২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসারাঙ্গার হ্যাটট্রিক হাসি

ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন ভানিদু হাসারাঙ্গা। এবার তিনি টানা তিন বলে তিন উইকেটের স্বাদ পেলেন টি-টোয়েন্টি ক্রিকেটে। শ্রীলঙ্কার প্রথম বোলার হিসেবে এই সংস্করণের বিশ্বকাপে কীর্তিটি গড়লেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2021, 07:46 PM

Updated : 07 Apr 2022, 11:48 PM

শারজাহতে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেন হাসারাঙ্গা। এই তিন বলে তার শিকার এইডেন মারক্রাম, টেম্বা বাভুমা ও ডোয়াইন প্রিটোরিয়াস।

সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন তিনি। ২০০৭ সালে প্রথম আসরে বাংলাদেশের বিপক্ষে এই স্বাদ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার গতিময় পেসার ব্রেট লি। চলতি আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার। তিনি অবশ্য এগিয়ে যান আরেক ধাপ। টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে করেন ‘ডাবল হ্যাটট্রিক’, টানা চার বলে নেন চার উইকেট।

হ্যাটট্রিকের সেই তালিকায় এবার নাম লেখালেন হাসারাঙ্গা। ১৪৩ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকাকে তখন এগিয়ে নিচ্ছিলেন মারক্রাম ও বাভুমা। ১৫তম ওভারে হাসারাঙ্গার শেষ বলে নিরীহ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান মার্কক্রাম। তার পরের ওভারের প্রথম বলে ছক্কায় ওড়াতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন বাভুমা। দ্বিতীয় বলে লং অন ফিল্ডারকে ক্যাচ দেন প্রিটোরিয়াস। হাসারাঙ্গা মাতেন উল্লাসে।

পরের বলেও আবেদন হয় এলবিডব্লিউয়ের। আম্পায়ার অবশ্য সাড়া দেননি। রিভিউ নিয়েও লাভ হয়নি হাসারাঙ্গার, বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে।

হাসারাঙ্গার হ্যাটট্রিকের আনন্দ অবশ্য ম্লান হয়ে যায় দল হারায়। শেষ দুই ওভারে ২৫ ও শেষ ওভারে ১৫ রানের সমীকরণ মিলিয়ে দারুণ জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন হাসারাঙ্গা। এই কীর্তি দুবার আছে লাসিথ মালিঙ্গার। একবার করে থিসারা পেরেরা ও আকিলা দনঞ্জয়ার।

২০১৭ সালে হাসারাঙ্গা ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ানডে ইতিহাসে পরপর তিন বলে তিন উইকেট নেওয়া প্রথম লেগ স্পিনার তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি, এই দুই সংস্করণে হ্যাটট্রিক আছে হাসারাঙ্গা ছাড়া আর লি ও মালিঙ্গার। হ্যাটট্রিক শিকারিদের মধ্যে আবার মালিঙ্গা সবার চেয়ে অনেক ওপরে। ওয়ানডেতে তার হ্যাটট্রিক তিনটি, টি-টোয়েন্টিতে দুটি।