২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয়ের পর আবার শ্রীলঙ্কার শাস্তি

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দুই ম্যাচেই জরিমানা গুনতে হলো শ্রীলঙ্কাকে।

সিরিজ জয়ের পর আবার শ্রীলঙ্কার শাস্তি
দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 10:31 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

টানা দ্বিতীয় ম্যাচের পর শ্রীলঙ্কার একই পরিণতি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে লঙ্কান ক্রিকেটারদের। 

আইসিসি সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার শাস্তির কথা জানায়। বলা হয়, হারারেতে রোববারের ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছে লঙ্কানরা।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৭ রান করে জিম্বাবুয়ে। পাথুম নিসাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ৫ উইকেটে জিতে যায় ৩ বল বাকি থাকতে। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। 

শ্রীলঙ্কার ৭ রানে জেতা প্রথম ম্যাচেও মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছিল তাদের।

এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই দুই দল। প্রথম ম্যাচ হবে বুধবার। এই ম্যাচগুলোও হবে হারারেতে।