২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের বিশ্রাম দুই দিন, সাকিব-সোহানের চোট নিয়ে অপেক্ষা

সুপার টুয়েলভে শেষ দুই ম্যাচের আগে দুই দিনের বিশ্রামে থাকছে বাংলাদেশ দল। হ্যাটট্রিক হারের পর শনি ও রোববার কোনো ট্রেনিং সেশন নেই ক্রিকেটারদের। তবে বিশ্রামের সময়টাতেও নির্ভার থাকার অবস্থা নেই টিম ম্যানেজমেন্টের। এমনিতেই দলের পারফরম্যান্স হতাশাজনক। তার ওপর শঙ্কা সাকিব আল হাসানের হ্যামস্ট্রিংয়ে টান ও নুরুল হাসান সোহানের চোট নিয়ে।

ক্রীড়া প্রতিবেদক

দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2021, 07:27 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে শুক্রবার ফিল্ডিংয়ের সময় সাকিবের হ্যামস্ট্রিংয়ে টান লাগে বলে মনে হয়। বাংলাদেশের বোলিং ইনিংসের চার ওভারের পর মাঠ ছেড়ে যান তিনি। ফেরেন যদিও একটু পরই। তবে বোলিংয়ের সময় তার অস্বস্তি ফুটে ওঠে স্পষ্ট। চার ওভার বোলিং যদিও করেন।

পরে ব্যাটিংয়ে তাকে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার দেখা যায় ওপেনিংয়ে। সেখানেও দৌড়ানোর সময় খানিকটা খোঁড়াতে দেখা গেছে তাকে। বেশিক্ষণ অবশ্য টেকেননি তিনি, আউট হয়ে যান ১২ বলে ৯ রান করে।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ৪৮ ঘণ্টার বিশ্রাম শেষে রোববার সাকিবের অবস্থা পরীক্ষা করে দেখা হবে।

সোহান বিশ্রামে আছেন দল ও সাকিবের আগে থেকেই। শুক্রবার দলের সঙ্গে মাঠেই যেতে পারেননি তিনি। গত মঙ্গলবার নেটে অনুশীলনে তাসকিন আহমেদের বলে তলপেটে আঘাত পান তিনি। এরপর বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেললেও বৃহস্পতিবার আবার বেড়ে যায় ব্যথা। চিকিৎসকরা তিন দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন তাকে।

বিশ্রাম শেষে সোমবার তার অবস্থা পরীক্ষা করে দেখবে মেডিকেল টিম। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা, সেটি নিয়েও সিদ্ধান্ত হবে তখনই।  

অঙ্কের হিসেবে বাংলাদেশ এখনও সেমি-ফাইনালের লড়াইয়ে থাকলেও বাস্তব সম্ভাবনা খুব একটা নেই। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষ ম্যাচের পর বৃহস্পতিবার বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।