২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ সপ্তাহের জন্য ছিটকে গেলেন সাইম

ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও শঙ্কা জেগেছে পাকিস্তানের এই তরুণ ওপেনারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2025, 06:20 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

কেপ টাউন টেস্টের প্রথম দিনে সাইম আইয়ুবকে হাসপাতালে নেওয়ার সময়ই মনে হচ্ছিল, তার অবস্থা গুরুতর। সেই শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। অ্যাঙ্কেলে মারাত্মক চোট পেয়েছেন তিনি। সেরে উঠতে ছয় সপ্তাহের মতো সময় লাগবে পাকিস্তান ওপেনারের। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান নিউ ইয়ার টেস্ট তো বটেই, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সাইমকে পাবে না পাকিস্তান। ফেব্রুয়ারির শুরুতে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারবেন না তিনি।

৬ সপ্তাহ পরই পাকিস্তানের মাটিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য সময়মতো ফিট হয়ে উঠতে পারবেন কিনা, সেটা নিয়েও জেগেছে শঙ্কা।

প্রোটিয়াদের বিপক্ষে চলমান টেস্টের প্রথম সকালে চোট পান সাইম। ম্যাচের সপ্তম ওভারের ঘটনা এটি। রায়ান রিকেলটনের ব্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে বাউন্ডারির দিকে ছোটা বলের পেছনে দৌড় দেন আমের জামাল ও সাইম। বাউন্ডারি বাঁচিয়ে বল পেছনের দিকে ঠেলে দেন জামাল। 

দৌড়ের মধ্যে হঠাৎ থামতে গিয়ে পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলেন সাইম। তাতে মচকে যায় তার অ্যাঙ্কেল। সঙ্গে সঙ্গে বসে পড়েন তিনি। কাতরাতে থাকেন ব্যথায়। তাৎক্ষণিকভাবে মাঠে ঢুকে তার অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মাঠের বাইরে নিয়ে আসেন ফিজিও। সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এমআরআই স্ক্যান করানোর পর পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, চিড় ধরা পড়েছে সাইমের ডান পায়ের অ্যাঙ্কেলে। আপাতত দলের সঙ্গেই থাকবেন তিনি।