শ্রীলঙ্কাকে ৮০ রানে গুটিয়ে সমতায় জিম্বাবুয়ে
নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার তেতো অভিজ্ঞতা হলো শ্রীলঙ্কার।
সুরটা বেঁধে দিলেন ব্লেসিং মুজারাবানি। চমৎকার বোলিংয়ে সঙ্গত করলেন ব্র্যাড ইভান্স ও সিকান্দার রাজা। তাতে একশর আগেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। রান তাড়ায় কয়েকটি উইকেট হারালেও জিততে বেগ পেতে হলো না জিম্বাবুয়ের।
হারারেতে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে স্বাগতিকরা। লঙ্কানদের ৮০ রানে গুটিয়ে দেওয়ার পর ম্যাচ জিতে নিয়েছে তারা ৩৪ বল বাকি থাকতে।
টি-টোয়েন্টিতে আটবারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় জয় পেল জিম্বাবুয়ে। প্রথমটি ছিল ২০২৪ সালের জানুয়ারিতে, কলম্বোয় ৪ উইকেটের জয়।
এবারের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল জিম্বাবুয়ে। প্রথমটি তারা হেরেছিল ৪ উইকেটে।
নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার তেতো অভিজ্ঞতা হলো শ্রীলঙ্কার। ২০২৪ সালে ৭৭ রানে অলআউট হয়েছিল তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আর টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ডটি এখন শ্রীলঙ্কার। হারারেতেই ২০২১ সালে ৯৯ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।
লঙ্কানদের ব্যাটিং বিপর্যয়ের শুরু ম্যাচের দ্বিতীয় ওভার থেকে, মুজারাবানির বলে কুসাল মেন্ডিসের বিদায়ে। মুজারাবানি ও ইভান্সের ছোবলে পাওয়ার প্লেতে ড্রেসিং রুমের পথ ধরেন পাথুম নিসাঙ্কা, নুয়ানিদু ফার্নান্দো, কামিল মিশারাও।
আগের ম্যাচে আগ্রাসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া কামিন্দু মেন্ডিসকে এবার রানের খাতাই খুলতে দেননি রাজা। সপ্তম ওভারে ৩৮ রানে ৫ উইকেট হারানো সফরকারীরা এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো শ্রীলঙ্কার হয়ে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তিন জন। যার মধ্যে ৪টি চারে সর্বোচ্চ ২০ রান এসেছে মিশারার ব্যাট থেকে।
স্রেফ ১১ রান দিয়ে ৩ উইকেট নেওয়া রাজা জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। ৩ উইকেট পেয়েছেন ইভান্সও, ১৫ রান খরচায়। দুটি প্রাপ্তি মুজারাবানির।
লক্ষ্য তাড়ায় ভালো শুরুর আভাস দেন টাডিওয়ানাশে মারুমানি (৩ চারে ১৭)। চতুর্থ ওভারে তাকে কট বিহাইন্ড করার এক বল পর অভিজ্ঞ শন উইলিয়ামসকে বোল্ড করে দেন দুশমান্থা চামিরা।
এই পেসার পাওয়ার প্লের শেষ ওভারে ভেঙে দেন রাজার স্টাম্পও। ২৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। তখন রায়ান বার্লকে নিয়ে কিছুক্ষণ দলকে টানেন ব্রায়ান বেনেট।
২ চারে ২০ রান করে বার্ল অপরাজিত থাকলেও বেনেট বিদায় নেন ১ চারে ১৯ রান করে। টনি মুনিয়োঙ্গাও পারেননি টিকতে। ক্রিজে গিয়ে দ্রুত রান তোলার পথে হাঁটেন টাশিঙ্গা মুসেকিওয়া। দুশান হেমান্থাকে টানা দুটি চার মেরে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন তিনি। ৩ চারে ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন মুসেকিওয়া।
একই মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি রোববার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১৭.৪ ওভারে ৮০ (নিসাঙ্কা ৮, মেন্ডিস ১, মিশারা ২০, নুয়ানিদু ১, আসালাঙ্কা ১৮, কামিন্দু ০, শানাকা ১৫, হেমান্থা ৭, চামিরা ০, থিকশানা ৬, বিনুরা ০*; এনগারাভা ২-০-১১-০, মুজারাবানি ৩-০-১৪-২, ইভান্স ২.৪-০-১৫-৩, রাজা ৪-০-১১-৩, মাপোসা ২-০-৭-০, উইলিয়ামস ৪-০-১৯-১)
জিম্বাবুয়ে: ১৪.২ ওভারে ৮৪/৫ (বেনেট ১৯, মারুমানি ১৭, উইলিয়ামস ০, রাজা ২, বার্ল ২০, মুনিয়োঙ্গা ৩, মুসেকিওয়া ২১; বিনুরা ৩-০-১৪-১, থিকশানা ৪-০-২৮-১, চামিরা ৪-০-১৯-৩, হেমান্থা ৩.২-০-২৩-০)
ফল: জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সিকান্দার রাজা
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ১-১ সমতায়
