দুর্দান্ত ইনিংসে নিউ জিল্যান্ডের নায়ক গাপটিল
অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়ায় মার্টিন গাপটিলের আক্ষেপ থাকতে পারে। তবে স্কটল্যান্ডের বিপক্ষে তার দুর্দান্ত ইনিংসটিই গড়ে দিয়েছে ম্যাচের ব্যবধান। নিউ জিল্যান্ডের ওপেনার জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বুধবার স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে সেমি-ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেছে নিউ জিল্যান্ড। গাপটিলের ৫৬ বলে ৯৩ রানের ইনিংসের সৌজন্যে তারা করে ৫ উইকেটে ১৭২ রান। স্কটিশরা যেতে পারে ১৫৬ পর্যন্ত।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রচণ্ড গরমের মাঝে টস হেরে ব্যাটিংয়ে নামে নিউ জিল্যান্ড। প্রথম ১০ ওভারে অবশ্য গাপটিলের ব্যাটে অতটা দাপট ছিল না। ৩০ বলে করেন ৩৯ রান। এর মাঝেই অ্যালি ইভান্সকে ছক্কায় উড়িয়ে বিরাট কোহলির পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি স্পর্শ করেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান।
পরে ঝড় তোলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ইভান্সকে আরেকটি ছক্কা মারেন পুল করে। লেগ স্পিনার ক্রিস গ্রিসকে স্লগ সুইপে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন ৩৫ বলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় ফিফটি। ২০১৬ আসরে মোহালিতে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ৮০ রান।
ষোড়শ ওভারে তিনি সাফিয়ান শারিফের তিন বলের মধ্যে ছক্কা মারেন দুটি। পরের ওভারে ইভান্সকে মিডউইকেটের ওপর দিয়ে আরেকটি।
তখন সেঞ্চুরি মনে হচ্ছিল তার নাগালে। তবে ১৯তম ওভারে পরপর দুই বলে গ্লেন ফিলিপস ও গাপটিলকে ফিরিয়ে দেন ব্যাড হুইল। ডানহাতি পেসারকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় লং অনে ধরা পড়েন গাপটিল।
৭ ছক্কা ও ৬ চারে গড়া তার ৯৩ রানের ইনিংসটি। ফিলিপসের (৩৩) সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন ৭৩ বলে ১০৫ রানের জুটি।
প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ ছক্কার মাইলফলকও পেরিয়েছেন গাপটিল। ১০১ ইনিংসে তার ছক্কা ১৫৪টি।
দিনের পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে ভারতের রোহিত শর্মার ছক্কা দ্বিতীয় সর্বোচ্চ ১৩৪টি।
