২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলয় ভাঙা আম্পায়ারকে বিশ্বকাপ থেকে প্রত্যাহার

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আর ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন না মাইকেল গফ। জৈব-সুরক্ষা বলয় ভেঙে শাস্তি পাওয়া এই ইংলিশ আম্পায়ারকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2021, 02:36 AM

Updated : 07 Apr 2022, 11:50 PM

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা বুধবার এক বিবৃতিতে জানায়, গফের ‘স্বাস্থ্যসুরক্ষার’ কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“গত দুই বছর ধরে জৈব-সুরক্ষা বলয়ে তার বর্ধিত সময় কাটানোর বিষয়টি আইসিসি আমলে নিয়েছে। এই পরিবেশে কাজ করা সব ম্যাচ অফিসিয়ালের স্বাস্থ্যসুরক্ষার বিষয়ে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছিল, ধারণা করা হচ্ছে অনুমতি ছাড়াই হোটেল ছেড়ে জৈব-সুরক্ষা বলয়ের বাইরে গিয়েছিলেন গফ। এ কারণে ২৮ অক্টোবর থেকে তাকে ছয় দিনের জন্য নিষিদ্ধ করে আইসিসি।

মঙ্গলবার শেষ হওয়া নিষেধাজ্ঞার পর তিনি কাজে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। এরপরই এলো তাকে প্রত্যাহার করে নেওয়ার খবর।

৪১ বছর বয়সী এই আম্পায়ার নিষেধাজ্ঞার পর একটি ম্যাচে দায়িত্ব পালন করতে পারেননি। গত ৩১ অক্টোবর দুবাইয়ে ভারত ও নিউ জিল্যান্ডের ওই ম্যাচে গফের জায়গায় দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস।

গফের পরবর্তী ম্যাচ ছিল বৃহস্পতিবার, আবু ধাবিতে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে দুটি, প্রথম রাউন্ডে দুটি ও সুপার টুয়েলভে আটটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান গফ। সুরক্ষা-বলয় ভাঙার আগে সুপার টুয়েলভের চারটি ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর আগামী শনিবার অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ও রোববার আফগানিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচে দায়িত্ব পালন করার কথা ছিল তার। এখনও তার বদলি আম্পায়ারের নাম ঘোষণা করা হয়নি।

আসরের সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম এখনও ঘোষণা করেনি আইসিসি।