২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে দ. আফ্রিকার নায়ক রাবাদা

ঘাসের ছোঁয়া থাকা উইকেটে কাগিসো রাবাদা দারুণ এক স্পেলে শুরুতেই কাঁপিয়ে দিলেন বাংলাদেশকে। সেই ধাক্কা আর সামলে উঠতে পারল না মাহমুদউল্লাহর দল। দলের জয়ের ভিত গড়ে দিয়ে রাবাদা হলেন ম্যাচের সেরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2021, 09:12 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মঙ্গলবার বাংলাদেশকে ৬ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষকে ৮৪ রানে গুটিয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখেন রাবাদা।

৪ ওভারে ২০ রান দিয়ে এই পেসার তুলে নেন মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের উইকেট। ডট বল করেন ১৪টি, বাউন্ডারি দেন কেবল একটি।

আবু ধাবিতে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান রাবাদা। দ্বিতীয় বলে তাকে চার মারেন লিটন দাস। ওভার থেকে আসে ৫ রান।

নিজের পরের ওভারের শেষ দুই বলে নাঈম ও সৌম্যকে ফিরিয়ে তিনি জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। ডানহাতি পেসারের লেংথ বল পুল করার চেষ্টায় মিড উইকেটে সহজ ক্যাচ দেন নাঈম।

মুখোমুখি প্রথম বলেই দুর্দান্ত এক ইনসুইঙ্গার ইয়র্কারে এলবিডব্লিউ হন সৌম্য। উইকেটটা আসে অবশ্য রিভিউ নিয়ে। এই ওভারে ৫ রান দিয়ে রাবাদার প্রাপ্তি ২টি।

পরের ওভারে তার হ্যাটট্রিক ডেলিভারি ঠিকমতো খেলতে পারেননি মুশফিকুর রহিম, বল ব্যাটের কানায় লেগে ক্যাচের মতো ওঠে। তবে পয়েন্ট ফিল্ডারের কাছাকাছি যায়নি।

এক বল পরই অবশ্য তিনি ফিরিয়ে দেন মুশফিককে। লেংথ থেকে অনেকটা লাফিয়ে ওঠা বল ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় গালিতে। দুইবারের চেষ্টায় বল মুঠোবন্দি করেন রিজা হেনড্রিকস।

পাওয়ার প্লেতে প্রথম স্পেলে ৩ ওভারে ১৪ রান দিয়ে রাবাদার শিকার ৩টি। পঞ্চদশ ওভারে নিজের কোটার শেষ ওভারে তিনি দেন ৬ রান।

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে রাবাদা বললেন, পেস সহায়ক উইকেটে নিজেকে মেলে ধরতে পেরে তিনি খুশি।

“উইকেটে পেসারদের জন্য সহায়তা ছিল এবং আমি খুশি যে দিনটা আমার হয়েছে...আমরা সবসময় কঠোর অনুশীলন করি এবং আজ তার ফল পেয়েছি। বলের সুইং করতে দেখাটা দারুণ, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। কিন্তু অবাক হইনি, এখানে আইপিএলের ম্যাচেও এমনটা দেখেছি। কিছুটা বাউন্স থাকে, কিছু বল স্কিড করে। তবে এটিই সম্ভবত এখানকার (সংযুক্ত আরব আমিরাত) দ্রুতগতির উইকেট।”

দারুণ বোলিং করেন অন্য পেসাররাও। আনরিক নরকিয়া ৩ ওভার ২ বলে মাত্র ৮ রান দিয়ে নেন ৩ উইকেট, টি-টায়েন্টিতে তার ক্যারিয়ার সেরা বোলিং। ডোয়াইন প্রিটোরিয়াস ৩ ওভারে ১১ রানে নেন একটি।

পেস সহায়ক উইকেটেও ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নেন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার বাঁহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসি।