২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরের টেস্টে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর আশা মিরাজের

ওয়েস্ট ইন্ডিজের একটি বড় জুটি ও নিজেদের বাজে ব্যাটিংয়ের কারণে অ্যান্টিগা টেস্টে হেরে গেছে বাংলাদেশ, বললেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2024, 10:08 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

প্রথম ইনিংসে এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজকে বেশ ভালোভাবেই চেপে ধরেছিল বাংলাদেশ। সেই চাপের মধ্যে দারুণ এক জুটি গড়ে দলকে চারশ পার করান জাস্টিন গ্রেভস ও কিমার রোচ। সেখানেই ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। পরে পরাজয় আরও ত্বরান্বিত হয়েছে ব্যাটিং ব্যর্থতায়। তবে পরের টেস্টে সব ভুল শুধরে দেবেন তারা, আশা বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের। 

গ্রেভস ও রোচের ওই জুটি ছিল টেস্টের দ্বিতীয় দিনের। সকালে হাসান মাহমুদ দারুণ বোলিংয়ে দ্রুত দুটি উইকেট আদায় করে নেন। ওয়েস্ট ইন্ডিজকে তখন তিনশর নিচে গুটিয়ে দেওয়ার আশায় বাংলাদেশ। কিন্তু দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ১৪০ রানের দারুণ জুটি গড়েন গ্রেভস ও রোচ। ৭ উইকেটে ২৬১ রানে থাকা দল পেরিয়ে যায় চারশ।

গ্রেভসের অপরাজিত ১১৫ রানের ইনিংসে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ক্যারিবিয়ানরা। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ধরে রাখে বিপর্যয়ের সাম্প্রতিক ধারা। প্রথম ইনিংস ঘোষণা করে তারা ৯ উইকেটে ২৬৯ রানে। দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৩২ রানে। প্রথম ইনিংসে ১৮১ রানের লিড পাওয়া ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ২০১ রানের জয়ে এগিয়ে যায় সিরিজে।

ম্যাচের পর মিরাজ বললেন, ওয়েস্ট ইন্ডিজের ওই জুটি আর নিজেদের ব্যাটিং ব্যর্থতাই তাদের পিছিয়ে দিয়েছে। 

“আমার মনে হয়, আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ৬ উইকেট নিয়েছে। তবে সাত উইকেট পড়ার পর ওরা ভালো একটি জুটি গড়ে, ১৪০ রানের জুটি। আমার মনে হয়, ম্যাচ ওখানেই বেরিয়ে গেছে।”

“সত্যি বলতে, এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। কিছু ভুল আমরা করেছি। এরকম হতে পারে ক্রিকেটে।”

এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজে টানা তৃতীয় সিরিজে প্রথম টেস্টে অ্যান্টিগায় হেরে গেল বাংলাদেশ। এবার অবশ্য একটু পার্থক্যও আছে। আগের দুবার এই মাঠে উইকেট ছিল পেস সহায়ক। ২০১৮ সালের সফরে প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ, ২০২২ সালে প্রথম ইনিংস শেষ হয়েছিল ১০৩ রানে। এবার উইকেট ততটা বিপজ্জনক ছিল না। বরং একটু মন্থরও ছিল। এবার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের পরীক্ষাতেও পড়তে হয়নি। তার পরও ভাগ্য বদলাতে পারেনি তারা। শেষের ফলাফল যথারীতি আগের মতোই।

এই ম্যাচে ক্যারিবিয়ান পেসের সামনে যতটা নড়বড়ে ছিল বাংলাদেশ, পরের টেস্ট নিয়েও আশার জায়গা কম। তবে অধিনায়কের বিশ্বাস, তার দল পারবে ঘুরে দাঁড়াতে। 

“এই ম্যাচে আমাদের ঘাটতির কিছু জায়গা ছিল। কোনো ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি আমরা। কথা বলতে হবে যে, কীভাবে ভালো করতে পারি আমরা।”

“আশা করি আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব। পরের ম্যাচে আমাদের ভালো সুযোগ থাকবে। ছেলেরা জানে, এই ম্যাচে কোথায় ভুল করেছে তারা। আমাদেরকে তাই অনেক উন্নতি করতে হবে। পরের ম্যাচে ভালো করা নিয়েই ভাবছি আমরা। এসব নিয়ে কথা বলব আমরা।”

শনিবার জ্যামাইকায় শুরু বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই।