২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড-উইন্ডিজসহ আরও যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে মাঠে নামবে লিটন কুমার দাসের দল।

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড-উইন্ডিজসহ আরও যারা
বিশ্বকাপে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 08:18 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে পেয়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নেপাল ও নবাগত ইতালি।

দুইবারের শিরোপাজয়ী ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক প্রতিযোগিতা শুরু করবে লিটন কুমার দাসের দল।

মুম্বাইয়ে মঙ্গলবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করে আইসিসি।

২০ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। ফের একই গ্রুপে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

আরেক স্বাগতিক শ্রীলঙ্কা আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের চার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।

‘ডি’ গ্রুপে রাখা হয়েছে নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে নামবে বাংলাদেশ।

লিটন-সাইফদের পরের দুই ম্যাচও একই মাঠে; ৯ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া ইতালির এবং ১৪ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে; আগামী ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে লড়বে তারা।

আসর শুরুর দিনে মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে শিরোপাধারী ভারত। টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ, ভারত-পাকিস্তান লড়াই হবে কলম্বোতে। আগামী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। যদি সেমি-ফাইনাল ও ফাইনালে খেলে পাকিস্তান, তাহলে ম্যাচ দুটি হবে কলম্বোয়। অন্যথায়, ওই সেমি-ফাইনাল (যেটিকে ধরা হয়েছে প্রথম সেমি-ফাইনাল) হবে কলকাতায় এবং ফাইনাল হবে আহমেদাবাদে। অন্য সেমি-ফাইনালটি হবে মুম্বাইয়ে।

প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল যাবে সুপার এইট পর্বে। সেখানে আট দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। সুপার এইটের দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমি-ফাইনালে। শেষ চারের লড়াই দুটি হবে আগামী ৪ ও ৫ মার্চ। শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে ৮ মার্চ।

বাংলাদেশের গ্রুপ থেকে সুপার এইটের জন্য সিডিং করা আছে ইংল্যান্ড (Y1) ও ওয়েস্ট ইন্ডিজের (X3)। বাংলাদেশের যদি ইংল্যান্ডের জায়গায় সুপার এইটে ওঠে, সেই পর্বের দুটি ম্যাচ খেলবে তারা ক্যান্ডিতে, একটি কলম্বোয়। যদি ওয়েস্ট ইন্ডিজের জায়গায় বাংলাদেশ ওঠে, ম্যাচ তিনটি তারা খেলবে মুম্বাই, আহমেদাবাদ ও কলকাতায়। 

২৯ দিন ব্যাপী টুর্নামেন্টটি হবে মোট আটটি ভেন্যুতে; ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার তিনটি। ভারতে খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়াম, দিল্লির আরুন জেটলি স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সে।

শ্রীলঙ্কায় ম্যাচগুলো হবে কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়াম, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড ও ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ ম্যাচ:

তারিখ ও বার

ম্যাচ

সময়

ভেন্যু

৭ ফেব্রুয়ারি, শনিবার

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

বিকাল ৩:৩০

কলকাতা

৯ ফেব্রুয়ারি, সোমবার

বাংলাদেশ-ইতালি

সকাল ১১:৩০

কলকাতা

১৪ ফেব্রুয়ারি, শনিবার

বাংলাদেশ-ইংল্যান্ড

বিকাল ৩:৩০

কলকাতা

১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার

বাংলাদেশ-নেপাল

সন্ধ্যা ৭:৩০

মুম্বাই