লঙ্কান ক্রিকেট
Published : 19 Jan 2026, 05:18 PM
আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলা থমকে গেছে অনেক আগেই। মালিন্দা পুস্পাকুমারা খেলা চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। সেখানে বল হাতে দারুণ ধারাবাহিক এই বাঁহাতি স্পিনার এবার গড়লেন অসাধারণ এক কীর্তি। স্পিন গ্রেট মুত্তাইয়া মুরালিধারান, রঙ্গনা হেরাথদের ক্লাবে নাম লেখালেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজার উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ৩৮ বছর বয়সী মালিন্দা। শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে এই কীর্তি গড়তে পেরেছেন আর কেবল তিনজন।
টেস্ট ইতিহাসের সফলতম বোলার মুরালিধারান তার প্রথম শ্রেণির ক্যারিয়ার শেষ করেছেন এক হাজার ৩৭৪ উইকেট নিয়ে। আরেক লঙ্কান স্পিন গ্রেট হেরাথ প্রথম শ্রেণিতে শিকার ধরেছেন এক হাজার ৮০টি। আরেক স্পিনার দিনুকা দিনুকা ঠিক এক হাজার উইকেট নিয়েছেন।
শ্রীলঙ্কার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা মেজর লিগ টুর্নামেন্টে রোববার হাজার উইকেটের মাইলফলকে পা রাখেন মালিন্দা। মুর্স স্পোর্টস ক্লাবের বিপক্ষে বাদুরেলিয়া স্পোর্টস ক্লাবের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পথে এই কীর্তি গড়েন তিনি।
নামের পাশে ৯৯৮টি প্রথম শ্রেণির উইকেট নিয়ে ম্যাচটি শুরু করেন মালিন্দা। এখন এই সংস্করণে তার উইকেট সংখ্যা এক হাজার ২টি, ১৭৩ ম্যাচে।
প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এক হাজার উইকেট নেওয়া ২১৮তম বোলার মালিন্দা।
প্রথম বিশ্বযুদ্ধের পর দীর্ঘ পরিসরের ক্রিকেটে হাজার উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট মালিন্দার। হাজারতম শিকার ধরার পর তার স্ট্রাইক রেট ছিল ৩৮.৩। আর সব মিলিয়ে তালিকায় মালিন্দার অবস্থান আপাতত ১১ নম্বরে।
মালিন্দার একটি রেকর্ড এখনও ভাঙতে পারেননি লঙ্কান কোনো বোলার। প্রথম শ্রেণির ক্রিকেটে শ্রীলঙ্কানদের মধ্যে ইনিংস সেরা বোলিং পারফরম্যান্স তার। ২০১৮-১৯ মৌসুমে ৩৭ রানে প্রতিপক্ষের ১০টি উইকেটই নিয়েছিলেন তিনি। ইনিংসে প্রতিপক্ষের সবকটি উইকেট নেওয়া দ্বিতীয় লঙ্কান তিনি। ১৯৯১-৯২ মৌসুমে ৪১ রানে ১০ শিকার ধরেছিলেন প্রামদ্যা উইক্রামাসিংহে।
২০১৭ সালে ভারতের বিপক্ষে কলম্বো টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মালিন্দার। পরের বছরই থেমে যায় তার সেই পথচলা। দেশের হয়ে সবশেষ ম্যাচটিও খেলেন তিনি সাদা পোশাকে, ২০১৮ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে।
শ্রীলঙ্কার হয়ে ৪টি টেস্ট খেলে ১৪ উইকেট মালিন্দার। ২০১৭ সালে দুটি ওয়ানডে খেলার সুযোগ পান তিনি, ধরতে পারেন এক শিকার।