Published : 30 Jan 2026, 04:14 PM
তিন সপ্তাহের বেশি সময় ধরে আইসিসির সঙ্গে বাংলাদেশের দ্বন্দ্ব চলার সময়ে কোনো মন্তব্য না করা শ্রীলঙ্কা অবশেষে এই ব্যাপারে মুখ খুলেছে। দেশটির ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, যে কোনো ধরনের আঞ্চলিক দ্বন্দ্ব এড়াতে চান তারা।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ায় শুরু হয় সঙ্কট। এর আগে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি তোলে। মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণ নিয়ে এখনও ভারতীয় ক্রিকেট বোর্ড, আইপিএল কিংবা কলকাতা নাইট রাইডার্স কোনো মন্তব্য করেনি।
মুস্তাফিজের বাদ পড়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানায়। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়।
বাংলাদেশের দাবি মেনে নেয়নি আইসিসি। গণমাধ্যমের খবর অনুযায়ী, সংস্থাটির সভায় ভোটে ১৪-২ ব্যবধানে হেরে যায় বিসিবি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তখন তাদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
বাংলাদেশ জানিয়ে দেয়, অবস্থান বদলাবে না, ভারতে গিয়ে ক্রিকেট দল কোনো ম্যাচ খেলবে না। পরে লিটন দাসের দলের জায়গায় স্কটল্যান্ডকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানায় আইসিসি। বাছাইপর্ব উতরাতে না পারা দলটি ওই আমন্ত্রণ গ্রহণ করে।
বিষয়টি নিয়ে বাংলাদেশের ক্রিকেটে তুমুল উত্তেজনা ছড়ায়। আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান ক্রিকেটও। বিভিন্ন গণমাধ্যমে খবর আসে যে, তারা বিশ্বকাপ বয়কটও করতে পারে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবিও সম্প্রতি তেমন আভাস দিয়ে রেখছেন।
তবে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামাতেই চায় না। এসএলসি সচিব বান্দুলা দিসানায়েকে তাই বললেন।
“ভারত, পাকিস্তান ও বাংলাদেশের এই ধরনের ঝামেলায় আমরা নিরপেক্ষ থাকব। এরা সবাই আমাদের বন্ধু রাষ্ট্র।”
নিজেদের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে অনেক দিন ধরে ভারত কিংবা পাকিস্তানে অনুষ্ঠিত কোনো টুর্নামেন্টে এই দুই দল তাদের ম্যাচগুলো খেলে নিরপেক্ষ ভেন্যুতে। এবারের আসরে যেমন পাকিস্তান তাদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।
ভবিষ্যতে কোনো দেশ চাইলে অবশ্য তাদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনে আগ্রহ থাকার কথা বললেন বান্দুলা দিসানায়েকে।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর, ফাইনাল হবে ৮ মার্চ।