সিমন্সও বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা প্রস্তুতি হচ্ছে না বাংলাদেশের
গ্রুপের অন্য সব দল টুর্নামেন্ট শুরুর আগে ওয়ানডে ম্যাচ খেলছে, কিন্তু বাংলাদেশ এই আসরে খেলতে যাচ্ছে বিপিএল খেলার পর।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার যখন অনুশীলন করছে বাংলাদেশ দল, লাহোরে তখন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচ খেলছে দক্ষিণ আফ্রিক ও নিউ জিল্যান্ড। স্বাগতিক পাকিস্তান তো এই টুর্নামেন্টে আছেই। ভারতে চলছে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজে। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে সূচিতে একটি ওয়ানডে ছিল অস্ট্রেলিয়ার। সেটি বাড়িয়ে তারা খেলবে দুই ম্যাচের সিরিজ।
চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি দলই কেবল ব্যতিক্রম- বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ তো ওয়ানডের এই বৈশ্বিক আসরে খেলতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির লম্বা আসর শেষে। ফিল সিমন্স মানছেন, প্রস্তুতি খুব আদর্শ হচ্ছে না দলের। তবে বাংলাদেশের প্রধান কোচের আশা, খেলার মধ্যেই থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছন্দ পেতে সমস্যা হবে না ক্রিকেটারদের।
বিপিএলের শেষ আর চ্যাম্পিয়নস ট্রফির শুরুর মাঝে বিরতি নেই দুই সপ্তাহও। টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে শনিবার থেকে শুরু হয়েছে ৫ দিনের অনুশীলন ক্যাম্প। বিপিএল শেষ করে ছুটিতে থাকায় প্রথম তিন দিনেও যোগ দেননি স্কোয়াডের সব ক্রিকেটার। দেশ ছাড়ার আগে প্রস্তুতির ঘাটতি নিশ্চিতভাবেই রয়ে যাচ্ছে।
ঘাটতি থাকছে ম্যাচ অনুশীলনেও। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে প্রায় দুই মাস আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তাই ম্যাচ অনুশীলনে গ্রুপের প্রতিপক্ষ তিন দলের চেয়ে পিছিয়েই থাকছে তারা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সংবাদ সম্মেলনে ঘাটতিটুকু মেনে নিয়ে সিমন্স শোনালেন আশার কথা।
“আমি মানছি যে এটি সেরা প্রস্তুতি নয়। তবে একটা জিনিস আমি বলব যে, তারা খেলার মধ্যে ছিল এবং সাদা বলের ক্রিকেটই খেলছিল। যার মানে স্কিলের দিক থেকে তারা তীক্ষ্ণই আছে।"
"আমার মনে হয়, আগামী ৬-৭ দিনে ওদের মানসিকতা ৫০ ওভারের ক্রিকেটের দিকে আনতে হবে। স্কিল ওদের আছে, ওদেরকে পারফর্ম করতে দেখেছি আমরা। তাই এখন ৫০ ওভারের মানসিকতা আনাটাই মূল ব্যাপার।”
বিপিএলে ম্যাচ অনুশীলনের মধ্যে থাকলেও সেখানে খেলার মেজাজ ও ধরন পুরোপুরি ভিন্ন। এবার ওয়ানডে টুর্নামেন্টে খেলতে নামার আগে প্রস্তুতি পর্বে তাই ক্রিকেটারদের দুই বেলা ব্যাটিং ও বোলিং অনুশীলনের পরিকল্পনা নিয়েছে কোচিং প্যানেল।
“হ্যাঁ, এটি (লম্বা ব্যাটিং-বোলিং সেশন) গুরুত্বপূর্ণ। যে কারণে সামনের কয়েক দিন আমাদের অনুশীলনের সেশন দ্বিগুণ করে দেওয়া হয়েছে। যেখানে আমরা সকালে ব্যাটিং-বোলিং করব। পরে সন্ধ্যায় আলোর নিচেও একই। যাতে আমরা ৫০ ওভার ব্যাটিংয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি।”
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। সেখানেও কয়েক দিন অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ২৪ তারিখ নিউ জিল্যান্ড ও ২৭ তারিখ স্বাগতিকদের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।
সিমন্স বললেন, আপাতত দুবাইয়ের ম্যাচের জন্যই প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা।
“প্রাথমিক প্রস্তুতিটা দুবাইয়ের জন্য। আমার মতে, আমরা যদি মানসিক দিক থেকে উপযুক্ত স্থানে পৌঁছাতে পারি এবং দুবাইয়ের জন্য সঠিক কাজগুলো করতে পারি, তাহলে টুর্নামেন্টের শুরুটা ভালো করতে পারব। আর শুরুটা ভালো হলে... এরপর আমরা পাকিস্তানে যাব, সেখানে কন্ডিশন বাংলাদেশের মতোই।”
