১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘রোনালদোর এয়ারপোর্ট, আমার বাস স্টপ হলেও চলবে’

পর্তুগালকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে তুলতে পারলেও, জনপ্রিয়তায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্যায়ে পৌঁছাতে পারবেন- এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মোইজেস হেনরিকেস।

‘রোনালদোর এয়ারপোর্ট, আমার বাস স্টপ হলেও চলবে’
পর্তুগালের জার্সিতে মোইজেস হেনরিকেস (বাঁয়ে) ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: ক্রিকেট পর্তুগাল ও রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 06:25 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

পর্তুগালে জনপ্রিয়তা ও মর্যাদায় ক্রিশ্চিয়ানো রোনালদোর ধারেকাছে যাওয়া যে প্রায় অসম্ভব, তা ভালো করেই জানেন মোইজেস হেনরিকেস। তবে ক্রিকেট দিয়ে দেশটির মানুষের মনে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছেন এই অলরাউন্ডার। তার নেতৃত্বে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে পর্তুগিজরা।

ফুটবলের মহাতারকা রোনালদোর জন্মস্থান মাদেইরায় তার নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। হেনরিকেসের জন্মও এই দ্বীপে। মজা করে ৩৯ বছর বয়সী ক্রিকেটার বলেছেন, নিজের নামে এখানে একটি বাস স্টপ হলেও খুশি হবেন তিনি।

মাদেইরা থেকে হেনরিকেসের পরিবার অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। পরে নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্সের হয়ে দীর্ঘ এক পেশাদার ক‍্যারিয়ার কাটান তিনি। অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণেই খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ হেনরিকেস, দেশটির প্রতিনিধিত্ব করেন চার টেস্ট, ১৬ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টিতে। 

অস্ট্রেলিয়ার জার্সিতে সবশেষ মাঠে নামেন হেনরিকেস পাঁচ বছর আগে। এতদিন দেশটির ঘরোয়া ক্রিকেটে খেলছিলেন তিনি। গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়ে খুঁজে নেন নতুন চ্যালেঞ্জ। কাঁধে তুলে নেন জন্মভূমির দল পর্তুগালের নেতৃত্ব।

পর্তুগালের জার্সিতে শুক্রবার অভিষেক হয় হেনরিকেসের। দেশটির খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে শুরুটা ভালোই হয়েছে তার। বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে ইসরায়েলকে ৯৪ রানে হারানোর পথে দলকে সামনে থেকে পথ দেখান তিনি। চারটি করে ছক্কা-চারে ৩৯ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন হেনরিকেস।

বিশ্বকাপের মূল পর্বে খেলতে এখনও অবশ্য অনেক পথ পাড়ি দিতে হবে পর্তুগালকে। শেষ পর্যন্ত দেশটিকে যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেন, তাহলে কি পর্তুগালে রোনালদোর মতো জনপ্রিয়তা পাবেন হেনরিকেসের? উইজডেনের ‘দা স্কুপ’-এ কথা বলার সময় সেই সম্ভাবনা উড়িয়ে দেন তিনি।

“আমি নিশ্চিত নই, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ছয়টি ফিফা বিশ্বকাপের সমান কি-না। আমি এ ব্যাপারেও নিশ্চিত নই যে, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মাদেইরায় আমার নামে কোনো বিমানবন্দর হবে কি-না। তবে আমার নামে যদি একটা বাস স্টপও হয়, তাতেই আমি খুশি।”

পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৩৭তম স্থানে আছে পর্তুগাল। ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’- এর ‘বি’ গ্রুপে ইসরায়েল ছাড়া জার্মানি, গ্রিস ও চেচিয়ার বিপক্ষে খেলবে তারা। ১৪ থেকে ২০ অগাস্টের মধ‍্যে হবে ম্যাচগুলো।

আগামী ২১ অগাস্ট ‘বি’ গ্রুপ চ‍্যাম্পিয়ন খেলবে ‘এ’ গ্রুপ চ‍্যাম্পিয়নদের বিপক্ষে। জয়ী দল স্কটল‍্যান্ড, জার্সি ও ডেনমার্কের সঙ্গে জায়গা করে নেবে ইউরোপের রিজিওনাল ফাইনালে। সেরা দুই দল খেলবে অস্ট্রেলিয়া ও নিউ জিল‍্যান্ডে অনুষ্ঠেয় ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্বে।