২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এবার বাংলাদেশের চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায়

আয়ারল্যান্ডের হয়ে খেলতে বাংলাদেশে আসা এমি হান্টার শোনালেন ১৬ বছর বয়সে তার ইতিহাসগড়া সেঞ্চুরি, ক্রিকেটের পথে এগিয়ে চলা, বাংলাদেশ সফরের চ্যালেঞ্জসহ আরও অনেক গল্প।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 07:27 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

‘ক্রিকেটের পাশাপাশি হকি, স্কোয়াশও খেলেছেন একসময়, ভবিষ্যতে কি তাহলে অন্য খেলায়ও...’, কথা শেষ হওয়ার আগে দুই হাত ও মাথা একসঙ্গে নাড়াতে শুরু করলেন বেথ হিলি। প্রশ্নটি ছিল এমি হান্টারের জন্য। কিন্তু তাকে সুযোগ না দিয়েই পাশ থেকে উত্তরটা দিয়ে দিলেন আয়ারল্যান্ড দলের ম্যানেজার হিলি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানকে অন্য খেলায় যেতে দেবে কে!

অনেকেই চমকে যেতে পারেন। কারও কারও মনে হতে, ওয়ানডের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তো শাহিদ আফ্রিদি! আদতে ছেলে-মেয়ে মিলিয়ে সবচেয়ে কম বয়সে শতরানের কীর্তি হান্টারের। 

ইতিহাস গড়া সেই দিনটি ছিল ২০২১ সালের ১১ অক্টোবর। জীবনের ইনিংসে যেদিন ১৬ বছর পূর্ণ করলেন, ঠিক সেদিনই ২২ গজে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেন হান্টার। পেছনে পড়ে যায় ভারতীয় কিংবদন্তি মিথালি রাজের রেকর্ড। 

তিন বছর পর গত জানুয়ারিতে একই দলের বিপক্ষে টি-টোয়েন্টিতেও তিন অঙ্কের স্বাদ পান হান্টার। সাদা বলের দুই সংস্করণেই সেঞ্চুরি করা প্রথম আইরিশ ব্যাটার তিনিই। 

সেই হান্টারের নতুন অভিযান এবার বাংলাদেশে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সফরে এসেছেন তিনি আয়ারল্যান্ড দলের সঙ্গে। 

গত মাস মাত্রই তার বয়স হলো ১৯। কিন্তু তার ওপর দলের ভরসা অগাধ। এর মধ্যেই ৬৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন 

বাংলাদেশে আসার পর দলের প্রথম দিনের অনুশীলনে রোববার একটি বল থামাতে গিয়ে তিনি আঘাত পান চোখের নিচে। সেখানে কালচে দাগ স্পষ্ট পরদিনও। কিন্তু মুখের হাসি অমলিন সবসময়।

সোমবার অনুশীলন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় যখন ১৬ বছর বয়সের সেই সেঞ্চুরির প্রসঙ্গ এলো, আরও চওড়া হলো তার সেই হাসি। 

“আমার জন্য এটি (সেঞ্চুরি) পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। তখন পর্যন্ত একবারও দুই অঙ্কই ছুঁতে পারিনি। তাই এমন কিছু আশা করিনি। সেদিন মনে হয় সব কিছু আমার পক্ষে ছিল। আমি শুধু দুই অঙ্কে পৌঁছানোর চেষ্টা করছিলাম। শুরুটা পেয়ে যাওয়ার পর ধীরে ধীরে এগিয়ে যাই। খুবই স্পেশাল দিন ছিল। অনেক উপভোগ করেছি। সবসময় মনে থাকবে দিনটি।”

জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজ দিয়েই ওয়ানডে অভিষেক হয় হান্টারের। প্রথম তিন ম্যাচে তার রান ছিল ২, ১ ও ৪। শেষ ম্যাচে তিনি চমকে দেন ইতিহাস-গড়া সেঞ্চুরিতে। 

সেই সেঞ্চুরির পর চারিদিক থেকে প্রশংসায় জোয়ার ভেসে আসে হান্টারের দিকে। সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান রেকর্ড হারানো মিথালিও। 

