কঠিন লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে ক্যারিবিয়ানদের স্বস্তি
একই বাস্তবতায় মাঠে নেমেছিল দুই দল। ম্যাচ শেষে টিকে আছে এক দলের আশা, গুঁড়িয়ে গেছে আরেক দলের স্বপ্ন। রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে নিজেদের টিকিয়ে রাখতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বাঁচা-মরার ম্যাচ জয়ের পর ক্যারিবিয়ানদের শিবিরে এখন স্বস্তির সুবাতাস।
এই ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপে প্রথমবার মাঠে নামেন জেসন হোল্ডার। শুরুতে তিনি ছিলেন না মূল স্কোয়াডের অংশ। পেসার ওবেড ম্যাককয়ের চোটে পরে জায়গা হয় তার। প্রথম সুযোগেই তিনি দলের জয়ের নায়কদের একজন।
শেষ দিকে ব্যাটিংয়ে নেমে তিনি ২ ছক্কায় ৫ বলে ১৫ রানের মহামূল্য এক ইনিংস খেলেন। বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ১টি উইকেট। শেষের আগের ওভারের শেষ বলে মহাগুরুত্বপূর্ণ এক ক্যাচও নেন। প্রচণ্ড চাপের মধ্যে লং অনে লাফিয়ে সেই ক্যাচটি নিতে না পারলে তা হয়ে যেত ছক্কা, ম্যাচ হেলে পড়ত বাংলাদেশের দিকে।
স্নায়ুর চাপের ম্যাচটি শেষ পর্যন্ত শেষ বলে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ ৩ রানে। এই ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে ক্যারিবিয়ানদের ছিটকে পড়া ছিল অনেকটাই নিশ্চিত। সেমি-ফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে এখনও জিততে হবে পরের দুটি ম্যাচ। তবে প্রথম ধাপটা পেরিয়ে হোল্ডার খানিকটা নির্ভার হওয়ার কথা জানালেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে।
“দলের কাছে এই জয়ের অর্থ অনেক। আমরা এখনও বাঁচা-মরা পরিস্থিতিতে আছি, পরের দুটি ম্যাচও জিততে হবে। তবে এটি জিতে সেই অভিযান শুরু করতে পারা ভালো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হয়েছে। যাহোক, আমরা উতরে গেছি।”
ম্যাচের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাঁক এসেছে, বিশেষ করে শেষ দিকে। শেষ পর্যন্ত সমীকরণ দাঁড়ায়, এক বলে চার রানের। সেটিতে আন্দ্রে রাসেল করেন অফ স্টাম্পের বাইরে দুর্দান্ত ইয়র্কার, যেটিতে ব্যাটে-বলে করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। হোল্ডারের কাছে ম্যাচের সেরা মুহূর্ত সেটিই।
“রাসেলের করা শেষ বল (ম্যাচে সবচেয়ে প্রিয় মুহূর্ত)। এক বলে চার রান লাগে, এই সময়ে নিখুঁত ইয়র্কার করা ছিল অসাধারণ। আমার শরীরে আনন্দের দারুণ স্রোত বয়ে যায় তখন। ছেলেরা সবাই খুব ভালো খেলেছে।”
“সেটিই ছিল আমার কাছে ম্যাচের সেরা মুহূর্ত। আশা করি, পরের দুই ম্যাচেও আমাদের একই অনুভূতি হবে।”
ওয়েস্ট ইন্ডিজের পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।
