Published : 01 Apr 2026, 07:18 PM
২০২৬ আইপিএলের নিলামের তালিকায় নাম না থাকা উল্লেখযোগ্য ক্রিকেটারদের একজন ছিলেন অ্যাডাম জ্যাম্পা। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা অস্ট্রেলিয়ান স্পিনার বললেন, তিনি নিজে থেকেই নিলামের জন্য নাম নিবন্ধন করেননি। আর্থিক ও সময়ের দিক বিবেচনায় আইপিএলের চেয়ে পিএসএলকে বেছে নেওয়াটাই যুক্তিসঙ্গত মনে হয়েছে তার কাছে।
গত বছরের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম দুটি ম্যাচে ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে খেলেন জ্যাম্পা। ওভারপ্রতি ১১.৭৫ করে রান দিয়ে এই লেগ স্পিনার উইকেট নিতে পারেন দুটি। পরে চোটের কারণে আসর থেকে ছিটকে পড়েন তিনি।
২০২৫ আইপিএলের মেগা নিলামে তাকে দুই কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছিল হায়দরাবাদ। এবারের আসরের মিনি নিলামের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। গত ডিসেম্বরের নিলামে ছিল না তার নাম।
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সফলতম বোলার জ্যাম্পা। এই সংস্করণে ১১৫ ম্যাচে তার উইকেট ১৪৭টি। কিন্তু আইপিএলে নিজের ছাপ সেভাবে কখনও রাখতে পারেননি তিনি।
ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে তার অভিষেক হয় ২০১৬ সালে। পরে খেলেছেন ২০১৭, ২০২০, ২০২৩ ও ২০২৫ সালে। মোট চারটি দলের হয়ে ২২ ম্যাচ খেলে তিনি উইকেট নিতে পেরেছেন ৩১টি। ওভারপ্রতি রান দিয়েছেন ৮.৩৮ করে।
পিএসএলে তিনি খেলছেন করাচি কিংসের হয়ে। এআরওয়াই পডকাস্ট-এ ৩৪ বছর বয়সী ক্রিকেটার তুলে ধরলেন আইপিএলের বদলে পিএসএল বেছে নেওয়ার কারণ।
“আমি এই বছর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছি। সত্যি বলতে, আমার মতো দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়ের জন্য এখানে অন্যান্য খেলোয়াড়দের মতো অর্থ পাই না। আর আইপিএলে যে পরিমাণ সময় লাগে, তাতে আমার পক্ষে এখানে খেলা চালিয়ে যাওয়াটা যুক্তিসঙ্গত মনে হয়নি।”
“আমার আসলে বিরতি নেওয়ার কথা ছিল, কিন্তু মাসখানেক আগে পিএসএল আমার নজরে আসে। সবকিছু বেশ দ্রুতই ঘটে যায়, তবে এখানে উপভোগ করছি আমি।”