ভারতীয় ব্যাটারের সঙ্গে কখনও সামনাসামনি কথা হয়নি হান্টারের। তবে অমন একজন গ্রেটের কাছ থেকে বার্তা পেয়ে দারুণ অনুপ্রাণিত হন তিনি। 

“দারুণ অনুভূতি ছিল। শুরুতে (মিথালির বার্তা) আমি দেখিনি। কেউ একজন আমাকে দেখানোর পর খুব ভালো লেগেছে। মেয়েদের ক্রিকেটের একজন কিংবদন্তি তিনি। তার রেকর্ড ভাঙতে পারা আমার জন্য অনেক সম্মানের ছিল। পাশাপাশি তার প্রশংসা পাওয়াও অনেক বড় ব্যাপার ছিল।”

গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হান্টারের ব্যাট থেকে আসে ৬৬ বলে ১০১ রান। ১৩ চারের সঙ্গে সেদিন ১টি ছক্কা মারেন তরুণ ওপেনার। তরতাজা সেই সুখস্মৃতি আনন্দের দোলা হয়ে আবার ফুটে ওঠে তার মুখের হাসিতে। 

“টি-টোয়েন্টি সেঞ্চুরির কথা বেশ ভালোভাবে মনে আছে। জানুয়ারিতে করেছি। আমি স্ট্রাইক রেট নিয়ে চিন্তা করছিলাম। ভাবছিলাম কীভাবে আরও দ্রুত রান করা যায়। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ ছিল, যাদের বিপক্ষে খেলতে আমার ভালো লাগে (হাসি)। সেদিন (সেঞ্চুরি) হয়ে গেছে। অর্জনের কথা আসলে পরে শুনেছি। ভালো লেগেছে খুব।”

ক্রিকেটের পথে তার হাঁটা শুরু ৮ বছর বয়সে। স্থানীয় ক্রিকেট ক্লাবে ছেলেদের অনূর্ধ্ব-১১ দলে খেলা শুরু করেন তিনি। হান্টারের গল্পের ফাঁকে পাশে থাকা ম্যানেজার যোগ করে দিলেন, “ছোট ছেলেরা তখন ওকে ভয়ই পেত।” লাজুক হাসিতে হান্টার ফিরে গেলেন ওই সময়টায়। 

“আমার ভাইয়েরা প্রতি শুক্রবার আমাদের স্থানীয় ইনস্টোনিয়ান ক্রিকেট ক্লাবে খেলতে যেত। একদিন বাবা বললেন যে, ‘তুমিও গিয়ে দেখতে পারো।’ পরে তারাই আমাকে নিয়ে যান। অনূর্ধ্ব-১১ ‘সি’ দলের হয়ে আমি খেলা শুরু করি।”

“বয়সের তুলনায় বেশ দ্রুতই এগোতে থাকি (হাসি)। আমার মনে আছে, তখন শুধু ছেলেদের সঙ্গে খেলতাম। চার বছর পেরিয়ে যাওয়ার পর প্রথম মেয়েদের ক্রিকেট ম্যাচ খেলি। এরপর আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পেয়ে যাই। সেই থেকে চলছে... এই তো (হাসি)।”

বাচ্চাদের ক্রিকেট আকৃষ্ট করতে বেলফাস্ট শহরের ওই ক্লাবটির একটি বিশেষ উদ্যোগ হলো পরিবারের সদস্যের নিয়ে টুর্নামেন্ট আয়োজন। ১২ বছর বয়সে ইনস্টোনিয়ান জুনিয়র লিগ ৮-এ নিজের বাবা ও ভাইয়ের সঙ্গে একই দলে ওই টুর্নামেন্টে খেলেন হান্টার। 

“খুব ভালো সময় ছিল সেটি। ঠিক মনে নেই, আমার বয়স তখন কত ছিল। আন্দ্রে, আমার দেড় বছরের বড় ভাই আর বাবা ছিল আমাদের দলে। দুর্ভাগ্যবশত দুই ভাইয়ের সঙ্গে খেলতে পারিনি। জেমসের (হান্টারের আরেক ভাই) স্কিল তেমন ভালো ছিল না। তবে হ্যাঁ, পরিবারের সদস্যদের সঙ্গে একই দলে খেলা চমৎকার অভিজ্ঞতা।”

