২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের টেস্ট দলে চমক ৩৩ বছর বয়সী সারানশ

প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখার সাড়ে ১১ বছর পর ভারতের টেস্ট দলে জায়গা করে নিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 11:27 AM

Updated : 11 Sep 2026, 03:44 PM

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক সেই ২০১৪ সালের ডিসেম্বরে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হয়ে উঠতেই সময় লেগেছে দীর্ঘ দিন। অনেক পথ পেরিয়ে সেই সারানশ জৈন এবার জায়গা করে নিলেন ভারতের টেস্ট দলে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের ভারতীয় দলে সুযোগ পেলেন ৩৩ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার।

আরেক অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দারের চোটই মূলত দুয়ার খুলে দিয়েছে সারানশের জন্য। লঙ্কানদের ব্যাটিং অর্ডারে বেশ কজন বাঁহাতি থাকায় অফ স্পিনিং অলরাউন্ডার চাইছিলেন নির্বাচকরা। স্কোয়াডের অন্য তিন স্পিনারই বাঁহাতি। সুন্দারের মতো সারানশও বাঁহাতি ব্যাটার, ডানহাতি স্পিনার। 

সম্প্রতি ভারতের ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট সিরিজ খেলেছেন সারানশ। সেখানে প্রথম ম্যাচে ভালো না করলেও পরের ম্যাচে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলার পাশাপাশি ছয় উইকেট শিকার করেন মধ্য প্রদেশের এই ক্রিকেটার।

টেনসি এলবোর চোট কাটিয়ে দলে ফিরেছেন রাভিন্দ্রা জাদেজা। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেকে সাত উইকেট শিকার করা মানাভ সুতার টিকে গেছেন দলে। তবে জাদেজা ফেরায় তার একাদশে থাকার সম্ভাবনা সামান্য।

জাসপ্রিত বুমরাহ ও সাই সুদার্শানকে স্কোয়াডে রাখা হয়েছে ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়া সাপেক্ষে। সম্প্রতি ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন সুদার্শান। তিনি শেষ পর্যন্ত খেলতে না পারলে তিন নম্বরে সুযোগ পাবেন দেবদুত পাডিক্কাল। 

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি গলে ১৫ অগাস্ট থেকে, পরেরটি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২৩ অগাস্ট থেকে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত আছে পাঁচে, শ্রীলঙ্কা ছয়ে। 

ভারতের টেস্ট স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, রিশাভ পান্ত, সাই সুদার্শান, ধ্রুব জুরেল, রাভিন্দ্রা জাদেজা, কুলদিপ ইয়াদাভ, মানাভ সুতার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মাদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদুত পাডিক্কাল, সারানশ জৈন।