মুস্তাফিজের আইপিএলে দল পাওয়া নিয়ে কিছু জানে না বিসিবি
দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিলেও তার আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে যথেষ্টই।
মুস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার খবর বিস্ময় হয়ে এসেছে খোদ বিসিবির কাছেই। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের বাংলাদেশ দলে থাকা পেসারের আইপিএলে খেলা নিয়ে কিছু জানা নেই বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থার।
স্থগিত হওয়া আইপিএল পরিবর্তিত সূচিতে আবার শুরুর আগে জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে নেওয়া হয়েছে বলে বুধবার বিকেলে সামাজিক মাধ্যমে জানায় দিল্লি ক্যাপিটাল। ভারতের ফ্র্যাঞ্চাইজি আসরের অফিসিয়াল ওয়েবসাইটেও জানানো হয় এই খবর।
তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি যা বললেন, তাতে মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে প্রবলভাবেই।
"মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত সে বাংলাদেশ দলেই আছে। সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে দলের সঙ্গে।"
সব ঠিকঠাক থাকলে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বেন মুস্তাফিজ।
আইপিএলে তার দল পাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে দিল্লি ক্যাপিটালস বা আইপিএল কর্তৃপক্ষের থেকে কোনো বার্তাই পায়নি বিসিবি। এমনকি বুধবার সন্ধ্যা পর্যন্ত অনাপত্তিপত্র চেয়ে বোর্ডে কোনো আবেদনও করেননি মুস্তাফিজ। সামাজিক মাধ্যমে মুস্তাফিজকে নেওয়ার খবর দেখে কিছুটা অবাকই হন বিসিবি কর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তার কথায় ফুটে উঠল তা।
“আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখেছি দিল্লির ঘোষণা। তবে বিসিসিআইয়ের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো রিকুয়েস্ট পাইনি। সাধারণত এসব টুর্নামেন্টে সংশ্লিষ্ট বোর্ড থেকে নির্দিষ্ট ক্রিকেটারের জন্য অনুরোধ আসে। এরপর আমরা সিদ্ধান্ত নিই।”
“শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট বা আইপিএলের ওয়েবসাইটের নোটিশের ওপর ভিত্তি করে কিছু বলতে পারছি না। আমরা যত দূর জানি, সন্ধ্যার ফ্লাইটে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাবে মুস্তাফিজ।”
অনাপত্তিপত্রের জন্য পরে আবেদন করলেও মুস্তাফিজ আদৌ আইপিএল খেলার অনুমতি পাবেন কিনা, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কারণ সংযুক্ত আরব আমিরাতের পর আবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে নমনীয় পথে হাঁটছে বিসিবি। তবে যে কোনো টুর্নামেন্টের চেয়ে জাতীয় দলের খেলায়ই প্রাধান্য দেওয়ার কথা নানা সময়ে বলেছে তারা।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত আইপিএলের খেলা নতুন সূচিতে শুরু হবে আগামী শনিবার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে একই দিন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। একই মাঠে পরের ম্যাচ সোমবার।
ওই সিরিজ শেষে পাঁচ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ৩ জুন। সেদিনই হবে আইপিএলের ফাইনাল।
আইপিএলের মতোই ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিছিয়ে গেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলাও। ফলে বদলে যেতে পারে বাংলাদেশের সিরিজের সূচি। দুই দিন পিছিয়ে শুরু হতে পারে খেলা।
সেক্ষেত্রে সিরিজ শেষ করে আইপিএল খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজ। এই পরিস্থিতিতে জাতীয় দলের সিরিজ বাদ দিয়ে অভিজ্ঞ পেসারকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য ছাড়পত্র দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে।
