‘রাজা তার মুকুটে যুক্ত করলেন আরেকটি রত্ন’
বড় টুর্নামেন্ট, বড় উপলক্ষ মানেই ভিরাট কোহলির জ্বলে ওঠা, আরও একবার প্রমাণ করলেন তিনি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরিতে।
ভারতের জয়ের জন্য তখন প্রয়োজন ১৫ রান, ভিরাট কোহলির সেঞ্চুরি ছুঁতে দরকার ১২। খুব বেশি দুর্ভাবনার কিছু ছিল না। কিন্তু আকসার প্যাটেলের লেগ স্টাম্পের বাইরে ওয়াইড করলেন শাহিন শাহ আফ্রিদি। ‘বাই’ থেকে দুটি রান হতো অনায়াসেই। কিন্তু কোহলিকে স্ট্রাইকে রাখতে এক রান নিয়েই থেমে গেলেন আকসার। বরাবরই দল অন্তপ্রাণ কোহলি বেশ বিরক্ত হলেন এতে। কিন্তু আকসার জবাব দিলেন হাসিতে। তিনি তো জানেন, এই সেঞ্চুরির অপেক্ষা কোটি কোটি মানুষের!
সমীকরণের টানাপোড়েন তবু বাড়ছিল। ওই ওভারে আরও দুটি ওয়াইড করলেন আফ্রিদি। ওভার যখন শেষ হলো, ভারতের জিততে লাগে তখন চার রান, কোহলির সেঞ্চুরির জন্য পাঁচ! স্টেডিয়ামের ডিজের কণ্ঠ হয়ে গ্যালারি থেকে তখন গর্জন ভেসে আসছে, ‘উই ওয়ান্ট সিক্সার…।’
কিন্তু পরের ওভারের প্রথম বলে কোহলি লেন সিঙ্গল। পরে বলে সিঙ্গল নিলেন আকসারও। এবার ভারতের জিততে লাগে দুই রান, কোহলির লাগে চার। সেঞ্চুরি ছুঁতে বাউন্ডারি ছাড়া উপায় নেই। ক্যারিয়ারজুড়ে অসংখ্য চ্যালেঞ্জ জিতেছেন যিনি, তার জন্য এ আর এমন কী! খুশদিল শাহর বলে দারুণ ইনসাইড আউট শটে বল সীমানা ছাড়া করলেন ভারতের ব্যাটিং গ্রেট। ধারাভাষ্যে হার্শা ভোগলের রোমাঞ্চকর উচ্চারণ, “রাজা তার মুকুটে যুক্ত করলেন আরেকটি রত্ন।”
কোহলির শ্রেষ্ঠত্বের ঝলমলে মুকুটে এরকম মহামূল্য রত্নের অভাব নেই। প্রায় দেড় যুগের ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় ইনিংস উপহার দিয়ে নিজেকে তুলে নিয়েছেন তিনি সর্বকালের সেরাদের উচ্চতায়। এই ইনিংসটির তবু আলাদা একটি মাহাত্ম্য আছে। পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির এই সেঞ্চুরিতে বার্তা মিলেছে, রাজা এখনও তার আসন ছাড়েননি।
সাম্প্রতিক সময়টায় খুব একটা স্বস্তিতে ছিলেন না তিনি। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম টেস্টে সেঞ্চুরির পর বাকিগুলোয় ভালো করতে পারেননি। আঙুল উঠেছে তার দিকে ও রোহিত শার্মাসহ সিনিয়র ক্রিকেটারদের দিকে। বোর্ডের নতুন নিয়মের কারণে এক যুগের বেশি সময় পর রাঞ্জি ট্রফিতে ফিরতে হয়েছে। ওয়ানডে ক্রিকেট তার নিজের সবচেয়ে শক্তির জায়গা। সেখানেও তার ব্যাটে ছিল গোধূলির নিস্তেজ রূপ। অগাস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলে প্রথমটিতে ব্যর্থ হয়েছেন। পরেরটিতে ফিফটি করলেও আসল কোহলিকে পাওয়া যাচ্ছিল না।
তরুণ অনেক ব্যাটসম্যান উঠে আসছেন। রিশাভ পান্ত একাদশের বাইরে বসে আছেন, ইয়াসাসভি জয়সওয়াল, তিলকা ভার্মার মতো আরও বেশ কজন প্রতিভা স্কোয়াডেই জায়গা পাননি। সবদিক থেকেই চাপ বাড়ছিল। কিন্তু কোহলি ঠিকই প্রমাণ করলেন, তার ফুরিয়ে যাওয়া এখনও অনেক দূরের পথ।
