২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল: তদন্ত কমিটির সুপারিশ ‘রিভিউ’ করতে আরেকটি কমিটি

তদন্ত কমিটির সুপারিশ নিয়ে বিসিবির করণীয় সম্পর্কে জানাবে নতুন এই কমিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 10:01 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

গত বিপিএলে নানা দুর্নীতির অভিযোগ, অব্যবস্থাপনা ও পদ্ধতিগত ঘাটতি খতিয়ে দেখতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন এখন জমা আছে বিসিবির কাছে। সেই প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে সম্ভাব্য করণীয় ঠিক করতে আরেকটি কমিটি গঠন করেছে বোর্ড।

সিলেটে সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। চার সদস্যের এই কমিটি আগামী রোববারের মধ্যে তাদের মতামত জানাবে।

স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের পর কেন আরেকটি কমিটি গঠন করতে হলো, সভা শেষে সংবাদ সম্মেলনে সেটি ব্যাখা করলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন।

“বিপিএল সংক্রান্ত যে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল, তাদের রিপোর্ট আমরা পেয়েছি। এখন একটি টিম গঠন করা হয়েছে, যারা এটা রিভিউ করবে। এটা ট্রাইব্যুনাল নয়, এখানে প্রতিটি ব্যাপারের সঙ্গে আইনি ব্যাপার জড়িত থাকে। সেটাকে কাভার করার জন্য, আইনি দিকটা দেখার যারা দক্ষ, তাদের নিয়েই একটি টিম গঠন করা হয়েছে, যারা তারা দ্রুতই ক্রিকেট বোর্ডের কী করণীয় (তা জানাবে)। কারণ, রিপোর্টে সুপারিশগুলো আছে, যে বিষয়গুলো উঠে এসেছে, সেগুলো নিয়ে ক্রিকেট বোর্ডও অবিলম্বে কাজ করতে চায়।”

“এখানে অনেক বিষয় হয়তো থাকতে পারে, যেটা আমাদের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করেছে। সেগুলো যত দ্রুত সম্ভব চিহ্নিত করা ও আমাদের করণীয় কী থাকতে পারে, সেসব জানাবে (এই কমিটি)।”

তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটিতে আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বে অন্য দুই সদস্য ছিলেন আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম।

তাদের প্রতিবেদন জমা পড়ার পর গত বুধবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, প্রতিবেদনে যাদের নাম এনেছে, তাদেরকে বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি দমন ধারা ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রক্রিয়ার আওতাধীন করা হবে। তবে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও সবার অধিকার রক্ষার্থে এই পর্যায়ে কোনো ব্যক্তি বা সত্তার নাম প্রকাশ করা হবে না।

সেরা আন্তর্জাতিক মান ও আইসিসির নির্দেশিকা অনুযায়ী প্রতিবেদন পর্যালোচনা করে কঠোর গোপনীয়তায় পুরো প্রক্রিয়া অনুসরণ করায় জোর দেওয়া হবে বলেও জানিয়েছিল বোর্ড। কমিটির সুপারিশ সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে সময়মতো উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল তখন। 

এ দিনের বোর্ড সভায় আরেকটি সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে। বিপিএলের স্পোর্টস মার্কেটিং ফার্ম হিসেবে আইএমজিকে দায়িত্ব দেওয়া হচ্ছে তিন বছরের চুক্তিতে।