২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফের মন্তব্য ‘ব্যক্তিগত ক্ষোভ থেকে’, বাফুফের কাছে দুঃখপ্রকাশ বিসিবির

ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যের জন্য বাফুফে সভাপতির কাছে দুঃখপ্রকাশ করেছেন বিসিবি সভাপতি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 07:02 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যকে বিসিবির অবস্থান হিসেবে বিবেচনা না করার অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে, আসিফের বক্তব্যটি ছিল ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে। ফুটবল পরিবার ও ভক্তদের মনে আঘাত দিয়ে থাকলে দুঃখপ্রকাশও করেছেন বিসিবি প্রধান।

বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বরাবর পাঠানো চিঠিতে বিসিবি সভাপতি তুলে ধরেন আসিফের বক্তব্যের প্রেক্ষাপট।

‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ২০২৫ অনুষ্ঠানে যে তথাকথিত বক্তব্যটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বক্তব্যটি তিনি প্রদান করেছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে, একজন বোর্ড পরিচালক হিসেবে নয়। আমার জানা মতে, তিনি তার নিজ জেলার ক্রিকেট কার্যক্রম ও মাঠ ব্যবহার–সংক্রান্ত কিছু দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের পরিপ্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছেন।’

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, কোনো ব্যক্তির ব্যক্তিগত মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলিত করে না। আপনার অবগতির জন্য আমি সুদৃঢ়ভাবে আরও জানাতে চাই, বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ২০২৫–এ প্রদানকৃত বক্তব্যটি ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি এবং সেটিকে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে বিবেচনা করা সঙ্গত হবে না।’

আসিফের বক্তব্যের সঙ্গে বোর্ডের সংশ্লিষ্ট নেই বলে দাবি করলেও সেই বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন বিসিবি সভাপতি।

‘যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

গত ৯ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের উদ্বোধনী দিনে ফুটবল ও ফুটবলারদের তীব্রভাবে আক্রমণ করেন আসিফ, “আমরা যেটা বড় সমস্যার মুখোমুখি হচ্ছি, ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না, সারা দেশে। এরা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে।” ফুটবলারদের আচরণকেও প্রশ্নবিদ্ধ করেন জনপ্রিয় এই গায়ক, “প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও স্টেডিয়াম অকুপাই করে রেখেছে। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, এটা আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, এখানে অনেক নিয়মকানুন আছে, রেকর্ডের খেলা।”

প্রয়োজনে ফুটবলের সঙ্গে মারামারি করবেন বলেও মন্তব্য করেন তিনি। 

“ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র স্বাভাবিকভাবেই, আভিজাত্যের ইস্যু আছে এখানে। আমার আবার একটু সমস্যা আছে। আমি আবার অত ভদ্র না…যদি ফুটবল মারপিট করে, আমিও মারপিট করব, নো প্রোবলেম…যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে।”

পরদিন বিসিবি সভাপতির কাছে পাঠানো চিঠিতে আসিফের মন্তব্যকে ‘অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক’ উল্লেখ করে ব্যাখ্যা দাবি করেন বাফুফে সভাপতি। সাবেক ফুটবলারদের অনেকে সমালোচনা করেন আসিফের, অনেকেই তাকে ক্ষমা চাওয়ার আহবান জানান। 

তবে আসিফ পরের কয়েক দিনে বিভিন্ন সংবাদমাধ্যমে বক্তব্যে আগের সেই কথাগুলিই আবার বলেন নানাভাবে।