তার সেরা সময়ের মতো মতো দাপুটে ও বিধ্বংসী ইনিংস এটি ছিল না। তবে এই ম্যাচে যা দরকার ছিল, সবটুকুই তিনি করেছেন। উইকেটের আচরণ বুঝে, ম্যাচের পরিস্থিতির দাবি মিটিয়ে একটু একটু করে দলকে নিয়ে গেছেন জয়ের কাছে। পাকিস্তানকে এক ঝটকায় উড়িয়ে দেননি তিনি, তবে প্রতিটি পদক্ষেপে পিষ্ট করেছেন প্রতিপক্ষের সম্ভাবনা।
ম্যাচের পর সেই সন্তুষ্টিই ফুটে উঠল কোহলির কণ্ঠে।
“এরকম গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, যেখানে সেমিতে জায়গা করে নেওয়ার ব্যাপার ছিল, সেখানে এভাবে ব্যাট করতে পেরে ভালো লাগছে। রোহিতের বিদায়ের পর দলের প্রয়োজনে অবদান রাখতে পেরেও ভালো লাগছে। গত ম্যাচ থেকে যা কিছু বুঝতে পেরেছিলাম, আজকে তা কাজে লাগাতে হতো।”
“আমার কাজটা ছিল স্পষ্ট, মাঝের ওভারগুলো নিয়ন্ত্রণ করা, স্পিনারদের বিপক্ষে ঝুঁকি না নেওয়া ও পেসারদের বিপক্ষে দ্রুত রান তোলা। শেষ দিকে শ্রেয়াস রানের গতি বাড়িয়েছে, আমিও কিছু বাউন্ডারি পেয়েছি। এটা আমাকে সুযোগ করে দিয়েছে নিজের সহজাত ওয়ানডে ব্যাটিং করতে।”
ওয়ানডে বিশ্বকাপ হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি, কিংবা এশিয়া কাপ, বড় উপলক্ষে বরাবরই চওড়া তার ব্যাট। তা সংস্করণ ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি। তার ধার কমে না। এসব মঞ্চে পাকিস্তানকে পেলে তো কথাই নেই!
ওয়ানডে বা টি-টোয়েন্টি যেটিই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ, এশিয়া কাপ মিলিয়ে বড় আসরে পাকিস্তানের বিপক্ষে ২৩ ম্যাচ খেলে চার সেঞ্চুরি ও সাত ফিফটি কোহলির। ১ হাজার ২২১ রান করেছেন ৮১.৪০ গড়ে। ম্যান অব দা ম্যাচ হয়েছেন ৮ বার।
পাকিস্তানের যম বললে খুব একটা ভুল বলা হয় না!
অথচ বড় আসরের চাপের সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে খেলার প্রবল চাপ থাকে এসব ম্যাচে সঙ্গী। কোহলি তা বরাবরই উড়িয়ে দেন তুড়ি বাজিয়ে। কীভাবে পারেন, নিজের সেই ভাবনা তিনি তুলে ধরলেন।
“এত বছর ধরে খেলে, নিজের ব্যাটিংটা সম্পর্কে ভালো বোঝাপড়া আমার আছে। ব্যাপারটি হলো, বাইরের হট্টগোল দূরে রাখা, নিজের মতো থাকা এবং নিজের প্রাণশক্তি ও ভাবনাগুলোর যত্ন নেওয়া। প্রত্যাশার ভার চেপে বসা খুব স্বাভাবিক। আমার কাজ হলো বর্তমানে থাকা ও দলের জন্য কাজটি করা। নিজের প্রতি আমার মূল বার্তা হলো প্রতিটি বলে শতভাগ দেওয়া। এরপর স্রষ্টা পুরস্কৃত করবেন।”
টানা দুই জয়ে সেমি-ফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে ভারত। পরের ম্যাচের আগে তারা বিরতি পাচ্ছে ছয় দিনের। নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের লড়াই আগামী রোববার।
এই বিরতি নিয়ে বেশ এক চোট মজাও করলেন তিনি ম্যাচ শেষে।
“সত্যি বলতে, এই ৩৬ বছর বয়সে এটা (লম্বা বিরতি) বেশ ভালোই লাগে। যাদের বয়স ২৩-২৪ , তাদের কথা জানি না! এই ধরনের ম্যাচ অনেক কিছুই শুষে নেয়। কয়েকদিনের জন্য তাই দূরে থাকা দারুণ ব্যাপার।”
