২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডিলেইডে বিধ্বস্ত হয়ে বাজে ব্যাটিংয়ের দায় নিলেন রোহিত

প্রতিপক্ষের ব্যাটিংয়ের সময় সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার কথাও বললেন ভারত অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 07:46 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

লাল কিংবা গোলাপি বলের টেস্ট, প্রথম ইনিংসের রান সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই জায়গায় বারবার ভুগছে ভারত। সবশেষ পাঁচ টেস্টের চারটিতেই প্রথম ইনিংসে দুইশ ছুঁতে পারেনি তারা। অ্যাডিলেইডে তো দুই ইনিংসেই ব্যর্থ তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির ম্যাচটিতে বিধ্বস্ত হওয়ার পর নিজেদের বাজে ব্যাটিংয়ের কথা অকপটে স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শার্মা।

বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হারে ভারত। দিবা-রাত্রির ম্যাচটির প্রথম ইনিংসে কেবল ১৮০ রান করতে পারে তারা। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৭৫ রানে।

পার্থে ২৯৫ রানে জেতা ম্যাচের প্রথম ইনিংসেও ব্যর্থ ছিল ভারতের ব্যাটিং। যদিও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় তারা দারুণভাবে। প্রথমভাগে ১৫০ রানের পর ৬ উইকেটে ৪৮৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দলটি।

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হয়ে অস্ট্রেলিয়ায় যায় ভারত। ওই সিরিজের পুনে টেস্টে প্রথম ইনিংসে ১৫৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। পরে বেঙ্গালুরুতে প্রথমবারে গুটিয়ে যায় স্রেফ ৪৬ রানে। সিরিজটির প্রতিটি ম্যাচ ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন ছিল বলে মনে করেন রোহিত। যদিও ঘরের মাঠে চ্যালেঞ্জিং কন্ডিশনে খেলার চাওয়া তাদেরই ছিল।

কিন্তু অস্ট্রেলিয়ায় এমন ব্যাটিংয়ে নিজেদের দায় ছাড়া কিছু দেখছেন না রোহিত। অ্যাডিলেইড টেস্ট শেষে সংবাদ সম্মেলনে তাই, খারাপ ব্যাটিং করার কথা মেনে নিয়েছেন তিনি। 

“আমার মনে হয়, অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ জেতার সেরা সুযোগটি পাওয়া যায় দলের খাতায় রান তুলতে পারলে। প্রথম ইনিংসে আমরা ৩০-৪০ রান কম করেছিলাম। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় কিছু সুযোগ এসেছিল, যেগুলো নিতে আমরা ব্যর্থ হয়েছি (ট্রাভিস হেড ৭৮ রানে জীবন পেয়ে ১৪০ রান করে)। আর এমন সুযোগগুলো মিস করলে (ঘুরে দাঁড়ানো) কখনই সহজ নয় এবং সহজ হবেও না। প্রতিপক্ষ সবসময়ই এর মাশুল আপনাকে বুঝিয়ে দেবে এবং এটিই ঘটেছে। দ্বিতীয় ইনিংসেও আমাদের মনে হয়েছে কন্ডিশন ভালো; কিন্তু আবারও ব্যাট হাতে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি।”

“অবশ্যই, ভারতে (নিউ জিল্যান্ড সিরিজে) আমরা যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারিনি। আমরা এটা (ব্যর্থতা) মেনে নিয়েছি। আমরা একমতও হয়েছি যে, যখনই ভারতে খেলা হবে, খুব কঠিন কন্ডিশনে খেলার চেষ্টা করব এবং আমরা সেটাই চেয়েছি। এটার অন্য কারোর ইচ্ছায় নয়। আমাদের পছন্দ ছিল এবং আমরা জানতাম যে, বড় রানের ম্যাচ হবে না এবং গত চার-পাঁচ বছর ধরে এটাই হয়ে আসছে এবং আমরা এটা মেনে নিয়েছি। তবে যখন আমরা সফরে যাই, তখনই রান করার কন্ডিশন পাওয়া যায়।”

ব্যাট হাতে ভালো সময় কাটছে না রোহিতের নিজেরও। সবশেষ ১২ টেস্ট ইনিংসে স্রেফ ৪বার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন তিনি। ফিফটি করতে পেরেছেন কেবল একবার।

পাঁচ টেস্টের সিরিজ দুই ম্যাচ শেষে এখন ১-১ সমতায়। তৃতীয় টেস্ট শুরু আগামী শনিবার, ব্রিজবেনে।