চোটে বিশ্বকাপ শেষ মিলসের
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড পেসার টাইমাল মিলস। তার জায়গায় দলে এসেছেন রিস টপলি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিষয়টি জানিয়েছে আইসিসি।
গত সোমবার শারজাহতে সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানে জয় পাওয়া ম্যাচে চোট পান মিলস। নিজের দ্বিতীয় ওভারে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান এই বাঁহাতি পেসার। সেদিন ১.৩ ওভারে ১৯ রান দিয়েছিলেন তিনি।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, স্ক্যান রিপোর্টে মিলসের ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে। সেরে উঠতে তার কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে।
বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে যোগ করতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি লাগে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থার একই বিবৃতিতে জানানো হয়েছে, টপলিকে বদলি নেওয়ার অনুমোদন দিয়েছে টেকনিক্যাল কমিটি। ইংল্যান্ডের দলের সঙ্গে এতদিন রিজার্ভ হিসেবে ছিলেন ২৭ বছর বয়সী এই পেসার।
ইংল্যান্ডের হয়ে ৬ টি-টোয়েন্টি খেলে ৫ উইকেট পাওয়া টপলি সবশেষ এই সংস্করণে খেলেছেন ২০১৬ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