জাতীয় দলে আসার পর ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং গ্লাভস বেছে নিলেও ক্রিকেট শুরুর দিনগুলোতে পেস বোলিং করতেন হান্টার। মূলত বেন স্টোকসকে আদর্শ মেনে আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে হাত ঘোরানোরও চেষ্টা করতেন তিনি। 

এখন আর বোলিং করেন না। তবে স্টোকসের মানসিকতা ধারণ করতে চান নিজের মধ্যে। 

“বেন স্টোকসকে অনুসরণের চেষ্টা করি আমি। সে যেভাবে খেলাটি নিয়ে ভাবে। মাঠে তার অ্যাপ্রোচ যেমন থাকে... সহজাতভাবেই বেশ আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে নামেন। যা আমি নিজের খেলায়ও আনার চেষ্টা করছি। যতগুলো ম্যাচ জেতানো ইনিংস খেলেছে, ক্রিকেটের খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব। আশা করছি, ক্যারিয়ারজুড়ে আমিও এমন কিছু করতে থাকব।”

হাই স্কুলে পড়ার সময় ক্রিকেটের সঙ্গে হকি, স্কোয়াশ, নেটবল, সাঁতারসহ নানা খেলায় সরব উপস্থিতি ছিল হান্টারের। স্কুল সাঁতারে স্বর্ণপদকও আছে তার। 

দেশের হয়ে একাধিক খেলায় বিশ্ব পর্যায়ে প্রতিনিধিত্ব করার নজির আছে অনেক। হান্টারের যে বয়স, এখনও তার সামনে হাতছানি আছে অনেক। তবে তিনি থাকতে চান ক্রিকেটের ভুবনেই।  

“না… না… (অন্য খেলায় যাওয়ার) কোনো সম্ভাবনা নেই (হাসি)। ছোটবেলায় ক্রিকেটের পাশাপাশি আরও অনেক খেলা খেলেছি। ১৪-১৫ বছর হয়ে যাওয়ার পর ক্রিকেট আর হকিতে মনোযোগ দেই। আর আন্তর্জাতিক অভিষেকের পর শুধু ক্রিকেট নিয়ে আছি। এখন ব্যস্ততাও অনেক বেড়ে গেছে। যতদিন ক্রিকেট খেলছি, অন্য কিছুর জন্য সময়ও নেই আসলে (হাসি)।”

২৮ ওয়ানডে ও ৪০ টি-টোয়েন্টি খেলা হান্টার এ নিয়ে দ্বিতীয়বার এলেন উপমহাদেশে। ২০২২ সালে পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেন তিনি। সেবার বড় ইনিংস খেলতে পারেননি। ছয় ইনিংসের মধ্যে চারটিতে আটকে যান ৩০ ছুঁয়ে।

উপমহাদেশের কন্ডিশন সম্পর্কে ধারণা ওই সফরে পেয়ে গেছেন তিনি। চ্যালেঞ্জটাই তাই জানেন। এবার বাংলাদেশের বিপক্ষে উইমেন’স চ্যাম্পিয়নশিপের সিরিজে নামার আগে কন্ডিশন নিয়েই তার বাড়তি ভাবনা। 

“আমাদের দেশের তুলনায় উপমহাদেশের কন্ডিশন পুরোপুরি আলাদা। তাই আমাদের জন্য এটি অন্যরকম এক চ্যালেঞ্জ। মোকাবেলা করার জন্য মুখিয়ে আছি আমরা।” 

“এখানে আসার পর থেকে কন্ডিশন বোঝারই চেষ্টা করছি। মাঠে নামলে আসলে বোঝা যাবে। উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ম্যাচগুলো খুব জরুরি। কয়েকটি জয় পেলে দারুণ হবে। প্রতিটি ম্যাচের শিক্ষা সামনে কাজে লাগানোর চেষ্টা করব আমরা।”

উইমেন’স চ্যাম্পিয়নশিপে ১৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে সবার নিচে আয়ারল্যান্ড। ১৮ পয়েন্ট নিয়ে তাদের ঠিক ওপরে বাংলাদেশ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু ওয়ানডে সিরিজ।