২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গতবার আহসান মঞ্জিলে, আগেরবার মেট্রো রেলে, বিপিএলে এবার ফটোসেশন কোথায়

এবার টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কদের নিয়ে ফটোসেশন হয়নি, ফাইনালের আগেও দুই অধিনায়ককে নিয়ে নেই এমন কোনো আয়োজন।

গতবার আহসান মঞ্জিলে, আগেরবার মেট্রো রেলে, বিপিএলে এবার ফটোসেশন কোথায়
ফাইনালের দুই অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 05:35 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

দুই দলের সঙ্গে যোগাযোগ করে জানা গেল, তারা নিজেরাই অনিশ্চয়তায় আছেন। অধিনায়কেরা জানেন না কিছু, টিম ম্যানেজমেন্টও কোনো দিক থেকে কোনো বার্তা পায়নি। বিসিবিতে খবর নেওয়ার পর অবশ্য অনিশ্চয়তা কেটে গেল। বিপিএল ফাইনালের আগে এবার দুই অধিনায়ককে নিয়ে ট্রফি নিয়ে অফিসিয়াল ফটোসেশন বা কোনো ধরনের আয়োজনই নেই!

অনেক বিতর্ক, প্রশ্ন, ঘাটতির মধ্যেও গত কয়েক বছরে বিপিএলকে ব্র্যান্ডিং করার কিছু ইতিবাচক প্রচেষ্টা দৃশ্যমান ছিল। অধিনায়কদের ফটোসেশন যেমন। টুর্নামেন্ট শুরুর আগে সব দলের অধিনায়ক বা প্রতিনিধি নিয়ে এবং ফাইনালের আগে দুই দলের প্রতিনিধি নিয়ে ফটোসেশন হয়ে আসছিল। গত দুই আসরে তো ব্যাপারটিকে ভিন্ন মাত্রাও দেওয়া হয়েছিল। গত বছর ফাইনালের আগে ফটোসেশন হয়েছিল ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। ২০২৩ আসরের ফাইনালের আগে ফটোসেশন ছিল মেট্রো রেল স্টেশনে।

এবার বিশেষ কোনো জায়গায় যাওয়া তো বহুদূর, এই ধরনের কোনো আয়োজনই রাখা হয়নি।

বিসিবির মিডিয়া বিভাগ থেকে বলা হলো, এবার এরকম ভাবনা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ছোট্ট করে শুধু বললেন, “এবার এমন কিছু হচ্ছে না।”

সংবাদ মাধ্যমের ক্রমাগত প্রশ্ন দেখেই হয়তো পরে নতুন উপলব্ধি হলো বিপিএল গভর্নিং কাউন্সিলের। বিকেল সাড়ে ৫টায় বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হলো, দুই ঘণ্টা পর টিম হোটেলে ফটোসেশনের আয়োজন রাখা হচ্ছে। 

শেষ নয় এখানেই, ফাইনালের আগে দুই অধিনায়কের সংবাদ সম্মেলনও নিশ্চিত করতে পারেনি এবার বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে আগের রাতে কোয়ালিফায়ার খেলা চিটাগং কিংসের অনুশীলন ছিল না এ দিন। তাদের কোনো প্রতিনিধিও আসেননি মাঠে।

সাধারণত, অনুশীলন না থাকলেও ফাইনালের মতো ম্যাচের আগে অধিনায়ক বা কোচ কিংবা কোনো প্রতিনিধি মাঠে এসেই সংবাদ সম্মেলন করেন। এটা নিয়মিত আনুষ্ঠানিকতা ও রীতি। এবার চিটাগংয়ের তা হচ্ছে না। বিকেলে অবশ্য টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা কোচ শন টেইট ও সহকারী কোচ এনামুল হক জুনিয়রের। তবে সেটা তো আর সত্যিকার অর্থে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হলো না!

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে তামিম ইকবালও বললেন ফটোসেশন না হওয়ার ব্যাপারটি নিয়ে। তবে টুর্নামেন্টজুড়ে বেশ কয়েকবার নানা কিছু নিয়ে সমালোচনা করা ফরচুন বরিশাল অধিনায়ক শেষের আগে একটু নিরাপদ ব্যাটিংও করতে চাইলেন।

“অনেক কিছু হতে পারত, অনেক কিছু করা যেত, এসব নিয়ে আমরা সারাক্ষণ বিতর্ক করতে পারি। তবে অনেক কিছু ভালো হয়েছে, এটাও স্বীকার করতে হবে। মাঠের ক্রিকেট ভালো হয়েছে, উইকেট, রান এগুলো ভালো ছিল। কোনো সন্দেহ নেই, অনেক ঘাটতি পূরণ করার ব্যাপার আছে। তবে দিন শেষে, এটা আমাদের নিজের টুর্নামেন্ট।”

“আমিও অনেক প্রশ্ন তুলেছি, আরও অনেক ক্রিকেটার বলেছে, মিডিয়া করেছে। তবে এটা আমাদেরই টুর্নামেন্ট। কোনোভাবে এটাকে রক্ষা করতে হবে আমাদের, যেন ওই সুযোগটা থাকে পরের বছর আরও ভালো করার। এটাকে যদি আমরা প্রতিদিন একই কথা বলে নষ্ট করে দেই, তাহলে বার্তাগুলো খুব বেশি ভালো যায় না বিদেশে। অবশ্যই আমরা কাজগুলোও এরকম করছি, যে ভালো বার্তা যাওয়ার মতো নয়। এটাকে ডিফেন্ড করছি না। তবে কখনও কখনো নিজের বাসার জিনিস একটু রক্ষা করে চলতে পারলে তা শুধু ক্রিকেটারদের জন্যই ভালো নয়, সবার জন্যই ভালো। আমাদেরকে দেখতে হবে, সম্মানটাকে আমরা কীভাবে রাখতে পারি।”

ফটোনেশন নিয়ে নিজেদের দায়ও দিলেন তামিম। ২০২৩ ফাইনালের ফটোসেশনে যেমন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস থাকলেও ছিলেন না সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার বদলে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম। গত আসরে তো দুই দলের অধিনায়ক তামিম ও লিটন কুমার দাসের কেউই ছিলেন না। আহসান মঞ্জিলে কুমিল্লার প্রতিনিধি ছিলেন জাকের আলি, বরিশালের মেহেদী হাসান মিরাজ।

নিজেদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বোর্ডের দায়িত্বের কথাও এখানে মনে করিয়ে দিলেন তামিম। 

“গতবার গিয়েছিল মিরাজ ও জাকের আলি। হওয়া উচিত ছিল আমার ও লিটন দাসের। আমাদেরও দোষ আছে। তবে এই জিনিসটা যদি আরেকটু ভালোভাবে পরিকল্পনা করা যায়… যেমন, আমি তখন যাইনি, কারণ আগের রাতে খেলেছি সেমি-ফাইনাল (কোয়ালিফায়ার), ঘুম থেকে উঠে আমার পক্ষে ওই জায়গায় যাওয়া অসম্ভব ছিল প্রায়। আমি নিশ্চিত, এটা হলে অবশ্যই ভালো হতো। কিন্তু পরিকল্পনা আগের থেকে জানা থাকলে এটা গোছানো ভাবে করা সম্ভব।”