রুটের জোড়া সেঞ্চুরি, শ্রীলঙ্কার সামনে রানের পাহাড়
লর্ডস টেস্টে জয়ের পথ তৈরি করে ফেলেছে ইংল্যান্ড।
টেস্ট ক্যারিয়ারে জো রুট সেঞ্চুরি তো কম করেননি। তবে একটি অপ্রাপ্তি তার ছিলই। অবশেষে ঘুচল সেই আক্ষেপ। ইংলিশ তারকা প্রথমবার পেলেন ম্যাচে জোড়া সেঞ্চুরির স্বাদ। নাম লেখালেন একগাদা রেকর্ডে। শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দিয়ে জয়ের পথ তৈরি করে ফেলল ইংল্যান্ড।
সিরিজের দ্বিতীয় টেস্টে ৪৮৩ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৫৩ রান। আলোকস্বল্পতায় শনিবার খেলা শেষ হয় দিনের ২২ ওভার বাকি থাকতে।
এদিন সব আলো কেড়ে নেন রুট। আগের দিনের ১ উইকেটে ২৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ২৫১ রানে। রুট একাই করেন ১০৩ রান। তার ১২১ বলের ইনিংস গড়া ১০টি চারে।
প্রথম ইনিংসে তিন অঙ্ক ছুঁয়ে ইংল্যান্ডের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে স্যার অ্যালেস্টার কুকের পাশে বসেন রুট। এবার ৩৪ নম্বর সেঞ্চুরিতে তিনি এককভাবে চূড়ায় উঠলেন।
গ্রাহাম গুচ ও মাইকেল ভনকে ছাড়িয়ে লর্ডসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নেন রুট, ৭টি। এই মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ডে তিনি ছাড়িয়ে যান গুচকে।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে সেঞ্চুরির ফিফটিও (৫০টি) হয়ে গেল রুটের।
শুধু ব্যাটিংয়েই থেমে থাকেননি তিনি। স্লিপে দুটি ক্যাচ নিয়ে গড়েন আরেক কীর্তি। টেস্ট ইতিহাসে চতুর্থ ক্রিকেটার (উইকেটকিপার বাদে) হিসেবে স্পর্শ করেন দুইশ ক্যাচ নেওয়ার মাইলফলক। দিনটাই যে তার!
প্রথম ইনিংসের ২৩১ রানের লিড মিলিয়ে দ্বিতীয় দিনেই ২৫৬ রানে এগিয়ে ছিল ইংল্যান্ড। তৃতীয় দিনে রুট ছাড়া ত্রিশ ছাড়াতে পারেন আর কেবল একজন। ৩৬ বলে ৩৭ রান করেন হ্যারি ব্রুক।
ড্যান লরেন্স ও অলি পোপ ব্যর্থ হন আরেকবার। জেমি স্মিথ ফেরেন ২৬ রান করে। চারে নামা রুট একাই টানেন দলকে। ফিফটি পূর্ণ করেন তিনি ৬৫ বলে।
অষ্টম ব্যাটসম্যান হিসেবে ম্যাথু পটস বিদায় নেন যখন, সেঞ্চুরি থেকে তখনও ১২ রান দূরে রুট। ৯৮ থেকে চার মেরে ১১১ বলে তিন অঙ্কে পা রাখেন তিনি। টেস্টে তার দ্রুততম সেঞ্চুরি এটিই।
রুটকে ফিরিয়েই ইংল্যান্ডের ইনিংস থামান লাহিরু কুমারা। তার ও আরেক পেসার আসিথা ফার্নান্দোর শিকার ৩টি করে উইকেট।
বিশাল লক্ষ্য তাড়ায় ফের ব্যর্থ হন নিশান মাদুশকা ও পাথুম নিসাঙ্কা। গাস অ্যাটকিনসনের বলে স্লিপে ধরা পড়েন মাদুশকা, অলি স্টোনের বলে নিসাঙ্কাও ক্যাচ দেন স্লিপে, দুটি ক্যাচই নেন রুট।
প্রাবাথ জায়াসুরিয়াকে নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবেন দিমুথ কারুনারাত্নে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪২৭
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৯৬
ইংল্যান্ড ২ম ইনিংস: ৫৪.৩ ওভারে ২৫১ (আগের দিন ২৫/১) (ডাকেট ২৪, পোপ ১৭, রুট ১০৩, ব্রুক ৩৭, স্মিথ ২৬, ওকস ৫, অ্যাটকিনসন ১৪, পটস ২, স্টোন ৭, বাশির ১*; আসিথা ১৩-০-৫২-৩, কুমারা ১৩.৩-০-৫৩-৩, রাত্নায়েকে ৯-১-৩৬-২, জায়াসুরিয়া ২০-২-১০৫-২)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৪৮৩) ২০ ওভারে ৫৩/২ (মাদুশকা ১৩, কারুনারাত্নে ২৩*, নিসাঙ্কা ১৪, জায়াসুরিয়া ৩*; ওকস ৫-১-৯-০, অ্যাটকিনসন ৪-০-১৫-১, বাশির ৫-০-১১-০, রুট ৪-১-৯-০, পটস ১-০-৮-০, স্টোন ১-০-১-১)
