উইলিয়ামসনের সরে দাঁড়ানোয় অন্যদের সুযোগ দেখছেন ল্যাথাম
উইলিয়ামসন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোয় অন্য সিনিয়র ক্রিকেটাররা আরও বেশি করে দায়িত্ব নেবেন, আশা টম ল্যাথামের।
নিউ জিল্যান্ডের ক্রিকেটে সময়টা এখন একটি পালাবদলের। নতুন সেই মোড়ে দাঁড়িয়ে যেমন কেন উইলিয়ামসনের অনুপস্থিতির হাহাকার আছে, তেমনি নতুন সম্ভাবনার হাতছানিও দেখছেন টম ল্যাথাম। অভিজ্ঞ এই ক্রিকেটারের মতে, সময় এখন নিউ জিল্যান্ডের অন্য ক্রিকেটারদের এগিয়ে আসার।
ক্রিকেট নিউ জিল্যান্ডের নতুন মৌসুমের চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাদা বলের দুই সংস্করণের অধিনায়ক উইলিয়ামসন। পরে চুক্তিতে না থাকার ঘোষণা দেন দুই ফাস্ট বোলার লকি ফার্গুসন ও অ্যাডাম মিল্ন। আরেক অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট তো চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন আগের মৌসুমেই।
বোল্ট চুক্তিতে না থাকলেও গত ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগের ফাঁকে জাতীয় দলে খেলছেন। উইলিয়ামসনও জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তার পূর্ণ নিবেদন থাকবে। তবে চুক্তিতে না থাকা ক্রিকেটারকে তো আর অধিনায়ক রাখা যায় না। রঙিন পোশাকে নতুন অধিনায়ক তাই খুঁজতে হবে নিউ জিল্যান্ড ক্রিকেটকে।
আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি নিবেদিত থাকার কথা বললেও আগামী জানুয়ারিতে জাতীয় দলের খেলা বাদ দিয়ে এসএ টোয়েন্টিতে খেলবেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের কয়েকটি ম্যাচে তাকে পাবে না নিউ জিল্যান্ড।
আগেও অবশ্য নানা সময়ে নানা কারণে উইলিয়ামসনসহ অনেক ক্রিকেটারকে নানা সিরিজে পায়নি নিউ জিল্যান্ড দল। আগামী মৌসুমের সূচি প্রকাশের আয়োজনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটিই তুলে ধরলেন ল্যাথাম।
“আমার মনে হয়, অনেক বছর ধরেই আমরা দেখছি যে, আইপিএল খেলা বা বিশ্রামের কারণে নানা সময়েই আমাদের সিনিয়র ক্রিকেটারদের পাইনি। আমার দৃষ্টিকোণ থেকে, সিনিয়র ক্রিকেটার হিসেবে এটা আমাদেরকে সুযোগ করে দিচ্ছে এগিয়ে আসার এবং নেতৃত্ব দেওয়ার। পাশাপাশি, অতীতে যারা সুযোগটা পাননি, তাদের জন্যও এখন সুযোগ নেতৃত্বস্থানীয় বিভিন্ন দায়িত্বে এগিয়ে আসার।”
“কেনের (উইলিয়ামসন) মতো একজনকে না পাওয়া কখনোই ভালো কিছু নয়। তবে এটা অন্যদের সুযোগ করে দিচ্ছে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলার।”
উইলিয়ামসনের উত্তরসূরী হওয়ার দৌড়ে যারা এগিয়ে, তাদের মধ্যে একজন ল্যাথাম নিজেই। গত সাত বছরে নানা সময়ে উইলিয়ামসনের অনুপস্থিতিতে ৪৪টি ওয়ানডেতে দেশকে নেতৃত্বের অভিজ্ঞতা হয়ে গেছে তার। এর ২৮টিতেই জিতেছে দল। অধিনায়ক হিসেবে তার ব্যাটিং গড় (৪৩.৮৩) বাকি ম্যাচের গড়ের (৩১.১২) তুলনায় অনেক ভালো।
এছাড়াও ৯ টেস্ট ও ১৩ টি-টোয়েন্টিতে নেতৃত্বের অভিজ্ঞতা তার আছে। ৩২ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান জানিয়ে রাখলেন, নিয়মিত অধিনায়কের দায়িত্ব পেলে তা লুফে নেবেন।
“এটা হবে সত্যিকারের সম্মানের। আমি সবসময়ই চেষ্টা করেছি, দলকে যতটা সম্ভব সবকিছুর ওপরে রাখতে এবং আমি নিশ্চিত, তারা (নিউ জিল্যান্ড ক্রিকেট) এই আলোচনা করবেন যে, দলের দিক থেকে কোনটি জরুরি। আমাকে যদি সেটা করার সুযোগ দেওয়া হয়, অবশ্যই এটা স্পেশাল কিছু হবে।”
সিদ্ধান্ত যারা নেবেন, তাদের একজন কোচ গ্যারি স্টেড। ল্যাথাম যে জোর বিবেচনায় থাকবেন, সেটি জানালেন তিনিও। নতুন অধিনায়ক নির্বাচনে গ্রহণে একটি মানদণ্ডের কথাও তিনি উল্লেখ করলেন, যেটি খাপ খাইয়ে যায় ল্যাথামের সঙ্গে।
“নিশ্চিত কিছু বলার পর্যায়ে আমরা এখনও নেই। কাজেই অনুমান করে কিছু বলতে চাই না। তবে টম (ল্যাথাম) অবশ্যই এই দায়িত্ব পাওয়ার আলোচনায় থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যাকেই দায়িত্ব দেওয়া হোক, আগামী দুই-তিন বছরের জন্য দিতে হবে, পরের বিশ্বকাপের দিকে তাকিয়ে। সিদ্ধান্ত নেওয়ার আলোচনায় এই ব্যাপারটি গুরুত্ব পাবে।”
