Published : 24 Jun 2026, 07:23 PM
বৈভাব সুরিয়াভানশি এখন ভারতের জাতীয় দলের অংশ। সব ঠিকঠাক থাকলে এই শুক্রবার তার আন্তর্জাতিক অভিষেক হচ্ছে। সামনে যাবেন ইংল্যান্ড সফরেও। সেখানেই তার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। ইংল্যান্ডে খেলা চলাকালীন কিছু কিছু সময়ে আলাদা ড্রেসিং রুম ব্যবহার করতে ভারতের বিস্ময়-বালককে।
আইসিসি ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সুরক্ষামূলক প্রটোকলের অংশ হিসেবেই নিজস্ব ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সুরিয়াভানশিকে।
ব্রিটিশ দৈনিক দা গার্ডিয়ানের খবর, আইসিসি ও ইসিবির নীতি অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের জন্য প্রাপ্তবয়স্কদের চেঞ্জিং রুম ব্যবহারে নিষেধাজ্ঞা আছে। তাই সব ভেন্যুতে সুরিয়াভানশির জন্য নিজস্ব ফ্যাসিলিজের ব্যবস্থা রাখছে ইসিবি।
ভারতীয় বোর্ড আগেই জানিয়েছে, এই সফরে সুরিয়াভানশির সঙ্গী হবেন তারা বাবা-মাও।
ইংল্যান্ড সফরের আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়ার কথা সুরিয়াভানশির। আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু শুক্রবার। এ দিনই একাদশে থাকলে ১৫ বছর ৯১ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে তার। ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে যাবেন তিনিই।
১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট খেলে গত প্রায় ৩৭ বছর ধরে রেকর্ডটি সাচিন টেন্ডুলকারের। শুক্রবার যদি সুরিয়াভানশির অভিষেক নাও হয়, এই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের কোনো এক ম্যাচে খেলবেন তিনি নিশ্চিতভাবেই। রেকর্ড হয়ে যাবে তখনই।
তবে ১৬ বছরের আগ পর্যন্ত আইসিসি ও ইসিবির ইভেন্টে আলাদা ড্রেসিং রুম তাকে ব্যবহার করতেই হবে। যদিও ম্যাচের পুরো সময় আলাদা জায়গায় তাকে থাকতে হবে না। খেলার সময় ভারতীয় ড্রেসিংরুমে প্রবেশের অনুমতি পাবেন তিনি এবং টিম মিটিংয়েরও অংশ নিতে পারবেন। তবে প্রতিটি ম্যাচের আগে ও পরে এবং নানা সময়ে পোশাক পরিবর্তনের সময় নিজের ড্রেসিং রুম ব্যবহার করতে হবে তাকে।
ইংল্যান্ডের ক্রীড়াঙ্গনে এই ধরনের ব্যবস্থা খুবই সাধারণ রীতি। গত মৌসুমে আর্সেনালের ম্যাক্স ডাউম্যান যেমন, ডিসেম্বরে ১৬ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত সতীর্থদের থেকে আলাদা ড্রেসিংরুম ব্যবহার করেছেন।
সুরিয়াভানশির জন্য এই অভিজ্ঞতা হবে নতুন। কারণ ভারতে এমন কোনো নিয়ম প্রযোজ্য নয়। আইপিএলে গত দুই মৌসুমে অসাধারণ পারফর্ম করার পথে সতীর্থদের সঙ্গে একই ড্রেসিং রুম তিনি ব্যবহার করেছেন। ভারতের ‘এ’ দলে খেলার সময়ও আলাদা ব্যবস্থা ছিল না।
সুরিয়াভানশির সুরক্ষাজনিত প্রটোকল যথাযথভাবে কার্যকর করতে ভারতীয় বোর্ড ও পাঁচটি টি-টোয়েন্টি ভেন্যু কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে ইসিবি।
গার্ডিয়ানকে দেওয়া এক বিবৃতিতে ইসিবি নিশ্চিত করেছে, সুরিয়াভানশির ব্যাপারটি তারা গুরুত্ দিয়ে দেখছে।
“এটি একটি আইসিসি ইভেন্ট এবং তাদের এখতিয়ারভুক্ত হওয়ায় তাদের সুরক্ষা পদ্ধতি সক্রিয় রয়েছে। ইভেন্ট চলাকালীন কোনো সুরক্ষাজনিত উদ্বেগ দেখা দিলে (কিছু পরিস্থিতিতে) তা আইসিসি দ্বারা পরিচালিত হতে পারে। এর পাশাপাশি, ইসিবির ‘সেফ হ্যান্ডস’ নীতি সর্বদা প্রযোজ্য থাকবে।”
“যুক্তরাজ্যে থাকাকালীন এই ক্রিকেটারের নানা প্রয়োজন এবং চাওয়া নিয়ে আলোচনা করতে ক্রিকেট ভারতীয় দলের লিয়াজোঁ অফিসারের সঙ্গে যোগাযোগ রাখছে ইসিবি। প্রতিটি কাউন্টির সংশ্লিষ্ট ক্রিকেট ভেন্যুর সেফগার্ডিং অফিসারও ঘনিষ্ঠভাবে কাজ করছেন লিয়াজোঁ অফিসারের সঙ্গে, যাতে ভেন্যুর প্রোটোকল ও ব্যবস্থা (বিশেষ করে চেঞ্জিং রুমের পরিবেশ) বোঝা এবং মেনে চলা হয়। সেফগার্ডিং ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে এটি পরিচালিত হয়।”
আয়ারল্যান্ডে দুটি টি-টোয়েন্টি শেষে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী বুধবার চেস্টার-লি-স্ট্রিটে।