২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাভুমা বিহীন দক্ষিণ আফ্রিকা একাদশে দুই পরিবর্তন

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2025, 02:48 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

নেতৃত্বের শেষ ম্যাচে টস করতে এলেন জস বাটলার। নির্ধারিত স্থানে তার সঙ্গে এসে দাঁড়ালেন এইডেন মার্করাম। পরে জানালেন, অসুস্থতায় ভুগছেন দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে একাদশে আরেকটি পরিবর্তন নিয়ে লড়াইয়ে নামছে দক্ষিণ আফ্রিকা।

করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে টস জিতেছেন জস বাটলার। নেতৃত্বের শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক।

ইংলিশদের একাদশে বদল আছে একটি। আফগানিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া ম্যাচে চোট পেয়েছেন গতিময় পেসার মার্ক উড। তার জায়গায় প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলছেন সাকিব মাহমুদ।

ইংল্যান্ডের বিপক্ষে ওপেনার টোনি ডি জোর্জিকেও পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তিনিও অসুস্থ। বাভুমা ও ডি জোর্জির জায়গায় একাদশে ফিরেছেন ট্রিস্টান স্টাবস ও হাইনরিখ ক্লসেন। দুইজনই চলতি আসরে প্রথমবারের মতো খেলছেন।

চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি ক্লসেন। অস্ট্রেলিয়া ম্যাচে তার খেলার সম্ভাবনা ছিল। কিন্তু বৃষ্টিতে ভেসে যায় ম্যাচটি।

অস্ট্রেলিয়া-আফগানিস্তানের শুক্রবারের ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে যায়। তাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আফগানিস্তান ও তাদের পয়েন্ট সমান ৩।

যদিও নেট রান রেটে আফগানদের (-০.৯৯০) চেয়ে অনেক এগিয়ে প্রোটিয়ারা (২.১৪০)। তাই ইংল্যান্ডের বিপক্ষে হারলেও তাদের সুযোগ থাকবে সেমি-ফাইনালে খেলার। তবে সেই হার হতে হবে ২০৭ রানের কম ব্যবধানের।

ওয়ানডেতে মুখোমুখি দেখায় ইংল্যান্ডের চেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ৩৪ ম্যাচ জিতেছে তারা, ইংলিশদের জয় ৩০টিতে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাক্ষাতে দুই দলের জয় সমান দুটি করে।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (কিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টন, জেমি ওভারটন, জফ্রা আর্চার, আদিল রাশিদ, সাকিব মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লসেন (কিপার), ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।