ব্যাটিং ব্যর্থতায় যুবাদের পরাজয়
আগের দেখায় রোমাঞ্চকর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারালেও এবার তেমন লড়াই করতেই পারল না বাংলাদেশ।
দুই অঙ্ক ছুঁতে পারলেন কেবল তিন জন। পঞ্চাশ ছোঁয়া ইনিংস স্রেফ একটি। জুটির পঞ্চাশও একটি। এমন হতাশাময় ব্যাটিংয়ে আর কতদূর যাওয়া যায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও পারল না বড় সংগ্রহ গড়তে। পৌনে দুইশ রানের লক্ষ্যে অনায়াস জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।
ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে বৃহস্পতিবার ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের ১৭৫ রান ৭৯ বল বাকি থাকতে পেরিয়ে গেছে তারা।
সিরিজে দুই দলের আগের ম্যাচটি অবশ্য ছিল রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা। ১২৯ রানের লক্ষ্যে ১ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
হারারেতে এদিন টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন আজিজুল হাকিম। তার ৮১ বলের ইনিংস গড়া ২ ছক্কা ও ৫টি চারে। সঙ্গীর অভাবে ফিফটি করতে পারেননি কালাম সিদ্দিকি। ১ ছক্কা ও ৩ চারে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৭ চারে সর্বোচ্চ ৫৭ রান করেন আরমান ম্যানাক। ১ ছক্কা ও ৪টি চারে ৪১ রান করে জেসন রোলেসও রাখেন অবদান। ম্যাচের প্রথমভাগে তিনি বল হাতেও ছড়ান আলো, ৩৫ রান খরচায় নেন সর্বোচ্চ ৩ উইকেট।
ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। ৬ ওভারের মধ্যে দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগকে হারিয়ে ফেলে তারা। অধিনায়ক আজিজুলের সঙ্গে রিজান হোসেনের ৫৭ রানের জুটিতে সেই ধাক্কা কিছুটা সামাল দেয় দল।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। আজিজুলের বিদায়ের পর এক প্রান্ত ধরে রেখে দলকে টানেন কালাম। কিন্তু ৭৬ রানে শেষ ৭ উইকেট হারিয়ে দুইশর আগে গুটিয়ে যায় তারা।
বোলিংয়ে দলকে দ্রুত সাফল্য এনে দেন আল ফাহাদ। পঞ্চম ওভারেই বিধ্বংসী ইয়োরিখ ফন স্কালভিককে ফেরান তিনি। এরপর মোহাম্মেদ বুলবুলিয়া ও ম্যানাকের ৫৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা।
৬ চারে ৩৯ রান করে ফেরেন বুলবুলিয়া। পরে ম্যানাকের সঙ্গে রোলেসের ৭২ রানের যুগলবন্দি গড়ে দেয় দলটির জয়ের ভিত।
ম্যানাক ফেরার কয়েক ওভার পর বিদায় দেন রোলেসও। তাতে অবশ্য জিততে বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকার। প্রিটোরিয়াসের ব্যাটে সহজেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় তারা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৪.৫ ওভারে ১৭৫ (জাওয়াদ ৭, রিফাত ৯, আজিজুল ৫৯, রিজান ১৭, আবদুল্লাহ ৮, কালাম ৪৯*, সামিউন ৬, দেবাশিস ০, ফাহাদ ১, স্বাধীন ৪, ইকবাল ৪; সনি ৯-০-৪১-২, মাজোলা ৮-১-৩১-২, মাবাথা ৮-১-২২-১, বয়েস ৬.৫-০-৩৬-১, রোলেস ১০-১-৩৫-৩, জেমস ৩-০-৬-১)
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল: ৩৬.৫ ওভারে ১৭৬/৫ (ফন স্কালভিক ৬, বুলবুলিয়া ৩৯, ম্যানাক ৫৭, রোলেস ৪১, প্রিটোরিয়াস ২১*, মাবাথা ২, ফিরি ৩*; ফাহাদ ৯-২-২৯-৩, ইকবাল ৯.৫-১-৪৩-১, সামিউন ৪-০-২১-০, রিজান ২-০-১০-০, দেবাশিস ২-০-১৮-১, আজিজুল ৫-০-২৭-০, স্বাধীন ৫-০-২৬-০)
ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী
