৪০ বছর বয়সে বিধ্বংসী সেঞ্চুরি, ফুরিয়ে যায়নি বোপারার বারুদ
বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৪৪ বলে সেঞ্চুরি করেছেন ইংলিশ অলরাউন্ডার।
মাস দেড়েক আগে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে সেঞ্চুরি করেছেন রাভি বোপারা। তার সেরা সময়টাও এখন ‘সাবেক’ হয়ে গেছে বলেই মনে করা হচ্ছিল। বয়স পেরিয়ে গেছে ৪০। আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার তাকে দেখা গেছে সাড়ে ১০ বছর আগে। কে জানত, তার ভেতরে জ্বলে ওঠার রসদ এখনও আছে! সেই স্ফূলিঙ্গ দেখালেন তিনি ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে।
ভাইটালিটি ব্লাস্টের বৃষ্টিস্নাত কোয়ার্টার-ফাইনাল ব্যাটিং বজ্রপাতে কাঁপালেন বোপারা। ওভালে তার দুর্দান্ত সেঞ্চুরিতে সারেকে ৭ রানে হারিয়ে সেমি-ফাইনালে পা রাখল নর্থ্যাম্পটনশায়ার।
২০ ওভারের ম্যাচ বৃষ্টিতে নেমে আসে ১৪ ওভারে। আগ্রাসী ব্যাটিংয়ে বোপারা শতরানের পথ খুঁজে নেন এই সময়টুকুতেই। ১২ চার ও ৫ ছক্কায় অপরাজিত থাকেন ৪৬ বলে ১০৫ রান করে।
টি-টোয়েন্টি ক্রিকেটে তার তৃতীয় সেঞ্চুরি এটি। ইনিংসটি উপহার দিলেন তিনি ৪০ বছর ১২২ দিন বয়সে। টি-টোয়েন্টি ক্রিকেটে এর চেয়ে বশি বয়সে শতক আছে আর কেবল তিন জনের।
বোপারার দেশেরই পল কলিংউড সেঞ্চুরি করেছেন ৪১ বছর ৬৫ দিন বয়সে, গ্রায়েম হিক করেছেন ৪১ বছর ৩৭ দিন বয়সে। দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসির দুটি সেঞ্চুরি আছে ৪০ পেরিয়ে, একটি ৪০ বছর ৩৫১ দিন বয়সে, আরেকটি ৪০ বছর ৩৪২ দিন বয়সে। এরপরই বোপারার এই সেঞ্চুরি।
টি-টোয়েন্টি ক্রিকেটে বোপারার ক্যারিয়ার প্রায় এই সংস্করণের সমান। ২০০৩ সালের ১৩ জুন ইংল্যান্ডে টি-টোয়েন্টি কাপ দিয়ে যাত্রা শুরু হয়েছিল ২০ ওভারের ক্রিকেটের। পরদিনই এই সংস্করণে অভিষেক হয় বোপারার। ২২ বছরের বেশি পথচলায় ৪৯৩টি ম্যাচ খেলেছেন তিনি এখন পর্যন্ত। বিশ্বজুড়ে খেলেছেন নানা লিগে। বাংলাদেশেও একসময় তার নিয়মিত উপস্থিতি ছিল বিপিএলে।
এখন আর দেশের বাইরের লিগে খুব একটা সুযোগ পান না। তবে ফুরিয়ে যে যাননি, তা দেখালেন বুধবার।
বৃষ্টি শেষে যখন খেলা শুরু হয়, কন্ডিশন তখনও বেশ পেস উপযোগী। টস হেরে ব্যাটিংয়ে নামা নর্থ্যাম্পটনশায়ারের শুরুটা হয় জঘন্য। ম্যাচের প্রথম বলে উইকেট হারিয়ে শুরু। ক্রিজে যান তখন বোপারা। প্রথম ওভারেই বিদায় নেন আরেক ওপেনার অধিনায়ক ডেভিড উইলি।
চারে নামা টিম রবিনসন ১২ বলে ২০ রান করে আউট হয়ে যান পঞ্চম ওভারে। বাকিটা শুধু বোপারাময়।
জাস্টিন ব্রড ৯ রান করতে খেলেন ১০ বল, সাইফ জাইব অপরাজিত থাকেন ১২ বলে ১৭ রানে। আরেক পাশে রানের স্রোত বইয়ে দিয়ে শতরানে ছুটে যান বোপারা।
ইনিংসের শেষ ওভারে বাউন্ডারিতে স্পর্শ করেন তিনি তিন অঙ্ক। পরের বলে চার মারেন আরেকটি। ১৪ ওভারে ১৫৪ রান তোলে নর্থ্যাম্পটনশায়ার।
ঘরের মাঠে রান তাড়ায় সারের শুরুটাও হয় বাজে। দুই ওভারের মধ্যে বিদায় নেন দুই ওপেনার রায়ান প্যাটেল ও জেসন রয়। তবে তৃতীয় উইকেটে অলিভার পোপ ও স্যাম কারান লড়াইয়ে রাখেন দলকে।
পোপ আউট হন ২৩ বলে ৪১ করে। পরে লরি ইভান্স করেন ৭ বলে ১৫। আর কেউ সেভাবে পরিস্থিতির দাবি মেটাতে পারেননি। ৩৮ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক স্যাম কারান। সারে আটকে যায় ১৪৭ রানে।
২০১৬ সালের পর প্রথমবার ফাইনালস ডে-তে পৌঁছতে পারল নর্থ্যাম্পটনশায়ার। টি-টোয়েন্টি ব্লাস্টের দুটি সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ একই দিনে হয়ে থাকে, যেটিকে বলা হয় ফাইনালস ডে। এবার সেটি হবে ১৩ সেপ্টেম্বর।
