এই তালিকায় এবার পাকিস্তানের নাম তোলার সুযোগ।