২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের চোখে বিসিবির গত নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের পার্থক্য

নির্বাচনে কোনো প্যানেল গড়ার পরিকল্পনা নেই বলে জানালেন অ্যাডহক কমিটির প্রধান ও নির্বাচনের প্রার্থীদের একজন তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 08:20 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

যতটা সম্ভব স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে বিসিবি নির্বাচন আয়োজন করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন তামিম ইকবাল। বোর্ডের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ না রাখতেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন বর্তমান অ্যাডহক কমিটির প্রধান। গতবারের বিতর্কিত নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের কিছু পার্থক্যও নিজের জায়গা থেকে তুলে ধরলেন তিনি।

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে দুই দিনের মনোনয়ন দাখিলের প্রথম দিন ছিল বৃহস্পতিবার। তামিম নিজে মনোনয়নপত্র দাখিল করেছেন এ দিনই।

গত অক্টোবরে বিসিবি নির্বাচনেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তামিম। পরে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছিলেন অনিয়ম ও সরকারী হস্তক্ষেপের। ক্রিকেটে ফিক্সিংয়ের আগে নির্বাচনে ফিক্সিং বন্ধ করার আহবান জানিয়েছিলেন তিনি। ‘সরকারের নগ্ন হস্তক্ষেপ’ ও এই ধরনের নানা অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন আরও অনেকেই। তাদের বেশ কজন এবারের নির্বাচনের প্রার্থী।

ওই নির্বাচনে জিতে দায়িত্ব নিয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। তবে নির্বাচনে অনিয়ম ও কারসাজির দায়েই জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দেড় মাস আগে সেই বোর্ড ভেঙে দেওয়া হয়। তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি গঠন করা হয়।

তামিম বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, নির্বাচনি প্রক্রিয়ায় কোনো সম্পৃক্ততা নেই তার। গত নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের পার্থক্যও জানালেন তিনি।

“আমি ওই জায়গা (নির্বাচনী প্রক্রিয়া) থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়ে এসেছি। এখন এই জিনিসটা পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর। (গতবারের চেয়ে) পার্থক্য এটা বলতে পারি যে, আমি কোনো চিঠি স্বাক্ষর করছি না। আমি কোনো কাউন্সিলরশিপ ফিরিয়ে দিচ্ছি না।”

“শুরুতে ১৯২ কাউন্সিলর হওয়ার কথা ছিল। পরে সম্ভবত ১৮৫-১৮৬ জন (১৮৪) জমা করেছে। তারপরও কিছু কাউন্সিলর চিঠি এসেছে। ওগুলো আলাদা করে রেখা দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে ওগুলো নিয়ে। এটাতে ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক বা প্রেসিডেন্ট কিংবা প্রধান নির্বাহী, তাদের কোনো সম্পৃক্ততা থাকবে না।”

‘চিঠি স্বাক্ষর’ ও ‘কাউন্সিলরশিপ ফেরত’ দেওয়া নিয়ে তামিম তুলে ধরলেন মূলত গত নির্বাচনকে ঘিরে মূল অভিযোগের কথা। জেলা-বিভাগের কোটা থেকে শুরুতে মনোনীত কাউন্সিলদের তালিকা থেকে ৬০টির আশেপাষে নাম পরিবর্তন করতে বাধ্য করা হয়েছিল সেবার। এছাড়াও ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকেই কাউন্সিলর মনোনয়ন বাধ্যতামূলক করা হয়েছিল বিতর্কিতভাবে।

এবার তেমন কিছুই করা হচ্ছে বলে দাবি করলেন তামিম। বোর্ডের পক্ষ থেকে কড়া নির্দেশনার কথাও বললেন তিনি। 

“যেহেতু আমরা (গত) নির্বাচন নিয়ে এত কথা বলেছি, আমার সময়ে আমি যতটুক পারি, যতটা স্বচ্ছতা রেখে নির্বাচন করা সম্ভব, তা করছি। আমি অংশগ্রহণ করছি, আমার ফর্ম জমা দিয়েছি। আমি অংশ নিচ্ছি ক্লাব থেকে। ক্লাব নিয়েই মূলত আমার ফোকাসটা থাকছে। জেলা-বিভাগে আপনারা জানেন যে, ওখানো মনোনয়ন দেয় ডিসিরা (জেলা প্রশাসক)। এখানে ক্রিকেট বোর্ড বা অন্য কারও কোনো অবদান থাকে না, যদি না আপনি নতুন করে চিঠি সাইন করে পাঠান নতুন কাউন্সিলর দিতে, যেটা গতবার হয়েছে।”

