২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরের ডাচ দলে ১৭ বছর বয়সী ব্যাটসম্যান

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে মোট তিনটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস।

বাংলাদেশ সফরের ডাচ দলে ১৭ বছর বয়সী ব্যাটসম্যান
ম্যাচ সেরার পুরস্কার নিচ্ছেন সেদ্রিক দে লঙ্গে (ডানে)। ছবি: ক্রিকেট নেদারল্যান্ডস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 03:47 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ঘরোয়া ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন সেদ্রিক দে লঙ্গে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। বাংলাদেশ সফরের দলে বদলি হিসেবে তাকে যোগ করেছে নেদারল্যান্ডস।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে আরও দুটি পরিবর্তন এনেছে ডাচরা। ফেরানো হয়েছে ডানহাতি পেসার সেবাস্তিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকারকে।

চোটের থাবায় তিন ম্যাচের সিরিজটি থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার রায়ান ক্লেইন ও বাঁহাতি পেসার ফ্রেড ক্লাসেন। আর ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন সিকান্দার জুলফিকারের যমজ ভাই লেগ স্পিনার সাকিব জুলফিকার। তাদের জায়গায় ডাকা হয়েছে দে লঙ্গে, ব্র্যাট ও সিকান্দারকে।

জুলাই-অগাস্টে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্বে ব্যাট হাতে ভালো করেন দে লঙ্গে। পাঁচ ম্যাচে রান করেন যথাক্রমে ৪, ২৪, ৬৮, ৩৮* ও ৪৩*। লেগ স্পিনে বল হাতেও দুই ম্যাচে দারুণ অবদান রাখেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ২৯ রানে নেন ৪ উইকেট। আর জার্সির বিপক্ষে ২৩ রানে ধরেন ৩ শিকার। তবে এই বাছাইপর্বের বৈতরণী পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দলটি।

গত ২০ অগাস্ট শেষ হওয়া নেদারল্যান্ডসের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট প্রো সিরিজেও উজ্জ্বল ছিলেন দে লঙ্গে। নিজেকে মেলে ধরার বড় পুরস্কার অল্প বয়সেই পেয়ে গেলেন তিনি।

২০২১ সালের পর প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ব্র্যাট। ডাচদের হয়ে এখন পর্যন্ত ৬ টি-টোয়েন্টি খেলে ৯ উইকেট নিয়েছেন তিনি। ঘরোয়া ও ক্লাব পর্যায়ে আলো ছড়িয়ে আবার সুযোগ পেলেন ডাচদের প্রতিনিধিত্ব করার।

আন্তর্জাতিক ক্রিকেটে সিকান্দার জুলফিকারের বিরতিটা আরও লম্বা। ২০১৯ সালে সবশেষ দেশের হয়ে মাঠে নামেন তিনি। এখন পর্যন্ত ১১ টি-টোয়েন্টি খেলে ৬৮ রান করার পাশাপাশি নিয়েছেন ৩ উইকেট।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই প্রথম বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস। এর আগে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তারা খেলেছে এখানে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা এদেশে খেলেছে সাতটি ম্যাচ, তবে কোনোটিই বাংলাদেশের বিপক্ষে নয়।

টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি পাঁচ লড়াইয়ে বাংলাদেশের জয় চারটি, নেদারল্যান্ডসের একমাত্র জয়টি নিজেদের মাঠে ২০১২ সালে।

নেদারল্যান্ডসের জন্য সিরিজটি আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ। আর এই সিরিজ দিয়ে আগামী মাসের এশিয়া কাপের জন্য ভালো একটি প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ।

দুই দলের টি-টোয়েন্টি তিনটি মাঠে গড়াবে আগামী ৩০ অগাস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেটে। মাঠের লড়াই শুরুর আগে সিলেটে তিন দিন অনুশীলন করবে ডাচরা।

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সিদ্রিক দি লাঙ্গা, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল, সেবাস্তিয়ান ব্র্যাট।