২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯৫ রানের পর রিজানের ৫ উইকেট, প্রোটিয়াদের হারিয়ে শিরোপা যুবাদের

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

৯৫ রানের পর রিজানের ৫ উইকেট, প্রোটিয়াদের হারিয়ে শিরোপা যুবাদের
উইকেট নেওয়ার পর উদযাপন করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 09:51 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

নিজের সেরাটা যেন ফাইনালের জন্য জমিয়ে রেখেছিলেন রিজান হোসেন। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির খুব কাছ থেকে হতাশা নিয়ে ফেরার পর বল হাতে আলো ছড়ালেন তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ।

হারারেতে রোববারের ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩৩ রানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে এটি তাদের তৃতীয় জয়।

প্রায় একশ স্ট্রাইক রেটের ব্যাটিংয়ে ৯৫ রান করেন রিজান। তার ৯৬ বলের ইনিংসটি গড়া ১০ চারে। রিজানের সঙ্গে ১১৭ রানের জুটিতে ৬ চারে ৬৫ রান করেন কালাম সিদ্দিকি। এই দুইজনের সঙ্গে বাকিদের অবদানে ২৬৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশের যুবারা।

ম্যাচের দ্বিতীয়ভাগেও সব আলো কেড়ে নেন রিজান। পেস বোলিংয়ে ৩৪ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। পেসার আল ফাহাদ ধরেন ৩ শিকার। লেগ স্পিনার স্বাধীন ইসলামের প্রাপ্তি দুটি। তাদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ২৩৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

যুব ওয়ানডের কোনো প্রতিযোগিতার ফাইনালে পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার রিজান। ২০২৩ সালে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে খেলা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। শিরোপা নির্ধারণী সেই লড়াইয়ে আফগানদের ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দেয় বাংলাদেশ। ৪১ রানের উদ্বোধনী জুটি গড়েন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। তিন ওভারের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা।

তিনে নেমে উইকেট ধরে রাখার চেষ্টা চালান আজিজুল হাকিম। ৭ রান করতে ২৭ বল খেলেন বাংলাদেশ অধিনায়ক। ৬৫ রান ৩ উইকেট হারানো বাংলাদেশকে টানেন কালাম ও রিজান।

তাদের শতরানের যুগলবন্দিতে দুইশর কাছে চলে যায় বাংলাদেশের রান। ৫৪ বলে ফিফটি করা কালামকে বিদায় করে প্রতিরোধ ভাঙেন মাবাথা। এরপর আবদুল্লাহকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েন রিজান।

৬১ বলে ফিফটি করা রিজান ৪৮তম ওভারে আক্ষেপ নিয়ে ফেরেন, রানআউটে কাটা পড়েন তিনি। তাতে ভাঙে ৬৩ রানের জুটি।

রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার শুরুটা হয় দুর্দান্ত। শুরুর জুটিতে ৮ ওভারেই ৫৯ রান তুলে ফেলেন আডনান লাগাডিন ও ইউরিখ ফন স্কালভিক। নিজের পরপর দুই ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দেন আল ফাহাদ। ১ ছক্কা ও ৭ চারে দলের সর্বোচ্চ ৪০ রান করেন লাগাডিন।

৩ চারে ৩১ রান করা মুহাম্মেদ বুলবুলিয়াকে বোল্ড করে শিকার ধরা শুরু করেন রিজান। কয়েক ওভার পর আরমান ম্যানাককে বিদায় করেন তিনি। একটি করে ছক্কা-চারে ৩৫ রান করা দক্ষিণ আফ্রিকা অধিনায়ক  জেসন রোলেস স্বাধীনের শিকার।

এরপর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১৬৪ রানে ৭ উইকেট হারানো দলকে নিয়ে লড়াই চালান মাবাথা ও সোনি। তাদের ৫৯ রানের জুটি ভাঙেন রিজান, ৩৪ রান করা সোনিকে বিদায় করে।

পরের ওভারে মাবাথা (২৯) ও মাজোলাকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেওয়ার পাশাপাশি পাঁচ উইকেট পূর্ণ করেন রিজান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৬৯/৫ (জাওয়াদ ২১, রিফাত ১৬, আজিজুল ৭, কালাম ৬৫, রিজান ৯৫, আবদুল্লাহ ৩৮, সামিউন ১২; ব্যাসন ৯-০-৫১-০, মাজোলা ১০-২-৪১-১, সোনি ১০-০-৫০-০, মাবাথা ১০-০-৫০-২, জেমস ৮-০-৫১-০, রোলেস ৩-০-২০-০)

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.৪ ওভারে ২৩৬ (ফন স্কালভিক ১৯, লাগাডিন ৪০, বুলবুলিয়া ৩১, রোলেস ৩৫, ম্যানাক ৮, জেমস ১৪, বোসম্যান ৮, মাবাথা ২৯, সোনি ৩৪, ব্যাসন ৮, মাজোলা ০; ফাহাদ ৯-০-৫০-৩, সানজিদ ৫-০-৪০-০, আল-আমিন ১-০-৬-০, সামিউন ১০-০-৫০-০, আজিজুল ৫-০-২২-০, রিজান ৮.৪-১-৩৪-৫, স্বাধীন ১০-০-৩৪-২)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৩ রানে জয়ী