“আশা করি ওই কাজগুলা হচ্ছে না। আপনারা সাংবাদিক, আপনারাও একটু খোঁজখবর নিলে পাবেন যে, আমিসহ ক্রিকেট বোর্ড থেকে কোনো জায়গা থেকে কোনো তদবির বা কোনো ধরনের কোনো অনুরোধ যে, অমুককে লাগবে বা তমুককে লাগবে, আমার মনে হয় না আপনারা এটা খুঁজে পাবেন। কেউ বলতে পারবে। এসব জায়গা থেকে আমি আমার দলকে কঠোর নির্দেশনা দিয়েছি যে, এসব কোনো কিছুতে আমরা জড়াব না।”

নির্বাচনে তিনি কোনো প্যানেল গড়ার পরিকল্পনা করেননি বলেও দাবি করলেন তামিম। তবে ক্লাব কোটার প্রার্থীদের নিয়ে বিশেষ আয়োজনের ভাবনা জানালেন ওল্ড ডিওএইএস ক্লাব থেকে কাউন্সিলর হওয়া এই সাবেক অধিনায়ক। 

“জ্বী না, … এখনও পর্যন্ত আমার এরকম কোনো কোনো পরিকল্পনা নেই (প্যানেল গড়ার)। আশা করি একটা উন্মুক্ত নির্বাচন হবে। সবাই অংশ নেবে, সবাই সবার মতো করে ভোট চাইবে।”

“তবে আমি একটা জিনিস করার চেষ্টা করব। আজকের দিনের পর তো বোঝা যাবে, কতজন অংশ নিচ্ছে। সবার সঙ্গে যোগাযোগ করে যদি আমরা একটা অনুষ্ঠান করতে পারি, যেখানে ৭৬টা ক্লাবকে ডাকা হবে, সেখানে সবাই সবার মতো করে ভোট চাইবে। তাহলে নির্বাচনের একটা সুন্দর ভাইব আসবে। এটা আমি অবশ্যই তাদেরকে প্রস্তাব দেব, যদি বাকি সবাই রাজি থাকেন, তাহলে এটা সুন্দর দেখাবে যে, সবাই সবার মতো করে একটা বক্তব্য দিল বা সবার কাছে ভোট চাইল।”

তামিমের আশা, অনেক প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন জমজমাট হবে। 

“নির্বাচনকে আমরা নির্বাচনের মতোই দেখব, যতটুকু স্বচ্ছ হতে পারে, ততটুকু হবে। আশা করব, অংশগ্রহণ যেন বেশি হয়। ক্রিকেটপ্রেমী, ক্রিকেট সংগঠক, ব্যবসায়ী, যারা বাংলাদেশ ক্রিকেটের ভালো চান এরকম যে কেউ অবশ্যই অংশ নেবেন। একটা ভালো নির্বাচন হোক, এটাই আশা করতে পারি।”

তামিম নিজে কীভাবে ভোটারদের মন জয় করতে চাইবেও, জানিয়ে রাখলেন সেটিও।

“ভোটারদের কনভিন্স কিভাবে করতে হবে? আমার ভিশন তাদের সঙ্গে শেয়ার করতে হবে। এই কিছু দিনে কিছুটা হলেও আশা করি তারাও বুঝছেন যে, আমি কোন লাইনে কাজ করতে চাই বা না চাই। তাদের একটু হলেও আইডিয়া থাকবে।”

“এটা আমার একটা অ্যাডভান্টেজ, অস্বীকার করব না। তবে এই অ্যাডভান্টেজ কোনো সময় কাজে আসবে না তখনই, যখন এটা ভোটিংয়ে এসে যায়। আমাকে ঠিক ওভাবেই উনাদের সঙ্গে মিশতে হবে, মিশে উনাদেরকে বোঝাতে হবে যে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা ভাবনা কী, পরিকল্পনা কী কী আছে।”

বৃহস্পতি ও শুক্রবার মনোনয়ন দাখিলের পর মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে আগামী শনিবার। আপিল গ্রহণ ও শুনানির জন্য নির্ধারিত আছে পরের দিনটি। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ওই দিন দুপুর ২টায়।

নির্বাচন হবে আগামী ৭ জুন।