শেষের লড়াইয়ে জিতে চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
শিরোপা নির্ধারণী হয়ে ওঠা ম্যাচে হেরে গিয়ে রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
লিগের লড়াই হলেও ম্যাচটি রূপ নিয়েছিল ফাইনালে। যে জিতবে তারাই চ্যাম্পিয়ন। এই সমীকরণের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের ট্রফি ঘরে তুলল রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।
বিকেএসপির তিন নম্বর মাঠে ৫৩ রানে জয় পায় জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানার নেতৃত্বাধীন রূপালী ব্যাংক। ১৯৭ রানের লক্ষ্যে মোহামেডান গুটিয়ে যায় ১৪৩ রানে।
লিগের ৮ ম্যাচ শেষে ৬ জয় ও ২ পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ১৪ পয়েন্টে চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক। সমান ম্যাচে ৬ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচ থেকে ১৩ পয়েন্ট মোহামেডানের।
প্রিমিয়ার লিগ নামকরণের পর ছয় আসরে রূপালী ব্যাংকের দ্বিতীয় শিরোপা এটি। ২০১৫-১৬ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন হয় তারা। বাকি চার আসর তারা শেষ করে রানার্সআপ হয়ে।
অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালের ম্যাচ সেরা মুক্তা রবিন্দ্র মাগ্রে। ব্যাট হাতে ৬৯ রানের পর বোলিংয়ে ১ উইকেট নেন রূপালী ব্যাংকের ভারতীয় ক্রিকেটার।
একশ রানের মধ্যে ৫ উইকেট পড়ার পর তাজিয়া আক্তারের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন মুক্তা। ৯০ বলের ইনিংসে ৬টি চার মারেন তিনি। তাজিয়া খেলেন ৪৩ বলে ২ চারে ৩৬ রানের ইনিংস।
মোহামেডানের পক্ষে ৩টি উইকেট নেন অভিজ্ঞ সালমা খাতুন। পুরো লিগে সর্বোচ্চ ১৭ উইকেট পেয়েছেন তিনি।
মোহামেডানের রান তাড়ায় সর্বোচ্চ ৪৬ রান করেন জাতীয় দলে জায়গা হারানো ব্যাটার আয়েশা রহমান। সালমা খেলেন ১৯ রানের ইনিংস।
৩৪ রানে ৩ উইকেট নেন রূপালী ব্যাংকের রিতু মনি। দিপা খাতুন ধরেন ২ শিকার।
সংক্ষিপ্ত স্কোর:
রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ: ৪৮.২ ওভারে ১৯৬ (ফারজানা আক্তার ৩৫, ফারজানা হক ১৩, নিগার ১৩, রিতু ৩, মুক্তা ৬৯, শরিফা ১৩, তাজিয়া ৩৬, আশরাফি ৪, দিপা ১, তিথি ০*, হাবিবা ০; সুরাইয়া ৪-০-২১-০, সালমা ৯.২-১-২৭-৩, রুমানা ৯-৪-২৫-২, জাসিয়া ২-০-১২-০, খাদিজাতুল ১০-০-৪৫-৪, আয়েশা ১০-০-৪০-০, শারমিন ২-০-১২-০, ইসমত ২-০-৯-১)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪৪.২ ওভারে ১৪৩ (জাসিয়া ১৯, শারমিন ৭, সানজিদা ১৪, রুমানা ৪, আয়েশা ৪৬, শারমিন ৬, সালমা ১৯, ফারজানা ৮, ইসমত ৪*, খাদিজাতুল ১, সুরাইয়া ১; তিথি ১০-২-৩৫-১, মুক্তা ১০-০-২৭-১, রিতু ৮-০-৩৪-৩, দিপা ৩.২-০-৪-২, শরিফা ৪-১-১০-০, হাবিবা ৫-১-১৭-১, আশরাফি ১-০-৫-০, তাজিয়া ৩-০-৯-১)
ফল: রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ৫৩ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: মুক্তা রবিন্দ্র মাগ্রে
সুমাইয়ার ১ রানের আক্ষেপ
বিকেএসপির এক নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে ৯৪ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ২৪৮ রানের লক্ষ্যে ১৫৩ রানের বেশি করতে পারেনি কলাবাগান।
পুরো লিগে দারুণ ব্যাটিং করা সুমাইয়া আক্তার এদিন স্রেফ ১ রানের জন্য সেঞ্চুরি ছুঁতে পারেননি। মুমতা হেনা হাসনাতের বলে সুইপ করতে গিয়ে কট বিহাইন্ড হন বিকেএসপির অধিনায়ক। যদিও ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের জায়গা আছে অনেক।
১৩১ বলের ইনিংসে ৬ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি। পুরো লিগে সাত ইনিংসে ৪ ফিফটি ও ১ সেঞ্চুরিতে আসরের সর্বোচ্চ ৪২১ রান করেন সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ব্যাটার।
সুমাইয়ার ৯৯ ছাড়াও উন্নতি খাতুন ৬১ ও মোসাম্মত ইভা ৪৭ রান করে দলকে আড়াইশ ছুঁইছুঁই স্কোরে নিয়ে যান।
রান তাড়ায় কলাবাগানের পক্ষে একাই লড়েন প্রাথ্যুশা কুমারি। ১০৩ বলে ৬ চারে ৭১ রান করেন কিপার-ব্যাটার।
বিকেএসপির সুবর্ণা কর্মকার নেন ৪ উইকেট। ফাহমিয়া ছোঁয়া ৩ ও ফারজানা ইয়াসমিন ধরেন ২ শিকার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান: ৫০ ওভারে ২৪৭/৫ (মিষ্টি ১, ছোঁয়া ২, ইভা ৪৭, সুমাইয়া ৯৯, উন্নতি ৬১, নিশিতা ৯*, সাদিয়া ৭*; কুলসুমা ৯-০-৫৩-০, মেহেরুন ১০-১-৩৫-২, মুমতা হেনা ১০-০-৪৩-২, আফিয়া ১০-১-৩৭-১, লাখি ৭-০-৪৬-০, টুম্পা ৪-০-৩১-০)
কলাবাগান ক্রীড়া চক্র: ৪৩ ওভারে ১৫৩ (অচেনা ৫, জুয়াইরিয়া ৪, প্রাথ্যুশা ৭১, কুলসুমা ১৪, জিন্নাত ১৫, মাসুমা ০, টুম্পা ৫, আফিয়া ২৪, লাখি ০, মুমতা হেনা ১*, মেহেরুন ১; ছোঁয়া ১০-০-৩৭-৩, ফারজানা ৭-১-২৭-২, শ্রাবণী ২-০-১৪-০, সুবর্ণা ১০-০-৩৪-৪, নিশিতা ৮-২-১৩-১, সাদিয়া ৬-১-২৭-০)
ফল: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ৯৪ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: সুমাইয়া আক্তার
সাবিকুনের ৫ উইকেটে জয়ে শেষ আবাহনীর
সাবিকুন নাহারের দারুণ বোলিংয়ে গুলশান ইয়ুথ ক্লাবকে হারিয়ে লিগ শেষ করল আবাহনী লিমিটেড। বিকেএসপির ৪ নম্বর মাঠে তাদের জয় ৮ উইকেটে। ১৫৫ রানের লক্ষ্যে ৪৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় তারা।
৮.২ ওভারে এক মেডেনসহ ২৫ রান খরচায় ৫ উইকেট নেন সাবিকুন। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
গুলশানের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ শারমিন সুলতানা। এছাড়া ববিতা মিনা খেলেন ৪০ রানের ইনিংস।
রান তাড়ায় ইশমা তাজিমের ব্যাট থেকে আসে ৪৮ রানের অপরাজিত ইনিংস। তার সঙ্গে জুটি বেধে ভারতীয় শিভানি সিং ৩০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া শামিমা সুলতানা ৩১ ও শম্পা আক্তার করেন ৪০ রান।
সংক্ষিপ্ত স্কোর:
গুলশান ইয়ুথ ক্লাব: ৪৫.২ ওভারে ১৫৪ (নিপা ০, শারমিন ৭৭, লেকি ১৩, ববিতা ৪০, তাহিন ০, তানিয়া ৬, শিরিন ২, ঝুমুর ৭, রুকাইয়া ০*, ফুয়ারা ০; জাহানারা ৬-০-৩৮-১, সাবিকুন ৮.২-১-২৫-৫, ফাতেমা জাহান ৮-৩-১৩-০, হ্যাপি ৪-০-১৭-০, ইশমা ৩-০-১১-০, ফেরদৌসি ৪-০-২৩-০, সানদিহা ১০-৩-১৬-২, ফাতেমা আক্তার ২-০-৭-১)
আবাহনী লিমিটেড: ৪২.৫ ওভারে ১৫৮/২ (শামিমা ৩১, শম্পা ৪০, ইশমা ৪৮*, শিভানি ৩০*; লেকি ৬-০-১৫-০, ফুয়ারা ১০-২-৩২-০, ববিতা ৪-০-১০-০, শিরিন ৯-২-৩৭-১, রুকাইয়া ৬.৫-০-৩৩-১, ঝুমুর ৫-০-১৫-০, তাহিন ২-০-১১-০)
ফল: আবাহনী লিমিটেড ৮ উইকেটে জয়ী
প্লেয়ার অ দা ম্যাচ: সাবিকুন নাহার
ফতুল্লায় পানির নিচে মাঠ, খেলা পরিত্যক্ত
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মাঠেই নামতে পারেনি সিটি ক্লাব ও খেলাঘর সমাজকল্যাণ সংঘ। আগের দিন হওয়া বৃষ্টিতে পানির নিচে ডুবে গেছে আউটফিল্ড। তাই সকালেই পরিত্যক্ত করে দেওয়া হয় ম্যাচ।
৮ ম্যাচে ৪ জয় ও ২ পরিত্যক্ত ম্যাচ থেকে মোট ১০ পয়েন্ট পেয়ে চার নম্বরে থেকে লিগ শেষ করল খেলাঘর। একটি করে জয় ও পরিত্যক্ত ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়া সিটি ক্লাবের অবস্থান অষ্টম।
